নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলের স্থায়ী কেন্দ্র বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়েছে গত সপ্তাহে। এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁয় দেশীয় উৎপাদক, রপ্তানিকারক, প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী এবং কতিপয় বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দেশি-বিদেশি উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, ক্ষুদ্রশিল্প ও ব্যবসায়ীদের অংশগ্রহণে সমৃদ্ধ হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এটি নিছক বিবিধ পণ্যের প্রদর্শনী নয়, বরং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিনিয়োগ আকর্ষণেরও অন্যতম একটি মাধ্যম। এটি বাংলাদেশের নতুন নতুন উদ্যোগ, উদ্ভাবন ও সৃজনশীল পণ্যের প্রদর্শনীর আকর্ষণীয় একটি কেন্দ্র।
\r\nবাণিজ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যথার্থই বলেছেন, বাংলাদেশ আজ বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। রপ্তানি বাণিজ্যের উন্নয়ন, বহুমুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ, বাজার সংযোগ, অর্থনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক প্রতিযোগিতা সম্প্রসারণ, দেশের ভাবমূর্তি উন্নয়ন এবং বিদেশি ক্রেতা ও বিনিয়োগ আকর্ষণও বাণিজ্যমেলা আয়োজনের উদ্দেশ্য। বাণিজ্যমেলা আয়োজনের মাধ্যমে দেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে গড়ে ওঠে ইতিবাচক ধারণা। এটি প্রতিনিয়ত বাংলাদেশকে বিশ্ববাজারে সংযুক্ত করে চলেছে। এবারে বাণিজ্যমেলার বর্ষসেরা পণ্য ঘোষণা করা হয়েছে পেপার অ্যান্ড প্যাকিজিং প্রডাক্টস।
\r\n২০২২ সালে রাজধানীর আগারগাঁও থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থানান্তরিত হয় এ মেলা। সেখানে আধুনিক ও স্থায়ী অবকাঠামোতে পঞ্চমবারের মতো মেলা হচ্ছে। এতে বাহ্যিক কিছুটা পরিবর্তন এলেও আগারগাঁওয়ের বাণিজ্যমেলার বারোয়ারি চেহারা বদলায়নি। নতুন জায়গাতেও অধিকাংশ স্টল-প্যাভিলিয়ন জুড়ে শুধু গৃহস্থালি পণ্য, তৈরি পোশাক আর খাবারের সম্ভার সাজিয়ে রাখা হয়েছে। এবারে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তরাঁর মধ্যে বিদেশি প্রতিষ্ঠান মাত্র ১১টি। অনেক বছর ধরেই সংখ্যাটি ১৫-এর নিচে আটকে আছে।\r\nদেশি পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মেলার আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। শুরু থেকেই এ মেলায় বারোয়ারি পণ্য বেচাবিক্রি হচ্ছে। ফলে গত তিন দশকেও আন্তর্জাতিক হওয়ার ধারে কাছেও পৌঁছাতে পারেনি বাণিজ্যগুলো। আমাদের প্রত্যাশা, পর্যায়ক্রমে হলেও সংশ্লিষ্ট মেলা কর্তৃপক্ষ একে প্রকৃত অর্থে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় রূপ দেওয়ার জন্য সচেষ্ট থাকবে।
