সামরিক শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের সংগ্রামে রাজধানীর গুলিস্তানে শহীদ হওয়া নূর হোসেনের নাম কার না জানা! তাঁর সঙ্গে মিছিলে থাকা আরও দুজন সেদিন নিহত হন পুলিশের গুলিতে। গভীর রাতে তাদের লাশ নিয়ে দাফন করা হয় জুরাইন কবরস্থানে; তড়িঘড়ি করে। কিন্তু নূর হোসেনের বুকে-পিঠে অঙ্কিত স্লোগান মানুষের মন থেকে মোছা যায়নি। কবর দেওয়া যায়নি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে।
১০ নভেম্বর নূর হোসেনের মৃত্যুবার্ষিকীতে নিবন্ধটি লিখতে বসে মনে পড়ে গেল সেইসব দিনের কথা। আমরা তখন এরশাদবিরোধী আন্দোলনের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই আন্দোলন ঘিরে নানা ঘটনায় বারবার বন্ধ হচ্ছিল শিক্ষা কার্যক্রম। আর এতে পড়েছিলাম দীর্ঘ সেশনজটে। তবে এই ক্ষতির ভেতর দিয়ে আমরা দেখছিলাম, কীভাবে বিভিন্ন দল-মতের মানুষ একটি গণতান্ত্রিক ব্যবস্থা আদায়ে ঐক্যবদ্ধ হচ্ছে; লড়ছে। সেই ধারাতেই ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন তিন জোটের ডাকা কর্মসূচিতে যোগ দিয়ে শহীদ হন নূর হোসেন। তাঁর বুকে-পিঠে কী লেখা ছিল; সেটা বোধ হয় নতুন করে বলার প্রয়োজন নেই।
আন্দোলন-সংগ্রামে বিভিন্ন জন ভূমিকা রাখেন বিভিন্নভাবে। নেতা না হয়েও অনেকের ভূমিকা হয়ে ওঠে বৈশিষ্ট্যপূর্ণ। তাদের কারও কারও মৃত্যু আবার আলোড়িত করে সারাদেশের মানুষকে। স্বল্পশিক্ষিত, গরিব ঘরের সন্তান নূর হোসেন হয়ে উঠেছিলেন তেমনই একজন। গণতন্ত্রের জন্য জনগণের আকাঙ্ক্ষাকে নিজ শরীরে ধারণ করে গুলিতে নিহত হওয়ার ঘটনা তাঁকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত করে। তাঁর সেই ছবি উঠে আসে সংবাদপত্রে, পোস্টারে; ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে এরশাদ সরকারের পতন ঘটে আরও পরে; ১৯৯০ সালের ডিসেম্বরের শুরুতে। কেন এই বিলম্ব– তার মূল্যায়নে নানা মত থাকাই স্বাভাবিক। তবে এটা ঠিক– নূর হোসেনের বীরোচিত মৃত্যু স্বৈরশাসন অবসানে রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
নিকট অতীতে, কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে রংপুরে আরেক গরিব ঘরের সন্তান, বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদের বীরোচিত মৃত্যুও মানুষকে তীব্রভাবে আলোড়িত করে। সময়ের পরিক্রমায় দেশে গেড়ে বসা আরেক স্বৈরাচারী শাসনের মূলে তা আঘাত হানে গভীরভাবে। প্রান্তিক দাবিতে গড়ে ওঠা একটি আন্দোলন ওই ঘটনার পর চলে যায় গণঅভ্যুত্থানের দিকে। সেই পথ ধরে ঘটে শেখ হাসিনা সরকারের পতন; গঠিত হয় অন্তর্বর্তী সরকার, তারপর নির্বাচনের মাধ্যমে আসে বর্তমান সরকার।
নূর হোসেন ও আবু সাঈদের মতো মানুষ ব্যাপক জনসাধারণের আকাঙ্ক্ষা ধারণ করে একেকজন অসাধারণ হয়ে ওঠেন ইতিহাসের দাবি পূরণ করতেই। আন্দোলন সফল হলে তাদের নামে অনেক কিছু করা হয়। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহারের ঘটনাও কম ঘটে না। সেই কাজ সম্পন্ন হলে তাদের বিস্মৃত হতেও অল্প সময় লাগে। তবে মানুষের মন থেকে তারা হারান না। ‘কালেক্টিভ মেমোরি’ও তাদের ধারণ করে রাখে, যা কিনা লিখিত ইতিহাসের পরোয়া করে না।
এখন প্রশ্ন হলো, ১৯৮৭ সালের নূর হোসেন আর ২০২৪ সালের আবু সাঈদের আত্মদানের ধারায় যে পরিবর্তনের পথে চলেছি, সেটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? এরশাদ শাসনের পতনের পর একটা ‘নির্বাচনী গণতন্ত্র’ অর্জন করেছিলাম, সন্দেহ নেই। তবে ওই আন্দোলনের ভেতর থেকে বেরিয়ে এসেছিল যে ‘তিন জোটের রূপরেখা’, তার বাস্তবায়ন হয়নি বললেই চলে। নূর হোসেনের রেখে যাওয়া পরিবারকে পুনর্বাসনের খবর আমরা পেয়েছি। কিন্তু তাঁর পিতাও জীবদ্দশায় ‘কাঙ্ক্ষিত গণতন্ত্র আসেনি’ বলে আক্ষেপ করে গেছেন।
গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে গণতন্ত্রের সূচনা হলেও এটাকেই গণতন্ত্র বলে বর্ণনা করা যায় না। এতে আরও কিছু শর্ত ও উপাদান ধারণের অপরিহার্যতা রয়েছে। তবে সেগুলো নিয়ে আলোচনার সুযোগও আর থাকেনি, যখন একটা পর্যায়ে এসে নির্বাচনী গণতন্ত্রটাও হারিয়ে যায়। সেই সূত্রেই দেশে বেড়ে ওঠে অন্যান্য অনিয়ম, অনাচার, অবক্ষয়।
আমরা লক্ষ্য করি, একটি রাজনৈতিক দলের প্রথম শাসনামলের চাইতে তার দ্বিতীয় আমলটি ভরে উঠেছে আরও বেশি গণতন্ত্রবিরোধী মনোভাব ও আচরণে। স্বৈরশাসনবিরোধী আন্দোলনে এক কাতারে থাকা দলগুলো ক্ষমতায় থেকে এবং না থেকেও পরস্পরকে যেনতেনভাবে ঘায়েল করতে গিয়ে গণতন্ত্রের সংগ্রামকেই দুর্বল করেছে। একের বিচ্যুতি বিপুল উৎসাহে অনুসরণ করেছে অন্যে; ডুবেছে বিচ্যুতির বিবরে। এর উদাহরণ হিসেবে বলা যায় নির্বাচন ব্যবস্থা বিনষ্ট করার কথা। রাষ্ট্রক্ষমতায় এসে অযথাই এটা শুরু করেছে এক পক্ষ। আরেক পক্ষ ক্ষমতা হাতে পেয়ে ঘটিয়েছে এর চরম অবনতি। এতে এরশাদ শাসনামলের মতোই যেনতেনভাবে নির্বাচন অনুষ্ঠান আর সেটার প্রতিহতকরণই থেকে গেছে রাজনীতির কেন্দ্রে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হাতবদল, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও গণতান্ত্রিক সংস্কারের পথে যাত্রা থেকে গেছে ‘নন-ইস্যু’ হয়ে।
আমরা অবশ্য যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের পরও গণতান্ত্রিক ব্যবস্থার ন্যূনতম শর্ত হিসেবে নির্বাচনকে সফল করতে পারিনি। ১৯৭৩ সালের নির্বাচনকে অযথাই প্রশ্নবিদ্ধ করা হয় বিরোধী দলকে অল্প কিছু আসনেও জিততে না দিয়ে। বিরোধী দলকে তার প্রাপ্য জায়গাটুকু দেওয়ার রাজনীতির চর্চাটা করা গেলে আমরা হয়তো অনেক সর্বনাশই এড়াতে পারতাম। তার মেরামত কাজও পরে অসম্পূর্ণ থেকে যায়।এরই সুযোগ নেয় অপ্রচলিত শক্তি। গণতান্ত্রিক অধিকার হরণ করে তারা অবশ্য উন্নয়ন ও সংস্কারের পথে মানুষের মন জয়ের প্রয়াস চালান। তবে জনগণ সেটা গ্রহণ করেনি। কেননা, এ দেশটার জন্মই হয়েছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে করতে। অনেক পরে তাতে নতুন করে শামিল হতে হয় নূর হোসেনকেও।
এখন প্রশ্ন হলো, নূর হোসেনের পর আবু সাঈদ যে লড়াইয়ে জীবন দিলেন, তার ফলে আমরা কী পেলাম? তিনি যে গণঅভ্যুত্থানের সূত্রপাত করে গেলেন, তার ঘোষিত লক্ষ্য তো গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম। একটি বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ের কথাও উঠে এসেছিল। মুক্তিযুদ্ধেও এসব মূল্যবোধ ছিল আমাদের সামনে। তবে মুক্তিযুদ্ধের মূলে ছিল যে স্বাধিকার আন্দোলন, তাতে নেতৃত্ব দানকারী দলটি চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ‘মাঠের বাইরে’। অবশ্য দেশে তাদের অনুসারী-অনুরাগীর সংখ্যা কম নয়। দলটির মধ্যে যারা অপরাধমুক্ত, তাদের কীভাবে নতুন যাত্রায় অন্তর্ভুক্ত করা হবে– সেটাও প্রশ্ন।
এর নিষ্পত্তির পাশাপাশি গণঅভ্যুত্থানের আগে থেকে আলোচিত রাষ্ট্র সংস্কারের দাবিকে কেবল ‘সুশীল সমাজের বিষয়বস্তু’ করে রাখা চলবে না। রাজনীতিতে ভিন্নমত ও পথকে জায়গা দেওয়ার পাশাপাশি অর্থনীতিতেও সবার প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। এক গোষ্ঠীতন্ত্রের জায়গায় আরেক গোষ্ঠীতন্ত্রের উত্থান অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুযোগ করে দেবে না। সরকারের নীতি-কৌশলে থাকতে হবে ইতোমধ্যে আরও বেড়ে ওঠা কর্মহীনতা ও বৈষম্য কমিয়ে আনার মনোবৃত্তি। এটাও মনে রাখা চাই, নূর হোসেন ও আবু সাঈদ দুজনেই এসেছিলেন গরিব পরিবার থেকে। যত দিন যাচ্ছে; বড় বড় আন্দোলন-সংগ্রামে বাড়ছে শ্রমজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ। তাদের ন্যায্য অন্তর্ভুক্তি ছাড়া গণতন্ত্র সফল হবে না।
হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক
