এটা অনেক বছর আগের কথা। কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি চারিত্রিক দিক থেকে ছিলেন স্পষ্টভাষী ও জেদি। তিনি নিজের অতিথিদের বলেছিলেন, ‘মার্কিন সেনাদের ইরাক ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাদের বুটের নিচে বাগদাদ জ্বলছিল, ঠিক যেন আগুনের গালিচা। এই প্রত্যাহার তাদের ভাবমূর্তি ও সুনামের ক্ষতি করবে। মার্কিনদের এটা অনুভব করতেই হবে যে, মধ্যপ্রাচ্যে তারা যেখানেই যাক না কেন, তারা আগুনের ওপর দিয়ে হাঁটছে।’

সোলেইমানি কেবল আলী খামেনির স্বপ্নকেই নয়, বরং সর্বোচ্চ নেতা গোড়াপত্তনকারী রুহুল্লাহ খোমেনির সেই স্বপ্নকেও বাস্তবে রূপ দিচ্ছিলেন, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলকে বিচ্ছিন্ন ও দুর্বল এবং ধ্বংস করার পূর্বশর্ত হিসেবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনদের বিতাড়িত করা।

আমি একবার বাগদাদে ছিলাম। এখানে রাজনীতিবিদ আহমেদ চালাবিকে বলতে শুনেছিলাম যে, ‘মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মানুষ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় রকম ভুল বোঝাবুঝি রয়েছে। যুক্তরাষ্ট্র এই সমাজগুলোর সূক্ষ্মতা ও সংবেদনশীলতা বোঝে না। তাছাড়া এমন একটি পরাশক্তির সাথে কীভাবে ভালোভাবে সহযোগিতা করতে হয়, যারা তাদের সংস্কৃতির অংশীদার নয়, তাও তারা জানে না।’

এখানকার মানুষ মার্কিনদের কেবল একটি নৌবহর হিসেবে দেখে। কিন্তু তাদের শক্তি শুধু সেখানেই নিহিত নয়, বরং বিশ্ববিদ্যালয়, গবেষণা, সম্পদ, অগ্রগতি ও প্রযুক্তির মধ্যেও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের ভাগ্য ইরাক ও ইরানের তেলের উপর নির্ভর করে না, যেমনটা অনেকে বিশ্বাস করে। যুক্তরাষ্ট্রের সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করা অগ্রগতির একটি সুযোগ। জাপান, দক্ষিণ কোরিয়া ও অন্যদের দিকে তাকালেই বুঝতে পারবেন।

আমার আরও মনে পড়ছে যে, তিনি বলেছিলেন ‘ইরানে এমন কিছু ব্যক্তি আছেন যারা যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ঘৃণা পোষণ করেন এবং তাদের নিয়ে আতঙ্কিত। তারা বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত অনিবার্য। যদি এই ব্যক্তিদের দৃষ্টিভঙ্গিই প্রাধান্য পায়, তাহলে তেহরান একটি গুরুতর ভুল করবে। কারণ যুক্তরাষ্ট্র একজন মার্কিন সৈন্যকেও ইরানের মাটিতে পা না ফেলেই ইরানকে একঘরে করার পাশাপাশি দেশটির ব্যাপক ক্ষতিসাধন হতে পারে।’

মার্কিন ও ইসরায়েলি বোমা ইরানের ওপর বর্ষিত হতে দেখে আমার সেই ‘আগুনের গালিচার’ কাহিনি মনে পড়ল, যখন ইসরায়েলিরা উপসাগরীয় দেশ ও জর্ডানের বেসামরিক জায়গায় বোমা বর্ষণ করছিল। রাজধানী, মানচিত্র ও প্রণালীগুলো নিয়ন্ত্রণের লক্ষ্যে ইরানি ‘আগুনের চাদর’ বিস্তারের নীতির জবাবেই কি যুক্তরাষ্ট্র যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

শুরু থেকেই খোমেনি এই অঞ্চল থেকে মার্কিনদের বিতাড়িত করার স্বপ্ন দেখতেন। এমনকি নাজাফে থাকাকালীন সময়েও তার উচ্চাকাঙ্ক্ষা এতটাই ব্যাপক ছিল যে তা দমন করা সম্ভব ছিল না। আর ১৯৭৫ সালে ইরাক আলজেরিয়ায় শাহের সাথে একটি চুক্তি স্বাক্ষর করার পর সেই উচ্চাকাঙ্ক্ষাগুলো সামলানো কঠিন হয়ে পড়ে। এই চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, কোনো পক্ষই নিজ নিজ দেশে বিরোধী পক্ষকে সমর্থন করবে না। এর অর্থ ছিল যে, শাহ উত্তর ইরাকের কুর্দি বিপ্লবকে সমর্থন করা বন্ধ করবেন এবং বাগদাদও তার আশ্রয়ে থাকা শাহ-বিরোধীদের সমর্থন করা বন্ধ করবে।

