প্রবাস জীবনের ছোট্ট একটি ঘটনা দিয়েই শুরু করি। বলে রাখা ভালো, তখন আমরা স্বপরিবারে চীনে থাকি। আমার পিএইচডি অধ্যায়নের শেষের দিকের ঘটনা। সঠিক দিনক্ষণ মনে করতে না পারলেও এটা স্পষ্ট মনে আছে, ঘটনাটি ২০২২ সালের প্রথমার্ধের। আমাদের বসবাসরত কমিউনিটিটি রাস্তার একেবারে ধার ঘেঁষে অবস্থিত ছিল এবং রাস্তার ঠিক অপরপাশে আমাদের বিশ্ববিদ্যালয়। অর্থাৎ রাস্তা ক্রস করলেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশের গেইট। কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ের ধার ঘেঁষেই চলে গেছে পাহাড় থেকে নেমে আসা লেক সদৃশ একটি খাল। যেটি অল্প দূরত্বে বড় নদীতে গিয়ে মিশেছে। বর্ষার সময়ে পাহাড়ি ঢল নামলে লেকটি তার পূর্ণ যৌবন ফিরে পেলেও অন্যান্য সময়ে লেকে খুব বেশি পানি থাকত না। তবে ঐ লেক পাহাড়ি ঢলের অতিরিক্ত পানি নদীতে নিয়ে যাওয়ার পাশাপাশি গৃহস্থলীর বর্জ্য পরিশোধনের পরে তার একটি অংশ লেকটি দিয়ে নদীতে যেত। লেকটির পাশে বিভিন্ন ফুলের সমারোহের পাশাপাশি মানুষের হাঁটার দৃষ্টিনন্দন রাস্তা করা ছিল। বহুবার এমন হয়েছে যে, অবসরে লেকের পাশে গিয়ে নিরিবিলি সময় কাটিয়েছি। কলামের শুরুতে লেকের বর্ণনা দেওয়ার কারণ এখন পরিষ্কার করছি। একদিন সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ল্যাবমেট থেকে জানতে পারলাম, ২ দিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে শিক্ষার্থী ঐ লেকের পানিতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। লেকটি রাস্তা ক্রসের জায়গায় নির্মিত ব্রিজ থেকে গভীর রাতে ঐ শিক্ষার্থী লেকে লাফ দেয়। পরে উদ্ধারকারী টিম এসে ছেলেটির লাশ উদ্ধার করে। ব্যাপারটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর মধ্যে তেমন কোনো উদ্বেগ লক্ষ করিনি। কেননা, আত্মহত্যার প্রবণতা চীনাদের মধ্যে বেশ বেশিই বলা চলে। এছাড়া আমাদের বসবাসরত প্রদেশে এটির হার আবার তুলনামূলক বেশি ছিল। এর পেছনে ভৌগোলিক কিছু কারণসহ অন্যান্য কারণ আছে।

যাইহোক, ল্যাবমেটের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করলাম। জানতে পারলাম, ঐ শিক্ষার্থী লেকে ঝাঁপ দেওয়ার ১০ মিনিটের মাথায় উদ্ধারকারী টিম সেখানে পৌঁছায় এবং লেকে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুরো ঘটনাটি শুনে আমার কাছে একটু অবাক লাগল। একেতে গভীর রাত, তারপরে উদ্ধারকারী টিম সেখানে কীভাবে পৌঁছাল এসব বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করলাম। তখন ল্যাবমেট তার মোবাইল ঘেঁটে অনলাইনে প্রকাশিত নিউজটি বের করল। নিউজটি চীনা ভাষায় হওয়ায় সেটা পড়া কিংবা তার অর্থ বোঝার সামর্থ্য না হলেও আমাদের বিশ্ববিদ্যালয় এবং লেকের ব্রিজের ছবি দেখে অন্তত ঘটনাটির সত্যতা অনুধাবন করলাম। ল্যাবমেট চীনা ভাষায় লাইনের পর লাইন পড়ে সেটিকে ইংরেজিতে আমাকে বুঝিয়ে দিচ্ছিল।

