চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। প্রতিদিন অসংখ্য রোগী ও স্বজন চিকিৎসাসেবা নিতে এখানে আসেন। এমন সংবেদনশীল এলাকায় ওষুধ বিক্রিকে ঘিরে অনিয়ম, অতিরিক্ত দাম বা রোগীর অসহায়ত্বকে কাজে লাগানোর কোনো অভিযোগ থাকলে তা প্রশাসনের জন্য উপেক্ষার বিষয় হতে পারে না। হাসপাতালের নিচে ও আশপাশের ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি হয় কী? ওষুধের মূল্যতালিকা, লাইসেন্স, মেয়াদ, সংরক্ষণ ও বিক্রয়প্রক্রিয়া যথাযথভাবে যাচাই করা হচ্ছে কি। অভিযোগ পাওয়ার পর তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নজির কোথায়।

প্রশাসনের দায়িত্ব শুধু মাঝেমধ্যে অভিযান পরিচালনা নয়; নিয়মিত পরিদর্শন, অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা, অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং তদারকির ফলাফল প্রকাশ করাও জরুরি। রোগীর দুর্বল অবস্থাকে কোনোভাবেই বাণিজ্যের সুযোগ হতে দেওয়া উচিত নয়। হাসপাতাল এলাকায় ওষুধের ব্যবসা চলবে, কিন্তু রোগীর অধিকার ও নিরাপত্তার বিনিময়ে নয়।

-মুহিবুল হাসান রাফি, শিক্ষার্থী,

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

অর্থ পাচার

অর্থের পাচার বলতে বর্ডার বা যানবাহনে করে নিজ দেশের টাকা অন্য কোন দেশে প্রেরণ বোঝানো হয় না। মূলত অর্থ পাচার হলো অবৈধভাবে একটি দেশের রিজার্ভ হারানো। অনেকে বিলাসবহুল জীবনের আকাঙ্ক্ষা, বিনা করে বাণিজ্য করার লোভ, দুর্নীতি করে ধরা পড়ার ভয়ে অর্থ পাচার করে থাকে। আমাদের দেশে কর ফাঁকি দেয়া, মাদক দ্রব্যের ব্যবসা, চাঁদাবাজি ইত্যাদির মাধ্যমে অর্থ পাচার হয়। দুর্নীতিবাজরা নিরাপদ থাকার জন্য এ অবৈধ কাজ করে। প্রতিবছর আমাদের দেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়ে যায়। এর কোনো শক্তিশালী জবাবদিহিতা হয় না। এ অপচর্চার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপও নেয়া হয় না। তাই দুর্নীতিবাজরা দিব্যি নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে নতুন করে বিলাসবহুল জীবন কাটাতে পারে। যথাসম্ভব দ্রুত এ জটিল মহামারি প্রতিরোধ করা প্রয়োজন। সেটি না হলে দেশ কখনোই অর্থ পাচার-এর পশ্চাৎ থেকে সম্মুখে অগ্রসর হতে পারবে না।

-মোসা: আওরিয়া মিমি,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।