সম্প্রতি রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) থেকে বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ছেয়ে গেছে ঢাকার ঘনবসতিপূর্ণ বেশ কিছু এলাকা। এতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আবারও আমাদের সামনে একটি পুরানো কিন্তু গভীর সংকট সামনে এসেছে। ডেমরা, যাত্রাবাড়ী, কোনাপাড়া বা জুরাইনের মতো এলাকার বাসিন্দারা এ ধোঁয়ার কারণে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় ভুগছেন। বিষয়টি এখন আর সাধারণ কোনো সমস্যা নয়, বরং রাজধানীর মতো জায়গায় এটি নগর ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতার স্পষ্টতা প্রকাশ করছে।\r\nবর্জ্য পোড়ানো কোনো নতুন ঘটনা নয়। কিন্তু উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো মানে কেবল ধোঁয়া সৃষ্টি নয়, বরং বাতাসে ডাইঅক্সিন, ফিউরান, কার্বন মনোক্সাইড ও ক্ষুদ্র কণিকা (চগ২.৫ এবং চগ১০) ছড়িয়ে পড়া।
এসব ক্ষুদ্র কণিকা মানুষের ফুসফুসের গভীরে ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠে প্রবেশ করতে পারে। এতে মানুষ দীর্ঘমেয়াদে অ্যাজমা, ব্রংকাইটিস, হৃদরোগ এমনকি ক্যান্সারে পর্যন্ত আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্করা এ দূষণের সবচেয়ে বড় শিকার।\r\nমাতুয়াইল ল্যান্ডফিলের বর্তমান পরিস্থিতি আমাদের শহর বা নগরে বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা প্রকাশ করছে। বাংলাদেশের শহরগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। যার বড় অংশই সঠিকভাবে পৃথকীকরণ বা পুনর্ব্যবহার করা হয় না। ফলে এই বর্জ্য সরাসরি ল্যান্ডফিলে জমা হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা মিথেন গ্যাস তৈরি করে। মিথেন অত্যন্ত দাহ্য একটি গ্যাস, যা সহজেই আগুনের সূত্রপাত ঘটাতে পারে।
এই আগুন কখনো দৃশ্যমান, কখনো মাটির নিচে দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে এবং ক্রমাগত ধোঁয়া ছড়ায়।\r\nএসব সমস্যা সাধারণত সামাজিক বৈষম্যগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। খুব স্বাভাবিকভাবেই নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী ল্যান্ডফিলের আশপাশে বসবাস করে। ফলে দূষণের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় তারাই। অথচ এসব বর্জ্য উৎপাদনে তারা দায়ী নয়। এটি আমাদের সমাজের অন্যতম বৈষম্য, যেখানে দূষণের দায় ও ক্ষতির ভার সমানভাবে বণ্টিত হয় না।\r\nআন্তর্জাতিক বাস্তবতা থেকে দেখা যায়, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেবল বর্জ্য অপসারণের বিষয় নয়। একটি সমন্বিত প্রযুক্তিগত ও নীতিগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ কাজটি সমাপ্ত হয়।
উন্নত দেশগুলোতে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার, কম্পোস্টিং এবং ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রযুক্তি ব্যবহার করে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা হয়। এর ফলে ল্যান্ডফিলের ওপর চাপ কমছে এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে পরিবেশ দূষণ।\r\nবাংলাদেশেও এ ধরনের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের বিকল্প নেই। প্রথমত, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ল্যান্ডফিল ব্যবস্থাপনায় নিয়মিত পর্যবেক্ষণ ও গ্যাস নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করতে হবে। তৃতীয়ত, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যরে জন্য একটি কার্যকর বাজার ও অবকাঠামো গড়ে তুলতে হবে।\r\nমাতুয়াইলের বর্জ্য পোড়া ধোঁয়া আমাদের জন্য একটি সতর্কবার্তা। এর থেকে স্পষ্টত বোঝা যায় যে, পরিবেশ ব্যবস্থাপনার সমস্যাগুলো কেবল ভবিষ্যতের ঝুঁকি নয়, বরং বর্তমানের বাস্তবতা। একটি শহরের উন্নয়ন কেবল উঁচু ভবন বা নতুন সড়ক নির্মাণের মাধ্যমে পরিমাপ করা যায় না, বরং সেই শহরের বাতাস কতটা নিরাপদ, সেটিও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক।\r\nএ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং জনসচেতনতার সমন্বয়। অন্যথায়, মাতুয়াইলের ধোঁয়া শুধু একটি ল্যান্ডফিলের সমস্যা হয়ে থাকবে না, এটি পুরো শহরের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলবে।