তার বুঝানোর পরে পুরো ঘটনাটি এখানে সংক্ষিপ্তাকারে উপস্থাপন করলাম। অত্মহত্যাকারী ঐ শিক্ষার্থী যে কোনো কারণে বিমর্ষ বা আশাহত ছিল। সে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ রাত পর্যন্ত ঘোরাঘুরি করে রাত ১টার পরে বিশ্ববিদ্যালয়ের গেইট থেকে বের হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে ঘোরাঘুরির সময়ের ভিডিও এবং গেইট থেকে বের হওয়ার সময়ের ভিডিও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিমের কাছে ছিল। বিশ্ববিদ্যালয়ের গেইট থেকে ঐ লেক ২ মিনিটের হাঁটা দূরত্ব। রাস্তা ধরে ব্রিজের ওখানে পৌঁছানো মাত্র ঐ শিক্ষার্থী রেলিং টপকে লেকে ঝাঁপ দেয়। পুরো জিনিসটা নিরাপত্তা টিমের সদস্যগণ খেয়াল করেন। মাঝেমধ্যে রাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কাছেই অবস্থিত ফাস্টফুডের মার্কেটে যায়। এজন্য নিরাপত্তা টিমের সদস্যরা আঁচ করেছিল ঐ শিক্ষার্থীও হয়ত এমন মার্কেটে যাচ্ছে। কিন্তু লেকে ঝাঁপ দেওয়ার পর তাদের ধারণা পাল্টে যায়। সাথে সাথে নিরাপত্তা টিম দ্রুত উদ্ধারকারী টিমকে খবর দেয় এবং মুহূর্তের মধ্যে উদ্ধারকারী টিম সেখানে পৌঁছে ঐ শিক্ষার্থীকে খুঁজে বের করে। তবে এরমধ্যেই প্রায় মিনিট পনের সময় পার হয়ে গেছে। শিক্ষার্থীকে উদ্ধার করার পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ঐ ঘটনার বর্ণনা থেকে এটা সহজে উপলব্ধি করা যায় যে, চীনে একজন সাধারণ নাগরিকের জীবনকেও যথাযথভাবে মূল্যায়ন করা হয়। সেইসাথে তাদের প্রত্যেকের জীবনের নিরাপত্তায় সেখানকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা যথেষ্ট প্রাধান্য পায়।

তবে, চীনাদের নিরাপত্তার বিষয়টি আমার খুব ভালোভাবেই জানা আছে। পুরো চীন সিসি ক্যামেরার আওতায় বললেও ভুল হবে না। সুদূর পাহাড়-পর্বত, নদী-নালা, গভীর অরণ্য, সমস্ত রাস্তা-ঘাট, হাইওয়ে, সকল গণপরিবহন, লোকাল মার্কেট, সুপারমলসহ সবখানে সিসি ক্যামেরা দ্বারা প্রতিটি ব্যক্তি, যানবাহনকে ট্র্যাক করা যায়। একজন ব্যক্তির বাসা থেকে বের হওয়ার পর তিনি সিসি ক্যামেরার আওতায় চলে আসেন এবং বাসায় প্রবেশের আগ মুহূর্ত তিনি ক্যামেরার আওতায় থাকেন। অর্থাৎ প্রশাসন ইচ্ছা করলে সিসি ক্যামেরায় ট্র্যাক করে একজন ব্যক্তির পুরো দিনের গতিবিধি বলে দিতে পারে। তাই ল্যাবমেটের দেওয়া হিসাব ও তথ্য খুব সহজে বুঝে গেলাম। একবার আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের দপ্তরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি বেশ অবাকই হয়েছিলাম। একটি রুমের পুরো দেয়াল জুড়ে স্ক্রিন দেখেছিলাম এবং এরককম পরপর কয়েকটি রুম ছিল। অপেক্ষাকৃত লম্বা রুমের দেয়ালে শত শত স্ক্রিন চোখে পড়ল। দেখে মনে হল, বাইরের প্রতিটি সিসি ক্যামেরার সঙ্গে একটি করে স্ক্রিন যুক্ত। আরও খেয়াল করলাম, বেশ কয়েকজন সদস্য প্রতিটি রুমে সার্বক্ষণিক দায়িত্ব পালনে ব্যস্ত। পরে জানলাম ওদের রোস্টার ডিউটি থাকে এবং সার্বক্ষণিক প্রতিটি স্ক্রিন তদারকির পাশাপাশি প্রতিটি ক্যমাররার ধারণকৃত দৃশ্য স্টোর করার ব্যবস্থা থাকে। পরবর্তীতে যাতে করে প্রতিটি ঘটনার রেকর্ড থাকে। ঐ নিরাপত্তা টিম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীর চলাফেরা পর্যবেক্ষণ করত।

একথা বলতেই হবে যে, সিসি ক্যামেরা অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরিহার্য। সিসি ক্যামেরায় স্টোরকৃত ভিডিও অ্যানালাইসিস পরবর্তী সন্দেহভাজনদের চিহ্নিত করা এবং অপরাধমূলক কার্যকলাপ রেকর্ড করার মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা অধিকতর সহজতর। প্রকৃতপক্ষে যা অপরাধ কমাতে সাহায্য করে। এছাড়া ট্রাফিক আইন ভঙ্গকারীকে সনাক্ত করা এবং সড়ক দুর্ঘটনা পরবর্তী প্রকৃত কারণ উদঘাটনে সিসি ক্যামেরার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। এতে করে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনার হার বহুলাংশে কমে আসবে বলে প্রতীয়মান হয়। জনবহুল এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সহায়তা করে সিসি ক্যামেরা। নিঃসন্দেহে এটি একটি আধুনিক ও প্রযুক্তি-নির্ভর নিরাপত্তা ব্যবস্থা, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে। এজন্য অপরাধ দমন, প্রকৃত অপরাধী শনাক্ত ও সর্বোপরি সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বড় শহরগুলো, যেমন: বেইজিং, লন্ডন, সিঙ্গাপুরে সিসি ক্যামেরার বহুল ব্যবহার রয়েছে। এসব দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা বসানো থাকায় অপরাধীরা সহজে পালাতে পারে না এবং প্রমাণ লোপাটও কঠিন হয়ে পড়ে। আমার দেখা মতে, চীনের ভূখ- বেশ বড় হওয়ার সত্ত্বেও তাদের পুরো দেশ সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন। সেখানে আমাদের দেশের বিভাগীয় শহরগুলোর কোনটায় পুরোপুরি সিসি ক্যামেরার আওতাধীন নয়। পরিসংখ্যান বলছে, পুরো রাজধানী ঢাকাকে তদারকের আওতায় আনতে প্রায় ১০ হাজার সিসি ক্যামেরার প্রয়োজন। কিন্তু সেটি কোন সরকারের পক্ষ থেকে পরিপূর্ণ করা সম্ভব হয়নি। ফলে যেটা হওয়ার সেটি প্রতিনিয়ত হচ্ছে।

ঢাকা, দেশের প্রাণকেন্দ্র এবং সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই শহরের রাস্তাঘাট, অলিগলি, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, মার্কেট এবং আবাসিক এলাকা মানুষের ভিড় লেগে থাকে। কিন্তু এই ভিড়ের আড়ালেই প্রতিনিয়ত ঘটে চলেছে ছিনতাই, চুরি, ডাকাতি, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ট্রাফিক আইন লঙ্ঘন এবং সড়ক দুর্ঘটনার মতো নানারকম ঘটনা। পাশাপাশি নারীদের শ্লীলতাহানি, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ প্রতিনিয়ত ঘটছে। এসব অপরাধ প্রমাণ ও চিহ্নিত করার অভাবে অপরাধীরা ধরা পড়ে না, ফলে অপরাধের সংখ্যা বাড়তেই থাকে। বর্তমানে ছিনতাইকারী ও ডাকাতের আতঙ্কে তটস্থ নগরের সাধারণ মানুষ। অনেক এলাকায় মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পায় তথা নিরাপত্তাহীনতায় ভোগে।

