নির্বাচন একটি রাষ্ট্রের অন্যতম মৌলিক স্তম্ভ। এই স্তম্ভের দৃঢ়তার মধ্য দিয়েই পরিমাপ করা হয় রাষ্ট্র ও জনগণের চরিত্র, সভ্যতা, সততা, নৈতিকতা এবং মূল্যবোধের মানদ-। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন যেমন রাষ্ট্রকে গণতান্ত্রিক পরিচয় দেয়, তেমনি প্রশ্নবিদ্ধ নির্বাচন রাষ্ট্রের নৈতিক ভিতকে নড়বড়ে করে তোলে। তাই নির্বাচন কোনো রাষ্ট্রের কেবল একটি সাংবিধানিক আয়োজন নয়; এটি রাষ্ট্রের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি, একটি আয়না, যেখানে প্রতিফলিত হয় রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার প্রতি দায়বদ্ধতা এবং নাগরিকদের মর্যাদার বাস্তব চিত্র।\r\nগণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন রাষ্ট্রের জন্য যেমন অপরিহার্য, তেমনি জনগণের জন্যও সমান গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজন করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই নির্বাচনকে অর্থবহ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তোলা জনগণের নাগরিক কর্তব্য। রাষ্ট্র ও জনগণের এই যৌথ ভূমিকাতেই নির্বাচনের প্রকৃত তাৎপর্য নিহিত। এই অংশগ্রহণ যদি একতরফা হয় শুধু রাষ্ট্রকেন্দ্রিক বা নিছক আনুষ্ঠানিক, তবে নির্বাচন গণতন্ত্রের প্রাণশক্তি হারিয়ে ক্ষমতা বদলের একটি যান্ত্রিক প্রক্রিয়ায় পর্যবসিত হয়।\r\nনির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অথচ প্রায় উপেক্ষিত দিক হলো এর আর্থিক ব্যয়। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন পরিচালনার ব্যয় জনগণের করের অর্থ থেকেই বহন করা ন্যায্য ও যৌক্তিক। কারণ, নির্বাচন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর উৎসব নয়। এটি জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের একটি প্রাতিষ্ঠানিক উপায়। জনগণের অর্থে পরিচালিত নির্বাচনই কেবল জনগণের কাছে জবাবদিহিমূলক হতে পারে। কিন্তু আমাদের দেশের নির্বাচনী বাস্তবতা ভিন্ন। রাষ্ট্রীয় ব্যয়ের পাশাপাশি প্রার্থীদের বিপুল অঘোষিত ব্যয় একটি অস্বস্তিকর ও উদ্বেগজনক সত্য।