প্রতিদিন খবরের পাতায়, সোশ্যাল মিডিয়ার স্ক্রলে কিংবা থানার নথিতে একটি শব্দ ক্রমেই ভয়ংকরভাবে নিয়মিত হচ্ছে- আত্মহত্যা। সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়। প্রতিটি সংখ্যা একটি ঘর, একটি পরিবার, একটি ভবিষ্যৎ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে আত্মহত্যা করেছেন ১৩,৪৯১ জন, গড়ে দিনে ৪১ জন। একই সঙ্গে জাতীয় জরিপভিত্তিক আরেক তথ্য বলছে, ২০২৩ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ২০,৫০৫। পুলিশের হিসাব অনুযায়ী ২০২৪ সালে আত্মহত্যা করেছেন ১৩,৯২০ জন। এই দুই ধরনের উৎসের সংখ্যায় পার্থক্য আমাদের আরেকটি বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখায় যে, দেশে আত্মহত্যা সংক্রান্ত নির্ভরযোগ্য, একীভূত ও নিয়মিত নজরদারি এখনো দুর্বল। সংখ্যা কম-বেশি যাই হোক, প্রবণতাটি স্পষ্ট।

আত্মহত্যা এখন বাংলাদেশের জন্য একটি জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার সংকট। আত্মহত্যা সমাজে মারাত্মক হুমকি হিসেবে সমাজে আলোচনা চলছে। সকলের সার্বিক সহযোগিতায় এই হুমকি বন্ধ করতে হবে। একেকটি আত্মহত্যা একেকটি পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং যে ক্ষতিপূরণ হচ্ছে, তা কোনোকিছু দিয়ে পূরণ করা যায় না। তাই প্রতিটি পরিবারকে আরও বেশি সতর্ক থাকতে হবে যেন ছেলেমেয়ে কোথায় যায়, কি করে এবং কার সঙ্গে চলাফেরা করে সে সম্পর্কে। কারণ, এর মাধ্যমে অনেক মর্মান্তিক দুর্ঘটনা কমিয়ে নিয়ে আসা সম্ভব। \r\nসমস্যার সবচেয়ে বেদনাদায়ক দিক হলো, এই সংকটের বড় অংশ জড়িয়ে আছে তরুণদের সঙ্গে, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে। একটি গবেষণায় দেখা যায়, ২০২১ সালে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

তাদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই ৬১ দশমিক ৩৯ শতাংশ (৬২ জন)। এই সংখ্যা একটি পরিবারের স্বপ্ন হত্যা । কারণ, একজন শিক্ষার্থীর মৃত্যু মানে শুধু একটি প্রাণহানি নয়, রাষ্ট্রের মানবসম্পদ তৈরির দীর্ঘ বিনিয়োগও ভেঙে পড়া। কেন তরুণরা এমন চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে, তার ব্যাখ্যা একমাত্রিক নয়। শিক্ষার্থীদের আত্মহত্যার কারণ হিসেবে সম্পর্কের অবনতিকে (২৪.৭৫ শতাংশ) ও পারিবারিক সমস্যাকে (১৯.৮০ শতাংশ) উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মানসিক যন্ত্রণা থেকে মুক্তি (১৫.৮৪ শতাংশ), পড়াশোনার চাপ (১০.৮৯ শতাংশ), আর্থিক সমস্যা (৪.৯৫ শতাংশ)। সব মিলিয়ে এক জটিল চাপ-চক্র তৈরি হচ্ছে। \r\nএখানে মনে রাখা জরুরি, মানুষ সাধারণত একটি কারণে আত্মহত্যা করে না। একাধিক কারণ দীর্ঘদিন জমে জমে ঝুঁকি তৈরি করে।