এমন পরিস্থিতিতে সম্পূর্ণ সিসিটিভি মনিটরিং ব্যবস্থা ঢাকার জন্য একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। অতীতে ঢাকা শহরের পুরোটাই অপরিকল্পিতভাবে সিসি ক্যামেরা বসানো হলেও তা সীমিত ও অকার্যকর। সম্পূর্ণ ঢাকা শহরকে এক সমন্বিত নজরদারি ব্যবস্থার আওতায় আনা হলে, অপরাধ দমন সহজ হবে এবং অপরাধীর উপর তাৎক্ষণিক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হবে। বিচার প্রক্রিয়ায় নির্ভরযোগ্য ভিডিও প্রমাণ দ্রুত পাওয়া যাবে। নাগরিকদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সিসি ক্যামেরার দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ ও উন্নত নগর ব্যবস্থাপনার মাধ্যমে খুব সহজেই স্মার্ট নগর পরিচালনা ও আইনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর নজরদারি, সাইবার নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ, নিয়মিত মহড়া এবং বহুমাত্রিক ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তাকাঠামো তৈরি করা অতীব জরুরি। একথা মানতেই হবে যে, জাতীয় নিরাপত্তা সরাসরি দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ, জনগণের জীবনযাপন ও রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতার সঙ্গে যুক্ত। দেশের ভূখ-ে বিদেশি অনুপ্রবেশ, সন্ত্রাসী হামলা, নাশকতা বা প্রাকৃতিক দুর্যোগ সব দিক মাথায় রেখে বহুপক্ষীয় প্রস্তুতি থাকা একান্ত প্রয়োজন। একথা অনস্বীকার্য যে, যেকোনো বড় দুর্ঘটনা বা নাশকতা ঘটে গেলে শুধু সম্পদ নয়, সাধারণ জনগণের আস্থা এবং নিরাপত্তা ভেঙে পড়ে। জনগণ দিশেহারা হয়ে পড়ে। সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহেলা করা কিংবা উপেক্ষা করার সুযোগ নেই। এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার সময় এখনই।

সিসি ক্যামেরা অপরাধী সনাক্তের জন্য সবচেয়ে বেশি কাজে আসে। খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির মতো ঘটনা ঘটলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো প্রথমেই ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এরপর সেই ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের দ্রুত শনাক্ত সম্ভব হয়। ছবি দেখে গ্রেপ্তারের পর অপরাধীর অস্বীকার করার সুযোগ থাকে না। অপরাধীর অপরাধও আদালতে সহজে প্রমাণ করা যায়। শুধু অপরাধী শনাক্ত কিংবা রহস্য উদঘাটন করার ক্ষেত্রেই নয়, অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সর্বোপরি, পুরো রাজধানী সিসি ক্যামেরার আওতায় আনা একটি অপরিহার্য পদক্ষেপ, যা বাস্তবায়নে আরও বেশি বিনিয়োগ, পরিকল্পনা এবং সুচিন্তিত পদক্ষেপ প্রয়োজন।

যদিও দেশকে সিসি ক্যামেরার আওতায় আনার বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে। ক্যামেরার অপ্রতুলতা, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং আর্থিক সীমাবদ্ধতাও রয়েছে। তবে জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সিসি ক্যামেরা স্থাপন একটি কার্যকর উপায়। প্রতিটি ক্যামেরা স্থাপন, স্থাপন পরবর্তী সেগুলো রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মনিটরিং সেন্টার তৈরি করা জরুরি। সাইবার সিকিউরিটি নিশ্চিত না করলে ভিডিও ডেটা অপব্যবহার হওয়ার ঝুঁকি থাকে। তবে সমন্বিত পরিকল্পনা, দক্ষ জনবল এবং স্বচ্ছ নীতিমালা থাকলে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব হবে। সরকারের পাশাপাশি সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বড় মার্কেট, আবাসিক এলাকা ও প্রতিষ্ঠানগুলোকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। ঢাকা এখন একবিংশ শতাব্দীর মেগাসিটি। তবে এর নিরাপত্তা এবং শৃঙ্খলা ব্যবস্থাপনা এখনও পিছিয়ে। সিসি ক্যামেরার আওতায় পুরো ঢাকা আনা গেলে নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি কমবে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে। নাগরিকদের আস্থা ও জননিরাপত্তা নিশ্চিত হবে।

লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com