প্রতিবছরের ন্যায় এবারো বর্ণাঢ্যভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী-পুরুষের ঐক্যতায় নতুন সমতার বিশ্ব গড়ার প্রত্যয়কে সামনে রেখে পালিত হয়ে থাকে ৮ মার্চ। প্রায় ১৬৮ বছর আগে অর্থাৎ, সেই ১৮৫৭ সালের সেই কঠিন সময়ের ঘটনাকে কেন্দ্র করেই নারীদের জন্য এই বিশেষ দিনটি পালনের কথা আজকাল কম বেশি সকলেই জানে। মজুরি বৈষম্য ও বিভিন্ন দিক থেকে অধিকার বঞ্চিত হওয়ার ফলে ১৮৫৭ সালের সেই ঐতিহাসিক দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পোশাক কারখানায় নারী শ্রমিকেরা দীর্ঘ কর্মঘণ্টা, শিশুশ্রম, মজুরি বৈষম্য ইত্যাদির প্রতিবাদে এবং ন্যায্য ও সম-মজুরি, ভোটদানের অধিকার, শ্রমঘণ্টা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজপথে নেমে এসেছিল।
আন্দোলেন ঠেকাতে সামগ্রিকভাবে সেদিন মালিকপক্ষ অসহায় শ্রমিকপক্ষের প্রতি বিশেষ করে নারীদের প্রতি অমানবিক নির্যাতন চালিয়েও তাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রতিবাদকে কোনোভাবেই রুখতে পারেনি। \r\nপরবর্তীকালে ১৯৯০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে এক বিশাল আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে তৎকালীন সমাজতান্ত্রিক নারী নেত্রী ক্লারা জেৎকিন বিশ্বের সকল নারী জাতিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য জোটবদ্ধ হওয়ার আহ্বান করেন। একইসঙ্গে উক্ত দিনটিকে সারাবিশ্বে নারী দিবস হিসেবে পালন করার জন্য প্রস্তাব করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯১ সালের ৮ মার্চ সর্বপ্রথম উক্ত দিবসটি অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে উদযাপিত হয়।
তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী-পুরুষের সমতা, সম-অংশীদারিত্ব, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সর্বোপরি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস । উক্ত দিবসটি উদযাপনের অন্যতম উদ্দেশ্যসমূহ হলো- বৈষম্যের শিকার নারীদের, যারা ক্ষমতার জোরে সবসময়ই পিষ্ট করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদের অবস্থান তৈরি করা, নারীদের অর্জনসমূহকে জনসম্মুখে তুলে ধরা, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা ও সর্বোপরি মানুষ হিসেবে নারীর ন্যায্যতা প্রতিষ্ঠা করা। সব মিলিয়ে, বর্তমান সময়ে প্রায় প্রতিটি মহলে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে একটি সম্যক ধারণা সুস্পষ্ট ! \r\nআজ ১৬৮ বছর পরেও নারীদের নির্যাতিত হওয়া অথবা তাদের অধিকার বঞ্চিত হওয়ার বিষয়টি নতুন করে হতবাক করে তুলেছে।
আজও নারী-পুরুষের মধ্যে সমতার বিশ্ব গড়ে ওঠেনি। আজও অতি সাধারণ মানুষের কাছে জেন্ডার মানে নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতন টাইপের একটি বিষয়। কালক্রমে এ ধারণার অনেক পরিবর্তন সাধিত হলেও জনমনে ভ্রান্ত ধারণাটি যেন অস্থি-মজ্জার সঙ্গে মিশে আছে। উন্নয়ন জগতে জেন্ডার হলো নারী-পুরুষের সমতায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বা বিশেষ উদ্যোগ। সময়ের প্রয়োজনে, পরিস্থিতির বিবেচনায় কৌশলগত কারণে ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারীর প্রতি পুরুষের; পক্ষান্তরে, পুরুষের প্রতি নারীর যে সহযোগিতা-সহমর্মিতা ও কাজ করার অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার যে উদ্যোগ তা-ই মূলত, উন্নয়ন জগতে জেন্ডার হিসেবে অভিহিত। সঙ্গত কারণেই নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সম্পর্কে আলোচনা এখনো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়।
\r\nনারীরা আজ প্রায় সব দিক থেকেই এগিয়ে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদান রাখলেও আজও সিংহভাগ নারীর প্রতি সহিংসতা ঘটে হরহামেশায়। পুরুষতান্ত্রিকতার প্রভাবে ৬৪ বছরের মোশতাকরা নাতনি সমতুল্য ১৮ বছর বয়সী তিশাদের নিয়ে বিবাহ নামক অপকৌশলকে ব্যবহার করে বহাল তবিয়তে কামলালসায় মেতে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দৌরাত্ব যেন পরোক্ষভাবে অল্প বয়সী মেয়ে/ নারীদের এহেন যৌনলালসার শিকার হওয়ার জন্য উৎসাহিত করছে! সভ্য সমাজের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সামাজিক চিন্তাবিদদের পাশাপাশি উন্নয়ন জগতের মানুষেরা যখন সমতার আন্দোলনে বেজায় ব্যস্ত, ঠিক তক্ষুণি এমন অসম সম্পর্কের ঘটনাগুলো স্ববিরোধী অপসংস্কৃতিতে পরিণত করছে।
সভ্যতার এই মোক্ষম সময়েও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সারাবিশ্বের মতো পুরো বাংলাদেশব্যাপী ক্যাম্পেন, প্রতিবাদ, সমাবেশ, গোলটেবিল বৈঠক, মানববন্ধন কর্মসূচি ইত্যাদি চলমান। বছরের পরে বছর চলে যায়, সময়ের আপন নিয়মে কর্মসূচি পালিত হতে থাকে, তবু একটি বিশেষ শক্তিধর গোষ্ঠী বহাল তবিয়তে তাদের পৌরুষ আচরণ প্রতিষ্ঠা করতে থাকে বিভিন্ন কায়দায়। শুধুমাত্র কাগজে-কলমেই নয়, বরং সারাবিশ্বের মানুষের অস্থিমজ্জায় মিশে আছে একটি নেতিবাচক বিশ্বাস : নারীরা অবহেলিত-নির্যাতিত-বঞ্চিত , বাস্তবতা যাই হোক না কেন, শুধুমাত্র নারীদের মানুষ হিসেবে পূর্ণ সম্মান প্রদর্শন না করার কারণেই এই চিত্রটি আটকে আছে স্থায়ীভাবে। নারীর উন্নয়নের অন্তরায় হিসেবে এই ধারাটি তাদের গতিশীলতাকেই কেবল ব্যাহতই করছে না, বরং পিছিয়ে দিচ্ছে একটি জাতিকে।
\r\nসুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও সরকারি-বেসরকারি মহলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেহেতু সমঅধিকার ও সমসুযোগ ছাড়া আধুনিক বিশ্বে নারী–পুরুষের সমতা ও অধিকার প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়, তাই উন্নয়ন পরিকল্পনা, বাস্তবায়ন ও মতামত প্রকাশের ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ আরও বাড়াতে হবে। নারীর সামাজিক নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি আশু প্রয়োজন। একইসঙ্গে নারীকে প্রযুক্তিগত ব্ল্যাকমেইল ও অনলাইন সহিংসতা থেকেও সম্পূর্ণ সুরক্ষিত রেখে যোগ্য সম্পদ হিসেবে গড়ে তুলে ক্ষমতায়িত করা এখন সময়ের দাবি। \r\nসারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও নারী ও পুরুষের মধ্যে নানাবিধ বৈষম্য আজও বিরাজমান।
এমনকি অসমতার মতো বিনিয়োগের ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। অর্থাৎ, নারীদের জন্য অপেক্ষাকৃত কম বিনিয়োগ বা বরাদ্দ নির্ধারণ করা হয় নিদেনপক্ষে নিজ পরিবার থেকেই। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে হয়ত আলোচনার ঝড় উঠেছে! নারীর উন্নয়ন বিষয়ক অনেক গালভরা বুলি আওড়ানো হলেও ক্ষাণিক বাদেই জনৈক আলোচক যখন নিজের স্ত্রীর প্রতি শারীরিক তথা পারিবারিক সহিংসতার অনুঘটক হন, তখন বিষয়টি সাংঘর্ষিকই বটে! \r\nবিভিন্ন পত্রিকার তথ্যমতে জানা যায়, ২০২০ সালের মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোভিড-১৯ এর ভয়াবহতার মধ্যেও সারাদেশে প্রায় ১১০০টির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং পারিবারিক নির্যাতনের মতো ঘটনা ঘটেছে সহস্র্রাধিক! অপ্রকাশিত ঘটনার সংখ্যাটি কেবল অনুমান করে নিলেই বোঝা যায়।
আশ্চর্য ব্যাপার হলো- অধিকাংশ ধর্ষণ তথা অন্যান্য নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে প্রায় নিকটাত্মীয় পরিজন দ্বারাই। অর্থাৎ, নারীরা কোথাও তেমন একটা নিরাপদ নয় বললেই চলে। কঠোর এই পুরুষতান্ত্রিকতার কু-প্রভাব আর ধর্মীয় অনুশাসনের জাঁতাকলে নারীকে পিষ্ট করা হচ্ছে প্রতিটি মুহূর্তে! অথচ, প্রতিটি ধর্মেই নারীর প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান করা হয়েছে সু-স্পষ্টভাবে। সেক্ষেত্রে নারীকে সমতার পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ সৃষ্টির আগে সামাজিক নিরাপত্তা, স্বাধীনতা, সকল ক্ষেত্রে অভিগম্যতা ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার পাশাপাশি নারীর মৌলিক অধিকার নিশ্চিত করা উচিত সর্বাগ্রে!\r\nআজ নারী দিবস বলেই কিনা নারীর প্রতি সহিংসতার চিত্রটি অবচেতনভাবেই সভ্যজাতির মানসপটে বারবার উঁকিঝুঁকি মারছে! কোনোভাবেই তাকে যেন আড়াল করা যাচ্ছে না।
নারীর প্রতি সহিংসতা মোকাবিলা কোনো সহজ কাজ নয়। যেহেতু পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরা প্রায় সর্বময় ক্ষমতার অধিকারী, তাই সর্বাগ্রে পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন অত্যন্ত জরুরি। নারীদের অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরই এগিয়ে আসতে হবে। পরিবারে, বিদ্যালয়ে, কর্মস্থলে, শহরে, বন্দরে, যানবাহনে, এমনকি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে তাদের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন খুব জরুরি। সমাজে নারী–পুরুষের যে ন্যায্য অধিকার ও গুরুত্ব রয়েছে; উভয়ে মিলে যে অভিন্ন সত্তা, এই মানবিকতা বোধটুকু সমাজের মানুষেরা গভীরভাবে উপলব্ধি করতে না পারলে নারীর প্রতি বৈষম্য চলতেই থাকবে। আর এই কাজগুলো শুরু করতে হবে একদম গোড়া থেকে, অর্থাৎ পরিবার থেকেই।
\r\nবাংলাদেশ নারীদের স্থিতিস্থাপকতা এবং অবদানকে সম্মান জানাতে, তাদের কণ্ঠস্বরকে আরও জোরদার করতে এবং সর্বোপরি প্রতিটি পরিবারকে একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই বিশেষ দিনটি পালন করতে যাচ্ছে। এই উদযাপনের মধ্য দিয়ে ইতিবাচক পিতৃত্ব, পারিবারিক পর্যায়ে দায়-দায়িত্ব ভাগ করে নেওয়াসহ পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারী যাতে আরও বেশি ভূমিকা রাখতে পারে, গৃহস্থালির কাজের জন্য মূল্যায়িত হয় এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে পুরুষ ও ছেলেদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোরালো আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে নারীদের বিনা বেতনে গৃহস্থালি কাজের মূল্য যেখানে দেশের জিডিপির ১৪.৮ শতাংশ, সেখানে পুরুষদের বিনা বেতনে কাজের মূল্য মাত্র ২.৮ শতাংশ (বিআইডিএস, ২০২১)।
সত্যিকার অর্থে নারীদের প্রকৃত ক্ষমতায়ন শুরু হয় ঘর থেকেই যখন বাবা, স্বামী, পরিবারের পুরুষ সদস্যরা নারী ও মেয়েদের অধিকার, মর্যাদা এবং সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগী হয়ে ওঠে। আর এজন্যই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ দেশের সুশীল সমাজ সামঞ্জস্যপূর্ণ একটি নারী সমাজ গড়ে তুলতে চায়। তাই আসুন সবাই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াই। নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হয়ে প্রতিরোধ করি নারী নির্যাতন। নারী ও কন্যা শিশুকে মানুষ হিসেবে যোগ্য সম্মান প্রদান করার জন্য দায়িত্ব ও কর্তব্য আমাদের সকলের, বিশেষ করে পুরুষ জাতির।\r\nদেশের সিংহভাগ মানুষ নিশ্চয়ই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ তথা নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই! তাহলে কোথায় এত বাঁধা? শুধু কি পৌরুষ আচরণই এর মূল কারণ? নাকি গণসচেতনতার অভাব?
নাকি দুষ্ট চক্রের প্রভাব? অনেকাংশে কৌশলগত সমস্যাও কি নেই? যাই হোক, নিশ্চয়ই আমরা নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই! সেক্ষেত্রে সবার আগে সরকারের পৃষ্ঠপোষকতা ও পুরুষদের সংবেদনশীলতা অনেক বেশি প্রয়োজন। এ দেশের প্রত্যেকটি ছেলে ও তাদের পরিবারের মনে রাখা উচিৎ, আমি/আমরা আমাদের মা-বোন-স্ত্রীসহ সমগ্র নারীকূলকে মন থেকে সম্মান করব । একইসঙ্গে, পত্র-পত্রিকা, টেলিভিশনের টক শোতে আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করার সময় এসে গেছে। অর্থাৎ, নারীর প্রতি সহিংসতার শিকার মেয়ে অথবা তার পরিবারকে নিয়ে কথা বলার চেয়ে ছেলে তথা সহিংসতাকারীকে নিয়ে সংবেদনশীল অলোচনা করা অত্যন্ত প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ পুরুষদের সম্পৃক্তকরণের মধ্য দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্যাম্পেন চালিয়ে যেতে পারে! প্রয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা দরকার। এমনি করে একদিন নিশ্চয়ই আমাদের সমাজ থেকে ও দেশে নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সর্বোপরি, শুধুমাত্র ৮ মার্চেই কেন এত নারী বিষয়ক আলোচনা? বরং আলোচনা হোক সর্বত্রই! তাই, আসুন নারীদের জন্য সমতার বিশ্ব গড়ি! সর্বোপরি, আমাদের সবার হোক প্রতিজ্ঞা- ন্যায়বিচারের মাধ্যমে সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।\r\nলেখক : কো-অর্ডিনেটর, অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রটেকশন\r\naronnyok@gmail.com