ব্যক্তিত্ব-গঠন, দায়িত্ববোধ, সামাজিক প্রত্যাশা সবই ভূমিকা রাখে। অর্থাৎ, আত্মহত্যা প্রতিরোধে একটি স্লোগান বা একটি পোস্টার যথেষ্ট নয়; দরকার কাঠামোগত, প্রাতিষ্ঠানিক ও মানবিক হস্তক্ষেপ। যে কোনো মূল্যে আত্মহত্যা বন্ধে সরকার, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর উদ্যোগ গ্রহণ করতে হবে। \r\nমানসিক স্বাস্থ্যর ওপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে সরকারকে। কারণ, এই সংকট দিন দিন আরও বড় হবে। সংকট বড় হলেও চিকিৎসার সুযোগ সীমিত। তাই কর্তৃপক্ষ পদক্ষেপ নিলেই হবে না, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কার্যকরী। কেবল শিক্ষার্থী নয়, সমাজের সব স্তরেই মানসিক চাপ, বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, অর্থনৈতিক অনিশ্চয়তা ঝুঁকি বাড়াচ্ছে আত্মহত্যার।

সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনেও পারিবারিক কলহ, দাম্পত্য সংকট, আর্থিক ও সামাজিক চাপ, মানসিক জটিলতা ও বিষণ্নতার কথা উঠে এসেছে এবং অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হননি। অথচ মানসিক স্বাস্থ্য পরিস্থিতির বড় ছবি আরও উদ্বেগজনক। ২০১৮-১৯ সালের মানসিক স্বাস্থ্য জরিপ অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ১৭ শতাংশ (প্রায় দুই কোটি) প্রাপ্তবয়স্ক মানুষ নানা ধরনের মানসিক রোগে আক্রান্ত। প্রতি ১০০ জনে ৭ জন ভোগেন বিষণ্নতায়। বিস্ময়করভাবে ৯২ শতাংশ থাকে চিকিৎসার বাইরে। শিশুদের ক্ষেত্রেও চিত্র ভয়াবহ- ১৩.৬ শতাংশ শিশু মানসিক রোগে ভুগছে। তাদের ৯৪ শতাংশ কোনো চিকিৎসা পাচ্ছে না। \r\nএই বাস্তবতায় আত্মহত্যাকে কেবল নৈতিক বিচ্যুতি বা ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখলে আমরা সমস্যার মূলে আঘাত করতে পারব না।

আত্মহত্যা প্রতিরোধের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানসিক স্বাস্থ্যসেবা, সহমর্মিতা, সময়মতো সহায়তা এবং ঝুঁকিপূর্ণ মানুষকে একলা হতে না দেওয়া। সমাজবিজ্ঞানীর ভাষায়, সংকটে মানুষ একা হয়ে পড়ে। সামাজিক অসহযোগিতা ও ন্যূনতম জীবনমানের অনিশ্চয়তা গভীর হতাশা তৈরি করে, যা দুর্বলদের ক্ষেত্রে আত্মহননের পথে ঠেলে দিতে পারে। \r\nক্যাম্পাস ও স্কুলে অদৃশ্য নির্যাতন: র‌্যাগিং, অপমান, বুলিং- এসব চিরতরে বন্ধ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান মানে নিরাপদ বিকাশের স্থান হওয়ার কথা। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো। র‌্যাগিংয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতন এক পর্যায়ে শিক্ষার্থীকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে। এমন বাস্তব উদাহরণও সামনে এসেছে এবং র‌্যাগিংবিরোধী আইন প্রয়োজন বলে অভিমত উঠেছে। শুধু র‌্যাগিং নয়।

শরীর, উচ্চারণ, পোশাক, কথা বলার ধরন নিয়ে উপহাস, বুলিং, সামাজিক লজ্জা এসব অদৃশ্য নির্যাতন মানসিকভাবে ভেঙে দেয়। ফলে আত্মহত্যা প্রতিরোধ মানে কেবল কাউন্সেলিং নয়; বরং শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কৃতিকে মানবিক ও সহনশীল করা। এজন্য কি করা দরকার? মনোসেবাকে শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী বা কাউন্সেলর নিয়োগ বিলাসিতা নয়, প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ বা অনুষদে অন্তত একজন মনোবিজ্ঞানী থাকা প্রয়োজন। বাস্তবে অনেক প্রতিষ্ঠানে এই পদই নেই। তাই আইন বা নীতিমালার মাধ্যমে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ নিশ্চিত করা সময়ের দাবি। \r\nএসব কেন জরুরি? জরুরি কারণ- প্রাথমিক পর্যায়ে ঝুঁকিপূর্ণ লক্ষণ শনাক্ত করা যায়।

গোপনীয় ও বিজ্ঞানভিত্তিক কাউন্সেলিং করা গেলে কিছুটা হলে সমস্যা সমাধান করা যেতে পারে। এছাড়া আত্মহত্যা প্রতিরোধে গবেষণা ও পরিকল্পনায় রাষ্ট্রীয় অগ্রাধিকার দিতে হবে। আত্মহত্যা বড় হুমকি হলেও গবেষণা ও পরিকল্পনায় ঘাটতি আছে- এ বাস্তবতা স্বীকার করে জাতীয় পর্যায়ে পরিকল্পনা জরুরি। \r\nক্যাম্পাসে ও স্কুলে সেফটি নেট সেবা চালু করা বাধ্যতামূলক করা দরকার, যাতে বুলিং বা র‌্যাগিং-এ শূন্য সহনশীলতা অবস্থান থাকে। র‌্যাগিং ও বুলিংকে ক্যাম্পাস কালচার হিসেবে ছাড় দিলে তা প্রাণঘাতী হতে পারে। এজন্য কঠোর নীতি, অভিযোগ গ্রহণের নিরাপদ ব্যবস্থা এবং ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। \r\nজীবনদক্ষতা শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের- যাতে আবেগ নিয়ন্ত্রণ, আর্থিক চাপ মোকাবিলা, ক্যারিয়ার সহায়তার কাজে আসে।

শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী জ্ঞান যেমন-আবেগ নিয়ন্ত্রণ, ক্যারিয়ার দক্ষতা, উদ্যোক্তা কর্মশালা এবং আনন্দমুখর শিক্ষাব্যবস্থা আত্মহত্যা কমাতে ভূমিকা রাখতে পারে। কমিউনিটি লেভেলে দ্রুত হস্তক্ষেপ ও জরুরি সহায়তা সেবা চালুর উদ্যোগ নিতে হবে। পরিবার ও সমাজের স্তরে দ্রুত হস্তক্ষেপ, কমিউনিটি পুলিশিং, সচেতনতামূলক কার্যক্রম এবং জরুরি মুহূর্তে দ্রুত সহায়তার ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা রয়েছে। আত্মহত্যার ঝুঁকির তথ্য পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভূমিকার কথাও উল্লেখ করা যায়। \r\nশেষ কথা, সময়মতো পাশে দাঁড়ানো- এটাই সবচেয়ে বড় প্রতিরোধ। আত্মহত্যা প্রতিরোধের সবচেয়ে কার্যকর নীতি হলো মানুষকে একা হতে না দেওয়া। পরিবারে কথোপকথনের জায়গা, শিক্ষাপ্রতিষ্ঠানে গোপনীয় সহায়তা, রাষ্ট্রে কার্যকর জীবন-কাঠামো- সব মিলিয়ে একটি সহায়ক পরিবেশ না হলে আমরা খবরের পাতায় প্রতিদিন নতুন নতুন শোকই গুনব। জরুরি সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী অথবা কাউন্সেলিং সেবা কি ঐচ্ছিক উন্নয়ন, নাকি প্রাণরক্ষাকারী মৌলিক অবকাঠামো? বাস্তবতা বলছে এটা আর বিলাসিতা নয়, জরুরি রাষ্ট্রীয় দায়িত্ব।