ফেব্রুয়ারি মাসে ক্যান্সার নিয়ে দুটি গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়েছে; ৪ তারিখ বিশ্ব ক্যান্সার দিবস এবং ১৫ তারিখ বিশ্ব শিশু ক্যান্সার দিবস। দিবস দুটি উপলক্ষে ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও সচেতনতা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সময়ই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ। আর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাবের অন্যতম ক্যান্সার ঝুঁকি বৃদ্ধি।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ক্যান্সার বিজ্ঞানী, লেখক, গবেষক এবং টাফটস বিশ্ববিদ্যালয় থেকে সেল, মলিকিউলার অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজিতে পিএইচডি নাফিস হাসান তাঁর ‘মেটাস্টেসিস: দ্য রাইজ অব দ্য ক্যান্সার-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অ্যান্ড দ্য হরাইজনস অব কেয়ার’ গ্রন্থে ক্যান্সারকে জৈবিক ঘটনা হিসেবে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়ে স্বাস্থ্য খাতে পুঁজিবাদের বিকল্প দৃষ্টিভঙ্গি সামনে এনেছেন।

‘ন্যাশনাল ক্যান্সার অ্যাক্ট’ দিয়ে ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে ‘ওয়ার অন ক্যান্সার’ ঘোষণা করা হয়েছিল। বিপুল বিনিয়োগ, প্রযুক্তিগত অগ্রগতি এবং জিনোম গবেষণার মাধ্যমে ধারণা করা হয়েছিল, ক্যান্সারকে দ্রুত পরাজিত করা সম্ভব হবে। কিন্তু ৫০ বছর পেরিয়েও বাস্তবতা ভিন্ন। ক্যান্সার এখনও বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট।

নাফিস হাসানের মতে, সমস্যাটি শুধু চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতা নয়, বরং ক্যান্সারকে কেন্দ্র করে তৈরি হওয়া শিল্প ব্যবস্থার ‘ক্যান্সার-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’। বেসরকারি করপোরেশন, বিশ্ববিদ্যালয়, ফাউন্ডেশন এবং সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে এই কাঠামো গড়ে তুলেছে; যেমন যুক্তরাষ্ট্রের ‘মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’। যুদ্ধ অর্থনীতি যেমন অস্ত্র নির্মাতাদের লাভবান করে, তেমনি ক্যান্সার অর্থনীতি ওষুধ কোম্পানি, বীমা শিল্প, গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালকে শক্তিশালী করে।

এই নেটওয়ার্ক এমন একটি বাজার তৈরি করেছে, যেখানে রোগীরা শারীরিক ও আর্থসামাজিক দুর্বলতার কারণে কাঠামোগতভাবে অসুবিধাজনক অবস্থানে থাকে। এমনকি তখন মানুষের কল্যাণে নিয়োজিত গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির আড়ালে শোষণও চলতে থাকে।

গ্রন্থটির শিরোনাম ‘মেটাস্টেসিস’ নিজেই গুরুত্বপূর্ণ রূপক। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মেটাস্টেসিস হলো শরীরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়া। নাফিস হাসানের মতে, ক্যান্সার ঘিরে গড়ে ওঠা অর্থনীতি, গবেষণা কাঠামো এবং মুনাফাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থাও সমাজের এক স্থান থেকে আরেক স্থানে একইভাবে ছড়িয়ে পড়েছে। তিনি দেখিয়েছেন, আমেরিকাসহ উন্নত বিশ্বে ক্যান্সার গবেষণার বড় অংশই জনগণের অর্থে পরিচালিত হয়। কিন্তু নতুন ওষুধ বাজারে এলে মুনাফা চলে যায় কোম্পানির হাতে। অনেক ক্ষেত্রে নতুন প্রজন্মের ওষুধ রোগীর জীবন কয়েক মাস বা বছর বাড়াতে পারলেও ক্যান্সার পুরোপুরি নির্মূল করে না। কিন্তু এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তি ও পরিবারের সম্পদ চলে যায় করপোরেট প্রতিষ্ঠানের হাতে। এই বৈপরীত্য টিকিয়ে রাখাই ‘ক্যান্সার-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’।

ক্যান্সারের কারণ নিয়ে প্রচলিত ধারণার সমালোচনা গ্রন্থটির একটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে ক্যান্সারকে প্রধানত ‘জেনেটিক মিউটেশন’-এর ফল হিসেবে দেখা হয়। লেখকের মতে, এই ব্যাখ্যা আংশিক সত্য হলেও রাজনৈতিকভাবে সুবিধাজনক। কারণ এতে দায় ব্যক্তির শরীরের; পরিবেশ দূষণ, বিপজ্জনক কর্মপরিবেশ, কীটনাশক, শিল্পবর্জ্য প্রভৃতি আড়ালে থেকে যায়।

নাফিস হাসান ক্যান্সার ও যুদ্ধের সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রথম বিশ্বযুদ্ধ থেকে পরবর্তী প্রায় সব বড় সশস্ত্র সংঘাতই সামরিক-বেসামরিক মানুষের মধ্যে উল্লেখযোগ্য ‘ক্যান্সার ক্লাস্টার’ সৃষ্টি করেছে। জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণস্থলের কাছাকাছি থাকা মানুষের মধ্যে লিউকেমিয়ার হার ৬৬০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। একই জনগোষ্ঠীর মধ্যে এখনও ক্যান্সারের ঝুঁকি বেশি। গবেষণায় দেখা গেছে, বয়ঃসন্ধিকালে পারমাণবিক বিকিরণের সংস্পর্শে আসা নারীদের মধ্যে জরায়ু ও স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। মার্শাল দ্বীপপুঞ্জের অধিবাসীদের ক্যান্সার রোগের প্রায় ৫৫ শতাংশই সেখানে ১৯৪৬-১৯৫৮ সালের পারমাণবিক অস্ত্র পরীক্ষার তেজস্ক্রিয় বিকিরণ থেকে সৃষ্ট। এই আলোকে ইরানে সাম্প্রতিক হামলাও নতুন করে ভাবতে বাধ্য করে। প্রশ্ন হচ্ছে, যেখানে যুদ্ধ নেই, সেখানে কি ক্যান্সারের ঝুঁকি নেই? যেমন বাংলাদেশে শিল্পাঞ্চলের দূষণ, নদীতে বর্জ্য, নগরের বায়ুদূষণ, কৃষিতে নির্বিচার রাসায়নিকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য প্রভাব নিয়ে গবেষণা এখনও সীমিত। শিশু ক্যান্সার নিয়েও নির্ভরযোগ্য জাতীয় ডেটা নেই।

ক্যান্সার চিকিৎসার ব্যয়, কর্মক্ষমতা হারানো এবং শহরে থাকার খরচ মিলিয়ে ক্যান্সার চিকিৎসা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অনেক পরিবারকে অর্থনৈতিকভাবে ভেঙে দেয়। ফলে ক্যান্সার শুধু জৈবিক রোগ নয়; দারিদ্র্যের পুনরুৎপাদনের প্রক্রিয়াও হয়ে ওঠে।

নাফিস হাসানের মতে, ক্যান্সার মোকাবিলায় শুধু চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন যথেষ্ট নয়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নিরাপদ কর্মপরিবেশ, শক্তিশালী জনস্বাস্থ্যনীতি এবং সামাজিক সচেতনতার বিষয়গুলোও বিবেচ্য। তাঁর মতে, ‘যদি আমাদের দীর্ঘতম কোনো যুদ্ধ লড়তেই হয়, তবে সেটি হওয়া উচিত পুঁজিবাদের বিরুদ্ধে; এর বিস্তার আমাদের সমাজে মেটাস্টেসিসের মতো ছড়িয়ে পড়েছে।’ তরুণ ক্যান্সার বিজ্ঞানী নাফিস হাসানের ‘মেটাস্টেসিস’ বইটি একটি মৌলিক ধারণা সামনে এনেছে, যার সঙ্গে সবাই একমত হবেন না। কিন্তু বইটি ক্যান্সারকে হাসপাতালের চার দেয়াল থেকে বের করে রাজনীতি, অর্থনীতি ও নীতির আলোচনায় নিয়ে এসেছে। তিনি বলেছেন, ক্যান্সার রোগীদের প্রতি সহানুভূতি প্রয়োজন। তার চেয়েও বেশি প্রয়োজন নীতিগত সততা। বিশ্ব ও মানুষের কল্যাণে তিনি ক্যান্সার তৈরিকারী যুদ্ধ, দূষণ, মুনাফাভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা এবং নীতিগত ব্যর্থতার মতো কাঠামোগত বিষয়কে আলোচনার কেন্দ্রে আনায় জোর দিয়েছেন।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন