আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে দেশে এখন দুটি পক্ষ দাঁড়িয়েছে। একটি পক্ষ চাচ্ছে, আগামী নির্বাচনকে কীভাবে বিলম্বিত করা যায়। অপর পক্ষ চাচ্ছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল করে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রথম পক্ষের সাথে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার মধ্যেও পরোক্ষভাবে নির্বাচন পিছিয়ে দেয়ার প্রবণতা রয়েছে। এর কারণ হচ্ছে, উভয়েই পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষমতা উপভোগ করছে। বলা বাহুল্য, প্রথম পক্ষে রয়েছে, জামায়াতে ইসলামীপন্থী দুয়েকটি রাজনৈতিক দল। অভিযোগ রয়েছে, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জামায়াত প্রশাসনসহ সর্বত্র তার দখলদারিত্ব কায়েম করে ছায়া সরকারে পরিণত হয়েছে। বিগত এক বছরের বেশি সময় ধরে সে এই ক্ষমতা উপভোগ করছে।

সঙ্গতকারণেই সে নির্বাচন বিলম্বে হোক, তা চাইবে। নির্বাচন ছাড়াই যদি ক্ষমতা উপভোগ করা যায়, তাহলে কেউই নির্বাচন চাইবে না। তবে দলটির জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। এতে তার ক্ষমতা উপভোগের দিন শেষ হয়ে আসছে। ফলে নির্বাচন কীভাবে প্রলম্বিত করা যায়, এজন্য নানা উসিলা সামনে নিয়ে এসেছে। নির্বাচন পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারে করতে হবে, এমন আবদার নিয়ে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। এর কারণ হচ্ছে, প্রচলিত পদ্ধতি বা ‘ফার্স পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে নির্বাচন হলে সে কত আসন পাবে, তার নিশ্চয়তা নেই। এ পদ্ধতিতে নির্বাচন হলে তার আসন সংখ্যা উল্লেখযোগ্য না-ও হতে পারে। অন্যদিকে, পিআর পদ্ধতিতে ভোট হলে মোট ভোটের হার অনুযায়ী তার কিছু আসন পাওয়ার নিশ্চয়তা থাকে। ফলে তার ও তার সমমনা দলগুলোর জন্য পিআর পদ্ধতি সুবিধাজনক। তবে পিআর পদ্ধতিতে ভোটারদের সরাসরি প্রার্থী পছন্দ-অপছন্দের বিষয়টি থাকে না। ভোটারদের দলের মার্কার উপর ভোট দিতে হয়। পরবর্তীতে দল তার পছন্দের প্রার্থীকে আসন নির্ধারণ করে দেয়। এ পদ্ধতি ভোটারদের মতপ্রকাশের বিরুদ্ধে যায়। এটা গণতন্ত্রেরও পরিপন্থী। কারণ, একটি আসনে শুধু দলীয় প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করে না, স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করে। প্রচলিত পদ্ধতিতে তার পাস করার সম্ভাবনা থাকে। পিআর পদ্ধতিতে তার সেই সম্ভাবনা থাকে না। এতে তার এবং ভোটারদের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়। ফলে জামায়াত তার স্বার্থে আসন নিশ্চিত করতে পিআর পদ্ধতি চাচ্ছে, যা গণতন্ত্রের বিপক্ষে যায়।

দুই. দ্বিতীয় পক্ষ, যারা দ্রুত নির্বাচন চায়, তারা হচ্ছে, বিএনপি ও তার সমমনা দল। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করে আসছে। বিএনপি জানে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয় এবং জনবিচ্ছিন্ন হওয়ায় তার ভিত্তি দুর্বল থাকে। এ ধরনের সরকার কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাতে পারে না। তার দায়িত্ব, স্বল্পতম সময়ে কীভাবে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। গণঅভ্যুত্থানে নেপালে ওলি সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই বলেছে, ছয় মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

বলার অপেক্ষা রাখে না, অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারের মেয়াদ যত দীর্ঘায়িত হবে, দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা তত নাজুক হতে থাকে। দেশে নানা ধরনের নেতিবাচক ঘটনা ঘটে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন বা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রকারিদের জন্য সুযোগ সৃষ্টি হয়। বিগত এক বছরে দেশে এ ধরনের আলামত আমরা দেখেছি এবং দেখতে পাচ্ছি। হাসিনার শাসনামলে ফোকলা হয়ে যাওয়া অর্থনীতি অন্তর্বর্তী সরকার শক্তিশালী করতে পারেনি। দেশ চালানোর মতো অর্থ সরকারের হাতে নেই। অর্থনীতি উন্নতির বদলে অবনতির দিকে যাচ্ছে। অর্থনীতির প্রতিটি খাত স্থবির হয়ে আছে। যা আছে, তাও নিঃশেষ হওয়ার পথে। এ পরিস্থিতি চলতে থাকলে দেশ দরিদ্র দেশের কাতারে চলে যেতে পারে।

এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে, নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গণতান্ত্রিক ধারার দেশে নির্বাচিত সরকারের সাথে দেশি-বিদেশি সকল স্টেক হোল্ডার ও উন্নয়নসহযোগীরা কাজ করতে স্বচ্ছন্দবোধ করে। এতে অর্থনীতি গতিশীল হয়, মানুষের জীবনমানেরও উন্নয়ন ঘটে। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। অন্যদিকে, অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হওয়ায় জনগাণের কাছে জবাবদিহি করতে হয় না। দায়িত্বশীল দল হিসেবে বিএনপি এ দিকটি বিবেচনা করেই দ্রুত নির্বাচন চাইছে। প্রশ্ন হচ্ছে, দলটি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত? ধারণা করা হয়েছিল, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দীর্ঘ দেড় যুগ ধরে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে সীমাহীন নিপীড়ন-নির্যাতনের শিকার দলটির ক্ষমতায় যাওয়া সহজ হবে।

তবে যতই দিন গড়িয়েছে, তার ক্ষমতায় যাওয়ার পথে নানা বাধা-বিপত্তি দেখা যাচ্ছে। প্রথমত একশ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজি ও দখলদারিত্ব দলটির ইমেজ ক্ষুণœ করছে। এসব অপকর্মের সাথে জড়িত প্রায় সাত হাজার নেতাকর্মীকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবার এই সাত হাজারের মধ্যে শুধু চাঁদাবাজ বা দখলদাররা নয়, আভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃতরা রয়েছে। বিএনপির জন্য এই চাঁদাবাজরা এখন বিষফোঁড়া হয়ে উঠেছে। প্রতিপক্ষরা সোস্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে এর দায় বিএনপির ওপর চাপিয়েছে। বিএনপিও এ দায় এড়াতে পারছে না। বলা বাহুল্য, আমাদের দেশে বিপুল সমর্থিত কোনো দলের পক্ষেই তার নেতাকর্মীদের অপকর্ম থেকে পুরোপুরি সামলে রাখা সম্ভব হয় না।

কে, কখন, কোথায় অপকর্ম করছে, তা তাৎক্ষণিকভাবে জানা দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষে সম্ভব নয়। ঘটনা ঘটে যাওয়ার পর জানতে পারে। হাসিনার পতনের পর জামায়াতে ইসলামীও যে এই অভিযোগ থেকে মুক্ত তা নয়। তার বিরুদ্ধেও এ ধরনের কম-বেশি অভিযোগ রয়েছে। তবে তাদের এসব কর্মের ধরন আলাদা। দলটি মূল জায়গা প্রশাসন থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত, ব্যাংক খাতসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে নিজের লোক বসিয়ে প্রভাব বিস্তার করেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের লোকবল বেশি থাকায় এ নিয়ে তেমন কথা হয় না। তারা কেবল বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে। তারা চালাবে, এটাই স্বাভাবিক।

তবে এসবের পাল্টা জবাব দেয়ার জন্য সোস্যাল মিডিয়ায় বিএনপির সংগঠিত কোনো সাইবার ফোর্স নেই। ফলে তার প্রতিপক্ষ যেসব বদনাম ছাড়াচ্ছে, তা সাধারণ মানুষের কাছে বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারো কারো কাছে এগুলো বড় হয়ে দেখা দিয়েছে। জামায়াত যেখানে অত্যন্ত পরিকল্পিতভাবে প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র নিজের লোক বসিয়ে ক্ষমতাশালী হয়ে উঠেছে, সেখানে বিএনপি চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। গত ২৬ অক্টোবর প্রকাশিত দৈনিক ইনকিলাবের দুটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রশাসনে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সচিব ৩৪ জন, জামায়াতপন্থী সচিব ২৯ জন, বিএনপিপন্থী ৫ জন এবং সুবিধাবাদী ১০ জন সচিব রয়েছে।

দ্বিতীয় প্রতিবেদন থেকে জানা যায়, জামায়াত নির্বাচনী কর্মকর্তা বানাতে শিক্ষা খাতকে টার্গেট করে সেখানে তার দলীয় লোকজন বসিয়ে দিয়েছে। কারণ, এরাই আগামী নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ভয়াবহ বিষয় হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, ট্রেজারারদের মধ্যে বেশিরভাগই জামায়াতের পদধারি। কেউ শাখা আমীর, কেউ রোকন। কয়েক মাস আগে ইসলামি ফাউন্ডেশনের চেয়ারম্যান সেখানে কর্মরতদের সরাসরি জামায়াতের রোকন না হলে বা যোগ না দিলে চাকরি থাকবে না বলে হুমকি দিয়েছিলেন, এমন অভিযোগ উঠেছিল। দেখা যাচ্ছে, জামায়াত প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ মাঠপর্যায়ে প্রশাসনে নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে আছে। অন্যদিকে, এসব নিয়ে বিএনপির তেমন মাথাব্যথা আছে বলে মনে হয় না। যদিও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে দলটি প্রশাসনকে নিরপেক্ষ করার দাবি জানিয়েছে। তবে জামায়াতের আধিপত্য ও ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের বহাল রেখে কতটা নিরপেক্ষ হবে, এ নিয়ে সংশয় রয়েছে। এদিক- সেদিক বদলি করলেও ঘুরেফিরে তারাই থাকবে। ফলে নির্বাচনকে প্রভাবিত করে ফলাফল বদলে দেয়ার মতো পরিস্থিতিতে বিএনপি পড়তে পারে।

তিন. ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলো যে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে এবং ছাত্রদলের ভরাডুবি হয়েছে, তা বিএনপির উদাসীনতার কারণেই হয়েছে। অথচ বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের এমন ভরাডুবি হওয়ার কথা নয়। সংগঠনটির যে, এসব নির্বাচন করার প্রস্তুতিতে ঘাটতি ছিল, তা ফলাফল থেকে বোঝা যায়। অন্যদিকে, ছাত্রশিবির হাসিনার পতনের পর থেকেই লক্ষ্য স্থির রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে তার অবস্থান সুসংহত করার পরিকল্পনা নিয়ে আগাতে থাকে। এজন্য, সাধারণ শিক্ষার্থীদের মন জয় করার যত ধরনের পরিকল্পনা রয়েছে, তা নিয়েছে। বিশেষ করে সেবামূলক কাজ করে তারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করে এবং ছাত্রসংসদ নির্বাচনগুলোতে অভাবনীয় সাফল্য পেয়েছে। এক্ষেত্রে ছাত্রদলের কোনো কার্যক্রমের খবর পাওয়া যায়নি।

অস্বীকার করার উপায় নেই, সংগঠনটি দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে নিষিদ্ধ ছাত্রলীগের তা-বে ক্যাম্পাসগুলোতে ঢুকতে পারেনি। কোনো ধরনের কার্যক্রম চালাতে পারেনি। হামলা-মামলায় পর্যুদস্ত হয়ে ছিল। হাসিনার পতনের পর এ পরিস্থিতি থেকে স্বাভাবিক পর্যায়ে আসতে পারেনি। অন্যদিকে, ছাত্রশিবির কৌশলে ক্যাম্পাসগুলোতে গোপনে কিংবা কখনো কখনো ছাত্রলীগের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। হাসিনার পতনের পর সংগঠনটির এই গোপন কৌশল প্রকাশিত হয়েছে। দেখা গেছে, সংগঠনটির গুরুত্বপূর্ণ কোনো নেতা ছাত্রলীগের কমিটিতে পর্যন্ত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের সাথে তাদের কর্মকা-ের ভিডিও প্রকাশিত হয়েছে। হাসিনার পতনের পর তারা সংগঠিত হয়ে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করেছে। এক্ষেত্রেও কৌশল অবলম্বন করে।

সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজনীতি শুরু করে। ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও সরাসরি অংশগ্রহণ না করে ভিন্ন নাম দিয়ে প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করে। ছাত্রদল সরাসিরি প্যানেল দিয়ে অংশগ্রহণ করে। রাজনীতি কৌশলের খেলা। এ খেলায় জিততে হলে কার্যকর কৌশল অবলম্বন করার বিকল্প নেই। লড়াইটা যেহেতু ক্ষমতার, তাই এ লড়াইয়ে ক্ষমতা ও সক্ষমতা দিয়েই লড়তে হয়। এক্ষেত্রে পিছিয়ে থাকলে, পরাজয় অনিবার্য। চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির যে বিজয়ী হয়েছে, তা এই ক্ষমতা ও সক্ষমতা দিয়েই জিতেছে। এতে ছাত্রদল ধরাশায়ী হয়েছে। ছাত্রদলের প্রস্তুতি ও পরিকল্পনার অভাব যেমন ছিল, তেমনি তার অভিভাবক বিএনপির উদাসীনতাও ছিল। এ বিষয়টি বিএনপিকে দ্রুত উপলব্ধি করতে হবে। ছাত্রদলের ভরাডুবি যেমন তার জন্য ‘ওয়েক আপ কল’, তেমনি বিএনপির জন্যও ‘ওয়েক আপ কল’। এ থেকে উভয়েরই শিক্ষা নেয়ার বিষয় রয়েছে। ছাত্রশিবির যেমন মেধাভিত্তিক রাজনীতি করেছে, তেমনি তার রাজনীতিকে শিক্ষার্থীদের মধ্যে বিক্রিও করতে পেরেছে। যদিও ছাত্র সংসদগুলো শিক্ষার্থীদের আভ্যন্তরীণ নির্বাচন এবং এখানে মেধাবী ও পরিচ্ছন্ন প্রার্থীকেই তারা প্রাধান্য দেয়, যেমনটি দিয়েছে ছাত্রশিবিরের ক্ষেত্রে, তথাপি এই নির্বাচনগুলো আগামী জাতীয় নির্বাচনেও সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে, বিএনপি যদি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ইমেজ সম্পন্ন প্রার্থী দিতে না পারে, তাহলে তার ফলাফল অনুকূলে আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

চার. আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী তার কাক্সিক্ষত বিজয় নিশ্চিত করার জন্য যে কোমর বেঁধে নেমেছে, তা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। ক্ষমতার লড়াইয়ের জন্য ইতোমধ্যে ফ্রন্ট লাইন, মিডল লাইন, ব্যাক লাইন তৈরি করে পজিশন নিয়ে ফেলেছে। অন্যদিকে, বিএনপির যুদ্ধ প্রস্তুতির কোনো আলামত পরিলক্ষিত হচ্ছে না। এখনো অগোছালো অবস্থায় রয়েছে। বিএনপি চলতি পথে মানুষের সাথে হাত মিলাচ্ছে, আর জামায়াত মানুষের ঘরে ঘরে গিয়ে হাত মিলাচ্ছে। এটা অনেক বড় ধরনের পার্থক্য। একজনের ঘরে গিয়ে হাত মিলিয়ে আসার আন্তরিকতা মানুষকে সহজে প্রভাবিত করে। জামায়াত এ কাজটিই করছে। আর বিএনপি এখনো পথে-ঘাটেই রয়ে গেছে। মানুষের ঘরে পৌঁছাতে পারেনি। বিএনপির জন্য ইতোমধ্যে অনেক সময় গড়িয়ে গেছে। বিএনপিকে তার বিজয় নিশ্চিত করতে হলে নির্বাচনের বাকি যে সময়টুকু রয়েছে, সে সময়টুকুতে তাকে ফেলে আসা বিগত দেড় বছরের কাজ করতে হবে। ক্ষমতার লড়াইয়ের জোর প্রস্তুতি নিতে হবে। তা নাহলে, তার জন্য কী অপেক্ষা করছে, তা উপলব্ধি করা কঠিন নয়।

darpan.journalist@gmail.com