আওয়ামী লীগ নিয়ে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে কথার লড়াই চলছেই। এতদিন এ দুই দলের শীর্ষস্থানীয় নেতারা পরস্পরের বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনে চেষ্টারত বলে অভিযোগ করেছেন। সর্বশেষ, খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের বাইরে থেকে বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে বলে গোয়েন্দাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। একদল জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত, অন্যরা নির্বাচনের আগে জনগণের কাছে মিথ্যা বলে বিভিন্ন টিকিট বিক্রি করতে চেয়েছে। এখন দুই পক্ষ এক হয়েছে’ (সমকাল, ২১ অক্টোবর ২০২৬)।
মঙ্গলবার রাজশাহীতে এক জনসভায় প্রধামন্ত্রীর এই বক্তব্যের উত্তরে সেদিনই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘আমরা ফ্যাসিস্টদের কখনও আসার সুযোগ করে দিচ্ছি না; বরং সরকার বিরোধী দলের সমস্ত আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে যে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, এ পথ দিয়ে সরকার ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে’ (বিবিসি)।
আমরা জানি, বাংলাদেশের স্বাধীনতার পর নিষিদ্ধ জামায়াত প্রকাশ্যে আসে ১৯৭৯ সালে বিএনপির বদান্যতায়। এরপর নব্বই দশকের তিন-চার বছর বাদ দিয়ে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত দুদল ছিল ঘনিষ্ঠ। এ সময়ে তারা জোটবদ্ধ ও যুগপৎ ধারায় আন্দোলন করেছে; ২০০১-০৬ মেয়াদে সরকারও চালিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনৈতিক ময়দান থেকেও নির্বাসিত হওয়ায় জামায়াতের সামনে এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হয়। এ পরিস্থিতিতেই বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের বিরোধাত্মক সম্পর্ক তৈরি হয়। তবে ২০২৫ সালের মে মাসে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, তখন দুদলই সোৎসাহে তাতে সমর্থন দিয়েছিল।
বর্তমান সংসদে বিরোধী দল হিসেবেও জামায়াত সরকারি দলকে ‘ধরি মাছ না ছুঁই পানি’ সমালোচনা করে চলেছে। বহুল সমালোচিত বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি থেকে হামে ১২ শতাধিক শিশুমৃত্যু, বিদ্যুৎ-জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি– কোনো ইস্যুতেই সরকারকে জবাবদিহির চেষ্টা করেনি জামায়াত। বিএনপি-জামায়াতের একেবারে শীর্ষ পর্যায়ের মধ্যে এই বাগ্যুদ্ধের তাহলে মাজেজা কী? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গত ২৪ সেপ্টেম্বর আমার এই সাপ্তাহিক কলামের শিরোনাম ছিল– ‘সত্যিকার বিরোধী দল হওয়ার স্বপ্ন ও বাস্তবতা’। সেখানে মূল বক্তব্য ছিল, বিএনপি ও জামায়াত উভয়েই নিজ নিজ মৌরসিপাট্টা ধরে রাখতে চায়। যার জন্য আওয়ামী লীগবিহীন বর্তমান রাজনৈতিক বিন্যাস টিকিয়ে রাখা জরুরি। আবার এ দেশে বরাবরই ক্ষমতাবিরোধী ফ্যাক্টর এত দ্রুত চাঙ্গা হয় যে, ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে পিঠ চুলকানোর মাধ্যমে ওই রাজনৈতিক বিন্যাস ধরে রাখা যাবে না। তাই দুদলই অন্তত মাঠের রাজনীতিতে, পরস্পরের সমালোচনায় ধার আনতে চাইছে।
আরেকটা সমস্যা হলো, বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিক নানা কারণে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে বলে পরিচিত যে দুধারায় বিভক্ত, তার প্রথম পক্ষের নেতৃত্ব এখনও আওয়ামী লীগের কবজায়। এ পক্ষে আছে প্রধানত প্রগতিশীল ও উদারমনা ভোটাররা, যেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু তো বটেই; ইসলামের তরিকত বা মারেফতপন্থিরাও আছেন। বিএনপি নিজেকে মধ্যপন্থি বললেও এতদিন তাকে মূলত রক্ষণশীল ও ইসলামের কট্টরপন্থি ধারার ভোটারদের ওপরই নির্ভর করতে হয়েছে। সেখানে জামায়াতেরও ভাগ বড়সড়। এমনকি বিএনপির নেতাকর্মীরও একটা বড় অংশ অনুকূল পরিবেশ পেলে জামায়াতের পেছনে দাঁড়াতে পারে– এমন আশঙ্কা খোদ দলটির মধ্যেও আছে। মূলত ভোটে আওয়ামী লীগকে ঠেকাতে এতদিন এরা বিএনপিকে সমর্থন জুগিয়েছে।
