বিহার নির্বাচনের ফল প্রকাশের দিন আমার একটি প্রতিবেদন প্রকাশ পায়, দ্য প্রিন্টের একজন গ্রাহক যার ভিত্তিতে দারুণ এক বিশ্লেষণ হাজির করেন। ওই গ্রাহক লিখেছেন, “একটা সময় বিজেপির নিজস্ব মুখ্যমন্ত্রী থাকবে, কিন্তু এই সুবিধাবাদী রাজনৈতিক পণ্ডিতদের বিরুদ্ধে কিছু বলা দরকার। এই ‘অভিজ্ঞ’ প্রবীণদের কেউই এত বড় ‘সুনামি’ দেখতে পেলেন না... জনগণের নাড়ির স্পন্দন বোঝা কঠিন নয়। তবে যোগেন্দ্র যাদবের স্থানীয় প্রভাবে থেকে এটি বোঝা সম্ভব নয়।” কয়েকদিন আগে দলের সাংসদ অনিল বালুনির ইগাস উৎসব উদযাপনে শাহ সাংবাদিকদের কাছে ঘোষণা করেছিলেন, এনডিএ ১৬০টি আসন পাবে। পেয়েছে ২০২টি। তিনি সুনামি নয়, মৃদু ঢেউ আশা করেছিলেন।

এই নির্বাচনে জাতপাত বা পরিচয়ের রাজনীতি যে মিশে একাকার– সাংবাদিকরা তা বুঝতে পারেননি। বিজেপি, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস, লোক জনশক্তি পার্টি (আরভি) এবং অন্যদের প্রাপ্ত ভোটের দিকে তাকান। ২০২০ সালের বিধানসভা নির্বাচনেও তারা কমবেশি একই রকম আসন পেয়েছিল। শুধু নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) ২০২০ সালের তুলনায় এবারে প্রায় ৪ শতাংশ ভোট বেশি পেয়েছে। কিন্তু বিহারের জাতিকেন্দ্রিক রাজনীতিতে তা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় না। যদি তা আদৌ হয় তাহলে তার কারণ চিরাগ পাসওয়ানের এনডিএতে ফিরে আসা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই এনডিএর ভোট ‘সুনামি’ আসত।

কেবল চিরাগ পাসওয়ানের এনডিএতে প্রত্যাবর্তন এবং তাঁর নির্বাচনী এলাকার পক্ষগুলোর ভোট স্থানান্তরে দক্ষতার জন্য বিহারের ক্ষমতাসীন জোট শুধু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাদের ভোট ভিত্তিকে সুসংহত ও আশাবাদী করে তুলেছিল। ভোটের এই সুসংহতকরণ বিধানসভা নির্বাচনে আরও কার্যকরভাবে আসনে রূপান্তরিত হয়েছিল। এনডিএর একটি বৃহত্তর সামাজিক জোট ছিল, যার মধ্যে অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি, যাদববহির্ভূত অন্যান্য পিছিয়ে পড়া গোষ্ঠী, দলিত, উচ্চবর্ণ ইত্যাদি ছিল, যারা ভূমিধস বিজয় লাভ করেছিল।

বিহার থেকে প্রাপ্ত শিক্ষা আমরা কীভাবে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা– চার রাজ্যে এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চল পদুচেরিতে প্রয়োগ করব? এই অঞ্চলগুলোতে আগামী বছরের শুরুতে নির্বাচন হবে। আপাতত বিজেপির দৃষ্টিকোণ থেকে এই জরিপগুলো দেখা যাক। গত কয়েক বছরে বিধানসভা নির্বাচনে দলটি এক গোপন রেসিপি আবিষ্কার করেছে বলে মনে হচ্ছে– একক বা জাদুকরি ওষুধের সংমিশ্রণ।

এই রাজ্যগুলো এবং বিহারের ফলের মধ্যে কোন বিষয়গুলো কমন? সাফল্যের এই রেসিপির প্রথম উপাদান এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী হলো ভোটের আগের দিন নারীদের নগদ অর্থ স্থানান্তর– মধ্যপ্রদেশে লাডলি বেহনা যোজনা, হরিয়ানায় লাডো লক্ষ্মী যোজনা, মহারাষ্ট্রে মাঝি লাডকি বহিন যোজনা এবং বিহারে মহিলা রোজগার যোজনা।

২০২২ সালে গুজরাটে বিজেপি ঐতিহাসিক জয়লাভ করে; দান-খয়রাতের রাজনীতি না করেই ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসন জিতে। কিন্তু গুজরাটের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ২০০১ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে এটি একটি বাস্তব ব্যতিক্রম। গুজরাটে জয়ের পর শাহ বলেন, ভোটাররা দান-খয়রাত দানকারীদের প্রত্যাখ্যান করেছেন।

তাহলে নির্বাচনী সাফল্যের জন্য বিজেপি রেসিপির প্রথম উপাদান হিসেবে বিনামূল্যে উপহারকে বিবেচনা করা যাক। দ্বিতীয়টি হলো বৃহৎ সামাজিক জোট গঠনের ক্ষমতা। দেখুন বিজেপি প্রতিটি রাজ্যে নির্দিষ্ট বর্ণ ও সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ছোট দলগুলোকে কীভাবে প্রশ্রয় দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদির আবেদন, আরএসএসের মেরুদণ্ড, হিন্দুত্ব, জাতীয়তাবাদ, প্রতিশ্রুতিবদ্ধ কর্মী ও সাংগঠনিক শক্তি; যাই হোক, এগুলো ধ্রুবক বা সবসময় ছিল।

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনেও বিজেপি কেবল জম্মুতে তার আসন ধরে রাখতে পেরেছিল। ন্যাশনাল কনফারেন্স মুসলিম অধ্যুষিত উপত্যকা থেকে বিজেপিকে দূরে রাখতে সক্ষম হয়েছিল। তেজস্বীর আরজেডিও নিশ্চিতভাবেই একটি আঞ্চলিক দল। কিন্তু তিনি তাঁর দলকে কংগ্রেসের প্রতিরূপে পরিণত করেছেন, যেখানে একটি হিমাগারে থাকা ভোট ব্যাংক এবং একই পুরোনো, অকল্পনীয় রাজনীতি রয়েছে।

এবার নির্বাচনমুখী রাজ্যগুলোতে বিজেপির প্রতিপক্ষদের দিকে তাকান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। পশ্চিমবঙ্গেও বিজেপি রাজবংশী ও মতুয়াদের আকর্ষণ করতে একটি সামাজিক জোট গঠনের চেষ্টা করেছে, যারা মোট দলিতদের প্রায় ৩৬ শতাংশ, যা মোট জনসংখ্যার ২৩.৫ শতাংশ।

বিহারের ফলাফল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে খুশি করতে পারে। কেবল এই কারণে নয় যে, তাঁর মেরূকরণের রাজনীতি এমন একটি রাজ্যে কার্যকর হয়েছে, যেখানে অবৈধ অভিবাসীদের সমস্যা একটি তীক্ষ্ণ স্পর্শকাতর বিষয়। শর্মার ব্যক্তিগত জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে। তাঁর কল্যাণমূলক প্রকল্পগুলোও সমানভাবে জনপ্রিয়। এসব বিষয় বাদ দিলেও বিহারের ফল সম্পর্কে শর্মাকে সবচেয়ে বেশি খুশি করার বিষয় হলো তার প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস।

ডি. কে. সিং: দ্য প্রিন্টের রাজনৈতিক সম্পাদক; দ্য প্রিন্ট থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম