সম্প্রতি আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিদর্শন প্রতিবেদনে রপ্তানির নামে বিপুল পরিমাণ অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠে এসেছে দেশের এক রপ্তানিকারকের বিরুদ্ধে। পাচারকৃত টাকার পরিমাণ প্রায় ৮৭৬ কোটি টাকা। বিষয়টি উদ্বেগজনক। সাধারণত দেশ থেকে ঘুষ-দুর্নীতি, আর্থিক অপরাধ, মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য, ব্যাংক থেকে চুরি করা টাকা, খেলাপি ঋণের অর্থ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো, শেয়ারবাজার কেলেঙ্কারি, কর ফাঁকি- এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করা হয়।

বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি কেনা কিংবা ব্যবসায় বিনিয়োগ করার অজুহাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশে টাকা পাচার হয়ে থাকে। এসব অর্থ পাচারের সঙ্গে জড়িত কতিপয় দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও আমলা। \r\nবাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এক গবেষণায় দেখা যায়, দেশ থেকে পাচার হওয়া মোট অর্থের প্রায় ৭৫ শতাংশই পাচার হয় বাণিজ্যের মাধ্যমে। পণ্যের দাম কম-বেশি দেখিয়ে এবং জাল দলিল তৈরি করে আমদানি ও রপ্তানির মাধ্যমে অর্থ পাচার হয়। কোনো কোনো ক্ষেত্রে যা ঘোষণা থাকে বাস্তবে পণ্যের প্রকৃত মূল্য এর চেয়ে অনেক বেশি। এক পণ্যের আড়ালে আনা হয় অন্য পণ্য। অনেক সময় শর্ট শিপিংয়ের মাধ্যমেও টাকা পাচার করা হয়।

অর্থাৎ, আমদানির পরিমাণ বেশি উল্লেখ করা হয়। কিন্তু দেশে পণ্য উল্লিখিত পরিমাণের চেয়ে কম আসে। এর বাইরে মাল্টি ইনভয়েসিং তথা একই চালানের নামে একাধিকবার অর্থ পাঠিয়েও টাকা পাচার করা হয়। বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের সুযোগ ও ব্যাপকতা অন্য মাধ্যমের চেয়ে বেশি। জালিয়াতি বা মিথ্যা ঘোষণাই হচ্ছে বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিংয়ের ভিত্তি। \r\nকম মূল্য দেখিয়ে পণ্য আমদানি একদিকে যেমন সরকারের রাজস্ব আয় কমিয়ে দেয়, অন্যদিকে ঘটে ব্যাপক অর্থ পাচারের ঘটনা, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এমনিতেই আমাদের মতো উন্নয়নশীল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সবসময় টানাপোড়েন থাকে। এর মধ্যে বাণিজ্যের আড়ালে মুদ্রা পাচার দেশে অবৈধ আয়ের পথকে উৎসাহিত করে। তাতে বিস্তার লাভ করে অপরাধমূলক কর্মকাণ্ড। এক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা দরকার। আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে জড়িত আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের নৈতিকতা চর্চার ওপর গুরুত্ব দেওয়া জরুরি। সর্বোপরি অর্থপাচার রোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে, যেন অবৈধ পথে অর্থ উপার্জন ও অর্থ পাচারকে সমাজ ঘৃণার চোখে দেখে। অর্থনীতিবিদদের মতে, ব্যাংক খাত, শেয়ারবাজার এবং বৈদেশিক বাণিজ্য খাতে দুর্নীতি বন্ধ করা বা কমানো সম্ভব হলে অর্থ পাচার অনেকাংশে কমে আসতে পারে।