এ অবস্থায় শক্তি-সামর্থ্যের বিচারে জামায়াতের চেয়ে বিএনপি এখনও অনেক এগিয়ে থাকলেও যে কোনো সময় হাওয়া উল্টোদিকে বইতে পারে। তখন বিএনপি যে আরও কয়েক মেয়াদ ক্ষমতায় থাকতে চাচ্ছে, তা অসম্ভব হয়ে যেতে পারে।
তাই বিএনপিকে ক্ষমতা ধরে রাখতে হলে শুধু জামায়াতের সঙ্গে বিরোধিতার খেলা খেললেই চলবে না; নিজের বাঁধা ভোটারদের বাইরেও সমর্থক ভিত্তি প্রসারিত করতে হবে। স্বাভাবিকভাবেই আপাত নিষ্ক্রিয় আওয়ামী লীগের বিশাল সমর্থকগোষ্ঠীই তার লক্ষ্য; অন্তত নৌকার ঢিলেঢালা সমর্থকদের বাগাতে দলটি চেষ্টা করতে পারে।
লক্ষণীয়, বিশেষত গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি মধ্যপন্থায় বেশি জোর দিচ্ছে। তার অংশ হিসেবে দলটির নেতাকর্মী-সমর্থকের অনেকে কথায় কথায় মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা স্মরণ করিয়েই দিচ্ছে না শুধু; উদারমনা মানুষদের আশ্বস্ত করতে কিছু পদক্ষেপও নিয়েছে। কট্টরপন্থিদের সমালোচনা সত্ত্বেও সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন করে হস্তান্তরিত সম্পত্তির ওপর বিশেষ করে বাবা-মার আমৃত্যু ভোগদখল নিশ্চিত করেছে, যার ফলে সন্তানের মর্জির ওপর তাদের নির্ভরতা কমেছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক নিবিড় করার দিকেও দলটি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি মনোযোগী। সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হলেও এবার দুর্গাপূজায় নিরাপত্তা সংকট ছিল না বললেই চলে। এতে শুধু মণ্ডপই বাড়েনি; প্রায় সর্বত্র ভক্ত ও দর্শনার্থীর ভিড় ছিল ব্যাপক। ঢাকার বাইরে প্রধানমন্ত্রী মঙ্গলবার এক দিনেই চট্টগ্রাম, রংপুর ও রাজশাহীতে পূজামণ্ডপে গিয়েছেন, যা নজিরবিহীন ঘটনা। রাজধানীতে শিল্পকলা একাডেমির দেয়ালে বাঙালি কৃতী মনীষী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকাও কি উদ্দেশ্যহীন? সেখানে এক দল উগ্রবাদী রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপনের পর অপকর্মকারীদের বিরুদ্ধে সরকার ত্বরিত পদক্ষেপ নিয়েছে।
বিএনপি সমর্থক একজন বুদ্ধিজীবীকে সম্প্রতি একটি টিভি টকশোতে বলতে শুনলাম, আওয়ামী লীগের রাজনৈতিক পুঁজি চারটি বিষয়ে নির্ভরশীল– মুক্তিযুদ্ধ, নারীর সুরক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের অভিভাবকত্ব। তাঁর মতে, এ চারটি কেড়ে নিতে পারলে আওয়ামী লীগের রাজনীতি ‘জিরো’ হয়ে যাবে। কিন্তু একই সঙ্গে জামায়াতকে বিরোধী দলে রেখে আওয়ামী লীগের রাজনৈতিক পুঁজি কীভাবে শূন্য করা সম্ভব? এর আগেও একাধিক নিবন্ধে বলেছি, উদারমনা ভোটারদের আস্থা আওয়ামী লীগ এমনকি শুধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েই অর্জন করেনি। ১৯৪৯ সালে দলটি প্রতিষ্ঠারও আগে থেকে এর আদর্শিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ উদারপন্থি রাজনীতি শুরু করেছিলেন। ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় সমগ্র পূর্ব পাকিস্তান তাঁর নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তিনি ছিলেন তখন গঠিত দাঙ্গাবিরোধী কমিটির আহ্বায়ক (প্রথম আলো, ১৮ মার্চ ২০২০)। সর্বোপরি, এ দেশে উদারপন্থি রাজনীতির শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছে সংবিধানের চার মূলনীতির মধ্যে। বিএনপি কি তা পুরোপুরি ধারণ করতে সক্ষম?
আওয়ামী লীগ অবশ্যই কাঙ্ক্ষিত মাত্রায় উদারপন্থার ধারক নয়। এ ক্ষেত্রে রাজনৈতিকভাবে তাকে উতরে যাওয়ার সুযোগ অবশ্যই আছে। কিন্তু এ যতটা সময়সাপেক্ষ এবং এ জন্য বিএনপিকে যতটা ভাঙচুরের মধ্য দিয়ে যেতে হবে, তা বিশাল যজ্ঞ। এটা শেষমেশ বিগত সময়ে আওয়ামী লীগের বিএনপি শিবিরকে দুর্বল করার চেষ্টায় কট্টর ইসলামপন্থিদের ভোট টানার কৌশলের মতো ব্যাকফায়ার করলে আশ্চর্যের কিছু থাকবে না।
বিএনপি যদি মুক্তিযুদ্ধের মৌলিক অর্জনগুলো মান্যতা দিয়ে উন্নত বিশ্বের বহু ‘রক্ষণশীল’ দলের মতো সত্যিকারের মধ্যপন্থার রাজনীতি করতে চায়, তা শুধু ব্যাপক গ্রহণযোগ্যতাই পাবে না; রাষ্ট্রকেও স্থিতিশীল ও শক্তিশালী করবে। সে ক্ষেত্রে জামায়াতের মতো দলের কাছে জমি হারানোর আতঙ্কে দলটিকে থাকতে হবে না।
সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল
