অবশেষে নির্বাচনী দৌড় (Electoral Race)) ধীরে ধীরে সুস্পষ্ট অবয়ব পাচ্ছে। এবার হচ্ছে জোটের নির্বাচন বা কোয়ালিশনের নির্বাচন। তবে এই জোট গঠনে প্রথমে ভাবা হয়েছিলো যে, বিএনপি জোটে আসন বণ্টন নিয়ে অনেক বড় জটিলতা হবে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে, বিএনপির ৩০০টি আসনেই নিজের ও শরীকদের প্রার্থী নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে নির্বিঘেœই সম্পন্ন হয়েছে। অবশ্য এখনো ৫০টি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। অবশ্য বিএনপির মতো বড় দলে এই রকম ছোট খাটো সমস্যা থাকবেই। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের যাত্রা প্রথমে যত কুসুমাস্তীর্ণ মনে হয়েছিলো দিন শেষে দেখা গেলো, ঐ ৮ দলীয় জোটেই ঝামেলা সবচেয়ে বেশি।

স্মরণ করা যেতে পারে যে, ইসলামী আন্দোলনের প্রধান চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিমই সর্বপ্রথম বলেছিলেন যে, ইসলামী দলসমূহের সব ভোট এক বাক্সে নিয়ে আসতে হবে। বস্তুত এক বাক্সে সব ইসলামী দলের ভোট আনার প্রবক্তা স্বয়ং চরমোনাইয়ের পীর। অথচ দেখা গেলো যে, ৮ দল বেড়ে প্রথমে ১১ দল হলো। যোগ দিলো এনসিপি, এলডিপি ও খেলাফত আন্দোলন। কিন্তু কয়েক দিনের মধ্যেই ১১ দল ছোট হয়ে হলো ১০ দল। এই জোটের দ্বিতীয় বৃহত্তম দল চরমোনাইয়ের পীরের ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে এলো। অনেকের মতে, অন্যদের কথা বাদ দিলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য ইসলামী আন্দোলনের জোট থেকে বেরিয়ে আসা একটি বড় ধাক্কা। সব ইসলামী ভোট এক বাক্সে আনার কথা বলার পর এই জোট আসন বণ্টনে সমঝোতায় আসতে পারলো না, এটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা। কারণ, যারা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যারা দেশে শরীয়া আইন চালু করতে চান,তাদের মধ্যে যদি ত্যাগের মনোভাব না থাকে তাহলে পবিত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য যে বৃহত্তর ত্যাগের প্রয়োজন সেটি তারা কীভাবে করবেন?

১৮ জানুয়ারি রবিবার যখন এই কলামটি লিখছি, তখন পর্যন্ত প্রাপ্ত খবর থেকে দেখা যায় যে, ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে একা একাই নির্বাচন করবে। দলটি ইতোমধ্যে ২৭০টি আসনে প্রার্থী দিয়েছিল। দুই জনের প্রার্থিতা যাচাই বাছাইয়ে বাতিল হওয়ায় এখন ২৬৮ জন প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে থাকবে। ইসলামী দলসমূহের মধ্যে দলগতভাবে সবচেয়ে বেশি প্রার্থী দিলো ইসলামী আন্দোলন। কারণ, জামায়াত প্রার্থী দিয়েছে ১৭৯ জন। ইসলামী আন্দোলনের জন্য এই জোট যে ৪৭টি আসন রেখেছিলো সেগুলো এখন জোটের ১০ সঙ্গীর মধ্যে নতুন করে বণ্টন করা হবে। এব্যাপারে জামায়াতের অবস্থান হচ্ছে, অতি দ্রুত এই ৪৭টি আসনে তৃণমূল পর্যায়ে খবর নেওয়া হবে। তৃনমূল পর্যায়ে এই ১০ দলের মধ্যে যে দলের প্রার্থী সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় তাকেই জোট সমর্থন করবে।

ইসলামী আন্দোলন বলেনি যে, অবশিষ্ট ৩২টা আসনে তারা কাকে সমর্থন করবে। এই ৩২টি আসনে তাদের কোনো প্রার্থী নাই। এখন সমর্থন করতে হলে হয় বিএনপি নেতৃত্বাধীন জোটের কোনো প্রার্থীকে সমর্থন করতে হবে, না হয় জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলের কোনো প্রার্থীকে সমর্থন করতে হবে। উল্লেখ করা যেতে পারে যে, জামায়াতের তরফ থেকে ৩/৪ মাস আগে ৩০০ জনকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছিলো। তারপর জোট গঠন করতে গিয়ে তাদেরকে ছাড় দিতে হয়েছে। ছাড় দেওয়ার প্রক্রিয়ায় এখন তারা ১৭৯তে এসে ঠেকেছে। ॥দুই॥ জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলনের বের হয়ে যাওয়াটা জামায়াতের জন্য সবচেয়ে বড় আঘাত। কারণ, তাদের জোটে জামায়াতের পরে সবচেয়ে বেশি আসন বরাদ্দ করা হয়েছিলো ইসলামী আন্দোলনকে। ইসলামী আন্দোলন প্রথমে চেয়েছিল ১২০টা আসন। তার পর নামতে নামতে অবশেষে ৭০ এ এসে ঠেকে। এটিই ছিলো তাদের সর্বনি¤œ চাহিদা। এখন ইসলামী আন্দোলনের ২৬৮ জন প্রার্থী জামায়াতের ভোট কাটবেন। তাই এটি জামায়াতের জন্য বড় সেট ব্যাক। হয়তো ইসলামী আন্দোলনের চাহিদাকে জামায়াত আরো বেশি অ্যাকোমোডেট করতে পারতো। কিন্তু শেষ মুহূর্তে এবি পার্টি, এনসিপি এবং এলডিপি তাদের জোটে শামিল হওয়ায় জামায়াত আর বেশি ছাড় দিতে পারেনি বলে পত্রপত্রিকার রিপোর্টে বলা হয়েছে।

এনসিপিকে দেওয়া হয়েছে ৩০টি আসন। জুলাই বিপ্লবে যেসব তরুণ ছাত্রনেতা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে দিয়েই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বিগত এক বছরে দলটির যত খানি বিস্তৃত বা বড় হওয়ার কথা ছিলো ততখানি হয়নি। যেটুকু হয়েছিলো সেখানেও ধ্বস নেমেছে। তাসনিম জারার মতো প্রমিনেন্ট নেতাসহ অনেক পরিচিত এবং নামকরা নেতা দল ছেড়ে গেছেন। যারা দল ছেড়ে গেছেন তারা দল ছেড়ে যাওয়ার কারণ পরিষ্কারভাবে জনগণের কাছে ব্যাখ্যা করেননি। কেউ কেউ স্পষ্টভাবে না বললেও অন্যভাবে বুঝিয়ে দিয়েছেন যে, জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আঁতাত তারা ভালোভাবে মেনে নিতে পারেননি। এদের দল ছেড়ে যাওয়া এনসিপির কাটা ঘায়ে নূনের ছিটার মতো।

একটু আগেই বলেছি যে, এনসিপির যতখানি বিকশিত হওয়ার কথা ছিলো ততখানি হয়নি। সর্বোচ্চ ১০/১২ জন তরুণ নেতা ছাড়া অন্যেরা জনগণের কাছে তেমন পরিচিত হতে পারেননি। তার মধ্যে আবার কয়েকজন দল ছেড়ে চলে গেলেন। যারা অবশিষ্ট রইলেন তাদের মধ্যে পরিচিত হলেন ৫/৬ জন। জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপিকে দেওয়া হয়েছে ৩০টি আসন। এই ৩০টি আসনের কয়টিতে তারা জয়লাভ করবেন সেটা নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে।

একথা ঠিক যে, জুলাই বিপ্লবকে ধারণ করার ব্যাপারে জনগণের মধ্যে কোনরকম দ্বিধা-দ্বন্দ্ব নাই। যারা জুলাই বিপ্লবের অগ্রনায়ক সেই তরুণ তুর্কিদেরকে (Young Turks) মানুষ ভালোবাসে। তবে সেই সাথে তারা এটাও মনে করে যে, মন্ত্রী হওয়া, এমপি হওয়া বা দেশ চালানোর মতো ম্যাচিউরড বা পরিপক্ক তারা এখনো হননি। তারা এমপি হোন আর না হোন, এই ইলেকশনের পর তারা যদি সঠিক রাজনীতি করেন, জনগণের নাড়ির স্পন্দন সঠিকভাবে পড়তে পারেন এবং মাঠে থেকে জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে আগামী দিন তাদের জন্য বিপুল সম্ভাবনাময় হবে।

ইসলামী আন্দোলন ২৬৮ জন প্রার্থী দিয়েছে। অতীতেও দলটি জাতীয় নির্বাচন করেছেন। কিন্তু একটি আসনেও জয়লাভ করতে পারেনি। এবার ২৬৮টা আসনে প্রার্থী দিয়েছে। তার জয় পরাজয়ের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। কারণ অতীতে তাদেরকে ঠিক পরিপক্ক রাজনৈতিক দল হিসাবে দেখা যায়নি। বরং পীর সাহেবের মুরীদানদের দল হিসাবে দেখা গেছে।

আমার মনে পড়ে, ব্যারিস্টার কোরবান আলী ইসলামী আন্দোলনে ছিলেন। বয়সে তিনি আমার চেয়ে বেশ কিছু বড় হলেও আমাদের মধ্যে অনেক ঘনিষ্ঠতা ছিলো। তিনি একদিন আফসোস করে আমাকে বলেছিলেন যে, আমি চেষ্টা করছি হুজুরের হাজার হাজার মুরীদকে পলিটিসাইজ করার। কিন্তু ওদের মন একটি বিশেষ লাইনে সেট হয়ে গেছে। তাই সেটিকে পলিটিক্যাল পার্টি হিসাবে রূপ দেওয়া সম্ভব হচ্ছে না। বেশ কয়েক বছর আগে ব্যরিস্টার কোরবান ভাই আমাকে একথা বলেছিলেন। এখনো তার কথা মনে পড়ে। ঢাকা মহানগরীর প্রাক্তন সেক্রেটারি অধ্যাপক হেমায়েত উদ্দিন মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করতেন। তার মত ও ব্যারিস্টার কোরবানের মতোই ছিলো। অধ্যাপক হেমায়েত উদ্দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবার ইসলামী আন্দোলনের প্রার্থী সংখ্যা সবচেয়ে বেশি হলেও জয়লাভের সংখ্যা কেমন হবে সেটি নিয়ে বিদগ্ধ জনের মধ্যে সংশয় রয়েছে।

॥তিন॥ অন্যান্য দল যথা এবি পার্টি, এলডিপি প্রভৃতি দল ইলেকশনে কেমন করবে, সেটি এখন বলা যাচ্ছে না। অন্যদের কথা বাদ দিলেও রইলো জামায়াতে ইসলামী। জেনারেল পারসেপশন হলো এই যে, আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর দেশের বৃহত্তম দল হলো বিএনপি। তার পরে দ্বিতীয় বৃহত্তম দল হলো জামায়াতে ইসলামী। আমার ব্যক্তিগত মতে, এটিই জামায়াতের বড় অ্যাচিভমেন্ট। আওয়ামী লীগের সময় ইসলামী ছাত্র শিবির নিজেদের পরিচয় দিতে পারতো না। প্রত্যক্ষভাবে না হোক, পরোক্ষভাবে কেউ শিবিরের মতামতের অনুসারী হলে তার দশা হতো বুয়েটের শহীদ আবরারের মতো। আওয়ামী লীগ তার সাড়ে ১৫ বছরে জামায়াতকে ঘর থেকে বের হতে দেয়নি। তবে এর মধ্যে জামায়াত নীরবে হলেও ইউনিয়ন পর্যায় পর্যন্ত তার সংগঠন বিস্তার করেছে। সংগঠন হিসাবে তার যতখানি বিস্তার ঘটেছে ভোটের মাঠে তাদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আনুপাতিক হারে বেড়েছে কি না সেটি বোঝা যাবে আগামী নির্বাচনে। ॥চার॥ জামায়াতের জন্য সবচেয়ে বড় সেট ব্যাক হলো, দেশের ইসলামী রাজনৈতিক দলসমূহের ভোট ৩ ভাগে ভাগ হয়ে যাওয়া। একটি ভাগ হলো জামায়াত এবং তার জোটসঙ্গীরা। দ্বিতীয় ভাগ হলো, চরমোনাইয়ের পীরের ইসলামী আন্দোলন। তৃতীয় ভাগ হলো, বিএনপির সঙ্গে জোট বাঁধা ৩টি ইসলামী দল। যে ৩টি ইসলামী দল বিএনপির সাথে আছে তাদের মধ্যে একটি নিবন্ধিত ও দুইটি দল অনিবন্ধিত। হেফাজতে ইসলামের শীর্ষ নেতা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর একজন কট্টর সমালোচক। আরেকটি ইসলামী দল হলো, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়তকে বিএনপি ৪টি আসনে ছাড় দিয়েছে।

নিবন্ধনহীন দুটি ইসলামী দলকেও ছাড় দিয়েছে বিএনপি। এদের একটি হলো, ইসলামী ঐক্যজোট। নিবন্ধনহীন জমিয়তের জেষ্ঠ্য যুগ্ম মহাসিচব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে বিএনপি যশোর-৫ আসনে মনোনয়ন দিয়েছে। ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলনের বিশিষ্ট নেতা মরহুম মুফতি ফজলুল হক আমীনির পুত্র ইসলামী ঐক্যজোটের হাল ধরেছেন। তার অংশও বিএনপিকে সমর্থন করছে। দেশের ইসলামপন্থী ভোটের এই ৩ ভাগে ভাগ হওয়ায় দল ও জোট ওয়ারী নির্বাচনী ফলাফলে অবশ্যই তার প্রভাব পড়বে। কিন্তু দল বা জোট বিশেষের ওপর এতবড় প্রভাব ফেলবে না যে প্রভাব নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার নির্নায়ক হতে পারে। গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা মানুষ, বিশেষ করে কৃষক-মজুর এরা কিন্তু বিএনপিকে এখনো ইসলামী মূল্যবোধে বিশ^াসী বলে মনে করে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর স্মরণকালের বৃহত্তম জানাযা বিএনপির জন্য একটি বড় বুস্টার।

নির্বাচনের সামগ্রিক ফলাফলে তরুণ ভোটারদেরও একটি বড় ভূমিকা থাকবে। আগামীতে আমি পরিসংখ্যানসহ এই দিকটি বিস্তারিত আলোচনা করবার ইচ্ছা রাখি।

Email:journalist15@gmail.com