বর্তমান বিশ্বের প্রধান সমস্যা বৈশ্বিক উষ্ণায়নসহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অগণিত মানুষের বাস্তুচ্যুতি ইত্যাদি। সে অবস্থায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় এখন পর্যন্ত সাশ্রয়ী ও সর্বোত্তম উপায় হলো দেশের বনাঞ্চল সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং আরও বনায়ন। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষসহ জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে। বাস্তবে বাংলাদেশে যা ঘটছে, তা সম্পূর্ণ বিপরীত। দেশে চাহিদা ও প্রয়োজনের তুলনায় বনাঞ্চল এমনিতেই কম, তদুপরি যেটুকু আছে তাও ক্রমাগত দখল ও উজাড় হয়ে যাচ্ছে মানুষের প্রবল অত্যাচারে। দেশে কয়েক বছর আগেই আড়াই লাখ একর বন দখল হয়ে গেছে এবং ২০১৫ সালের তুলনায় বনায়ন কমেছে ১ লাখ একর।
রীতিমতো উদ্বেগজনক ও ভয়াবহ এসব তথ্য উপস্থাপিত হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয় শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে, যা উঠে এসেছে কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত এক সেমিনারে। \r\nপ্রতিদিন নানা অজুহাতে উজাড় করা হচ্ছে দেশের বনাঞ্চল। প্রভাবশালী ব্যক্তি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও ধ্বংস হচ্ছে বন। যার বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের ওপর। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ৮ থেকে ৯ শতাংশ। বন ও পরিবেশ গবেষকদের মতে, খাতাকলমে এ হিসাব দেখানো হলেও বাস্তবে তাও নেই। এ অবস্থায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা রীতিমতো উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। দেশের প্রায় প্রতিটি সংরক্ষিত বনাঞ্চলের ওপর চলছে দখলবাজদের অবাধ দৌরাত্ম্য।
বনভূমি সংরক্ষণে বন বিভাগের কর্মকর্তাদের অবহেলা-অবজ্ঞার যেন শেষ নেই। বনসম্পদ রক্ষায় নিয়োজিত অর্থলিপ্সু কর্মকর্তা-কর্মচারীরাই প্রধানত বনের শত্রু। তারা হীনস্বার্থে ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে বনাঞ্চল। তাদের যোগসাজশে চোরাই কাঠ ব্যবসায়ী, বনখেকো ও বনদস্যুদের বেপরোয়া দখলবাজির শিকার হয়ে ধ্বংস হচ্ছে সমতল ও পাহাড়ি বনাঞ্চল। গাছ কাটাসহ সুন্দরবনে বারবার আগুন দেওয়ার ঘটনাও ঘটছে তাদের মদতেই। কিছু সৎ কর্মকর্তা-কর্মচারী এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সহায়তা না করলে কিংবা প্রতিবাদ করলে তাদের কেউ কেউ খুনও হচ্ছেন। এমন সব অভিযোগে বন উজাড়ে জড়িত শতাধিক কর্মকর্তাকে এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে। \r\nপ্রতিটি বনভূমি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের আধার। বনাঞ্চলের সঙ্গে জীববৈচিত্র্য ওতপ্রোতভাবে জড়িত। বন সংরক্ষণ ও পুনরুদ্ধার করা গেলে টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত হবে। পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে পরিবেশ এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা উচিত। মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বের অন্যান্য দেশ কিভাবে বনায়ন সংরক্ষণ ও বৃদ্ধিতে কাজ করছে, সে সম্পর্কে জেনে তা আমাদের অনুসরণ করা যুক্তিযুক্ত।