এক পর্যায়ে ইরাকি গোয়েন্দারা সাদ্দাম হোসেনকে ইরাকে খোমেনিকে হত্যা করে তার দায় শাহের ওপর চাপানোর প্রস্তাব দেয়। সাদ্দাম জবাবে তাদের হতবাক করে দিয়ে বলেন, ‘ওরা কি জানে না যে ইরাক তার অতিথিদের হত্যা করে না?’

ইরাকি গোয়েন্দা কর্মকর্তা আলী রিদা ফ্রান্স থেকে ফিরে আসলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, যেখানে তিনি খোমেনির সাথে দেখা করেছিলেন। তিনি সাদ্দামকে জানান, খোমেনি তাকে বলেছেন যে, তিনি প্রথমে শাহকে এবং তারপর ইরাকের ‘কাফের বাথিস্ট শাসন’ উৎখাত করতে চান। সাদ্দাম বাগদাদের রাস্তায় ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই করার মুহূর্তটিকে ভয় পেতেন, তাই তিনি পরাজয়ের ঝুঁকি নিয়েই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। অনেকে বিশ্বাস করতেন যে, ইরাক-ইরান যুদ্ধ এই অঞ্চলে ইরানি শক্তির প্রবাহকে রুদ্ধ করেছিল। তবে, ইরান ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের সুযোগ নিয়েছিল এবং হাফেজ আসাদের অনুমোদনে লেবাননের হিজবুল্লাহর জন্মকে পৃষ্ঠপোষকতা করেছিল, যাকে বিপ্লব রপ্তানির অভিযানের প্রথম সাফল্য হিসেবে দেখা হয়।

মার্কিন মেরিন সদর দপ্তর ও তাদের দূতাবাসে বোমা হামলা থেকে শুরু করে পশ্চিমা জিম্মিদের অপহরণ পর্যন্ত, লেবাননে ইরানের জ্বলন্ত অঙ্গারের কার্পেট তার ভূমিকা পালন করেছে। এই কার্পেট বাড়তে বাড়তে গভীরে শিকড় গেড়ে বসে এবং দক্ষিণ লেবানন একটি ইরান-ইসরায়েল রণাঙ্গনে রূপান্তরিত হয়।

ইরাক-ইরান যুদ্ধ থেকে ইরানের নেতৃত্ব এই সিদ্ধান্তে উপনীত হয় যে, তাদের নিজেদের ভূখণ্ড থেকে সংঘাত দূরে রাখা এবং আরব দেশগুলোর অভ্যন্তরে আত্মরক্ষার জন্য প্রাচীর নির্মাণ করা প্রয়োজন। আর সেজন্য সোলেইমানি ছোট ছোট ভ্রাম্যমাণ সেনাবাহিনী দিয়ে অঞ্চলটি ঘিরে ফেলার পরিকল্পনা শুরু করেন। এরপর দায়েশ এবং তথাকথিত আরব বসন্তের আবির্ভাব ঘটে এবং মানচিত্রগুলো আমূল বদলে যায়, যার মধ্যে ইয়েমেনও ছিল; ইয়েমেনও ইরান দ্বারা প্রভাবিত হয় এবং হুথি শক্তির উত্থানের সাক্ষী হয়।

ট্রাম্প ইরানের জ্বলন্ত অঙ্গারগুলোকে যেখান থেকে এসেছে সেখানেই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সেই অঙ্গারগুলোকে শীতল করবে, নাকি আহত সর্বোচ্চ নেতার এই বিশ্বাসকে আরও দৃঢ় করবে যে, বিপ্লবের টিকে থাকা এই অঙ্গারগুলো উৎপাদন ও বিতরণের ক্ষমতার উপরই নির্ভরশীল? ট্রাম্প বলেছেন, সময় ফুরিয়ে আসছে এবং জ্বলন্ত অঙ্গারের বর্ষণ নিয়ে নরক অপেক্ষা করছে। এটি মধ্যপ্রাচ্যের বহুকিছু পাল্টে দিবে।

ঘাসান চারবেল: আশর্ক আল-আওসাতের প্রধান সম্পাদক; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম