দেশে শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে। ২০২২ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির পর বেশ কিছুদিন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছিল বন্ধ। এ সময়ে সর্বস্তরে নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে কিছু ক্লাস নেওয়া হলেও তা ছিল অপ্রাযপ্ত। সর্বত্র এই সুযোগও ছিল না। শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা কার্যত ছিলেন গৃহবন্ধী। পরবর্তীতে নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেওয়া হলেও সেসব ছিল অসম্পূর্ণ- সীমিত সিলেবাস ও নম্বরের ওপর। এই ক্ষত পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে এমন বলা যাবে না। সর্বোপরি প্রায়ই শিক্ষকদের বর্ধিত বেতন-ভাতা ও পদোন্নতির দাবিতে বিভিন্ন সময়ে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এর আওতায় ছিল প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাও।

\r\nদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে। অধিভুক্ত অধিকাংশ কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স রয়েছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদান একেবারে হতাশাব্যাঞ্জক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেন্সল অধ্যাপক ড. এ এসএম আমানুল্লাহ গত রবিবার নিজেই ক্যাম্পাসে সিনেট সভায় স্বীকার করেছেন যে, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ ৩৩ বছর অতিবাহিত হলেও দুর্ভাগ্যজনকভাবে এটি কাক্সিক্ষত উচ্চতায় পৌঁছাতে পারেনি। জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে পরিবর্তেনের যে সুযোগ এসেছে তার সদ্ব্যবহার করে বর্তমান প্রশাসন এই বিশ্ববিদ্যালয়েকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সংস্কার কার্যক্রম ও পরিকল্পনা হাতে গ্রহণ করেছে।

এসব পর্যায়ক্রমে বাস্তবায়িত হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আসবে এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। \r\nদেশে উচ্চ শিক্ষিত বেকারের সিংহ ভাগ আসছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, যা প্রায় ৬২ শতাংশ। এর অন্যতম কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী সমাজবিজ্ঞান বা কলার মতো বিভিন্ন বিষয়ে পড়েন, যেগুলোর বাজার চাহিদা কম। তথ্যানুযায়ী, জাতীয় বেকারত্বের হারের তুলনায় ১৫-২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় দ্বিগুণ। এই তরুণদের মধ্যে যারা আবার টারশিয়ারি তথা উচ্চশিক্ষা নিয়েছেন, তাদের মধ্যে বেকারের হার সর্বোচ্চ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অংশ আবার স্বেচ্ছায় বেকার থাকেন। তারা সরকারি চাকরির জন্য ৩-৪ বছর ধরে অপেক্ষা করেন। উচ্চ শিক্ষিত বেকার বৃদ্ধির এটিও অন্যতম কারণ বলা যায়।\r\nজাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রায় ২ হাজার ৫০০ কলেজ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এসএম আমানুল্লাহ। এসব কলেজের গভর্নিং বডি আবার অনেক বেশি রাজনৈতিকভাবে সমালোচিত। শিক্ষার মান নিয়েও রয়েছে প্রশ্ন। যত্রতত্র পড়ানো হচ্ছে মাস্টার্স কোর্স। প্রযুক্তিগত শিক্ষা নিয়ে চলছে অরাজকতা। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেকারের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ প্রয়োজন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী বা কারিগরি শিক্ষার সম্প্রসারণ করতে হবে। এক্ষেত্রে দরকার সরকারের নীতিনির্ধারণী মহলের দূরদর্শী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন।