আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’কে আইনে রূপান্তর করতে যাচ্ছে বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধানও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি বলেছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় তারা। এ বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার গঠনের পর বিএনপি অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে (সমকাল, ৪ এপ্রিল ২০২৬)।
সমকালের প্রতিবেদনে যথার্থই বলা হয়েছে, অধ্যাদেশটি শাস্তির বিধানসহ আইনে পরিণত হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে আরও বেগ পেতে হবে। কিন্তু যে কোনো রাজনৈতিক দলই ভাঙা-গড়া আর উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। কালে কালে দেশে দেশে মানুষ এই সত্য দেখে আসছে। একেকটি দল পতনের অতল গহ্বর থেকেও উঠে আসার বিস্তর উদাহরণ রয়েছে। গণভিত্তি, জনসংযোগ ও নিজেকে নবায়ন ছাড়া কোনো রাজনৈতিক দলের পক্ষেই চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে টিকে থাকার নজির নেই। কথাগুলো আওয়ামী লীগের ক্ষেত্রেও সত্য। এখন প্রশ্ন, বিদ্যমান পরিস্থিতিতে দলটি কী করবে?
বাস্তবতা হচ্ছে, দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের এই মুহূর্তে গণভিত্তি থাকলেও জনসংযোগ নেই। না থাকার অন্যতম প্রধান কারণ দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা। তাই বলে এই অজুহাতে আওয়ামী লীগের মতো বিশাল জনসমর্থনের একটি দল হাত গুটিয়ে বসে থাকবে? গত দেড় বছর কার্যত হাত-পা গুটিয়ে রাজনৈতিক দৃশ্যপট থেকে ছিটকে পড়া ছাড়া দলটি আর কী-ইবা অর্জন করেছে? দলটির নেতাদের এই নিরুদ্দিষ্ট অবস্থান কেবল দলীয় কর্মী বা সমর্থকের উদ্বেগের বিষয় নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক ভারসাম্য রক্ষারও প্রশ্ন।
বর্তমানে যারা ক্ষমতার পাদপ্রদীপে আছেন; রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন তাদের জন্যও জরুরি। ক্ষমতাসীনরা যদি মনে করে থাকেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় তারা খালি মাঠে গোল দিয়ে যাবেন, ভুল করবেন। প্রকৃত প্রতিপক্ষবিহীন রাজনৈতিক ময়দানে ক্ষমতাসীনরা খালি মাঠে গোল দিতে দিতে একসময় ক্রীড়ানৈপুণ্যই হারিয়ে ফেলবেন। ঠিক যেমনটি ঘটেছে আওয়ামী লীগের ক্ষেত্রে, টানা চার মেয়াদে প্রতিপক্ষবিহীন মাঠে গোল দিতে গিয়ে। প্রতিপক্ষ না থাকলে দলের সাংগঠনিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হয়; রাজনৈতিক চর্চা স্থবির হয়ে পড়ে। প্রতিকূল অবস্থায় আত্মরক্ষা করার ক্ষমতাটুকুও হ্রাস পায়। এ রকম বিপদের দৃষ্টান্ত ইতিহাসের পাতায় আওয়ামী লীগের আগেও অগণিত রয়ে গেছে।
যা হোক, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই মুহূর্তে পরিস্থিতি কী? ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দলটির নেতৃত্ব সাংগঠনিকভাবে কার্যত অচল এবং প্রায় নির্লিপ্ত। একই সঙ্গে দলটি এখনও সর্বতোভাবে সভানেত্রী শেখ হাসিনাকেন্দ্রিক। আওয়ামী লীগের দিক থেকে দেখলে এর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। ইতিবাচক দিকটি হচ্ছে, দলীয় নেতৃত্বের প্রতি কর্মী-সমর্থকদের আস্থার কোনো ব্যত্যয় ঘটেনি। নেতিবাচক দিক হলো, ব্যক্তিনির্ভরতা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। ব্যক্তি শত শত বছর বেঁচে থাকেন না। কিন্তু দেশ টিকে থাকে হাজার হাজার বছর। রাজনৈতিক দলও শতকের পর শতক ধরে তার রাজনৈতিক কাঠামো ও ধারণা জিইয়ে রাখতে পারে বিবিধ সময় ও পরিস্থিতিতে মানুষের প্রয়োজনের পক্ষে অবস্থান পরিবর্তন, পরিশীলন এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আত্তীকরণের মাধ্যমে। এ রকম বাস্তবতার বড় উদাহরণ আওয়ামী লীগ নিজেই।
মূলত মুসলিম লীগ থেকে বিভক্ত হয়ে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে ‘মুসলিম’ শব্দটি ঝেড়ে ফেলে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করেছিল। এরপর দলটি বারবার বিপর্যয়ের মুখে পড়েছে; ঘুরেও দাঁড়িয়েছে। কোনো রাজনৈতিক দলের ঘুরে দাঁড়ানোর এই অর্থ এটা নয়– এক লাফে ক্ষমতায় চলে যাবে।
আওয়ামী লীগের মতো একটি জনমুখী রাজনৈতিক শক্তিকে মানুষের আনন্দ ও বেদনার সঙ্গে থেকে, তাদের কষ্ট আর উচ্ছ্বাসের প্রতিধ্বনির অংশ হয়েই টিকে থাকতে হয়। এই সত্য আওয়ামী লীগকে বুঝতে হবে। কারণ রাজনীতি হচ্ছে বিদ্যমান পরিস্থিতির সঙ্গে বোঝাপড়ার বিরল রসায়ন। রাজনীতি কখনও কখনও আপসের চূড়ান্ত রূপ। কেননা, রাজনীতি মানে সবাইকে নিয়ে চলা, বিশেষত গণতান্ত্ৰিক চর্চায়। এ ক্ষেত্রে পর্দার বাইরে দৃশ্যত যা-ই দেখা যাক, রাজনৈতিক বিবেচনা থেকেই ক্ষমতাসীনরা আওয়ামী লীগ ফিরে আসার পথের কাঁটা দূর করতে পারে। অনির্বাচিত অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেও নির্বাচিত সরকার সেটা পারে না। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলকেই কার্যক্রম নিষিদ্ধ রাখার যুক্তি নেই।
নির্বাচনের আগে বিএনপির যুক্তি ধার করেই বলা যায়, যদি কোনো রাজনৈতিক দলকে অপ্রাসঙ্গিক করে রাখতে হয়, সেটা জনগণের রায়ের ওপরই ছেড়ে দিতে হবে; নির্বাহী আদেশে নয়। তবে দলীয় কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেই যে আওয়ামী লীগের সামনের রাস্তা মসৃণ হয়ে যাবে– এমন ভাবারও কারণ নেই। এখন তবু কার্যক্রম নিষিদ্ধ থাকার অজুহাতে দলীয় নেতৃত্ব গা বাঁচিয়ে চলতে পারছেন। তারা কিছুটা হলেও দায় এড়াতে পারছেন। নিষেধাজ্ঞা উঠে গেলে তাদের সামনে দলকে পুনর্গঠন, আবার বিপর্যস্ত কর্মী-সমর্থকদের পুনৰ্বাসন ও পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রয়োজন কার্যকর সাংগঠনিক কাঠামো আর দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান তরুণ নেতৃত্ব। গত ১৫ বছর ক্ষমতায় থাকার খেসারত হিসেবে দলটির সাংগঠনিক কাঠামো সেই হিম্মত হারিয়ে ফেলেছে অনেকাংশে। যে কারণে দলটি এখন পর্যন্ত অনেকটাই সভানেত্রীনির্ভর। বাকিদের কারও ওপরেই দৃশ্যত শেখ হাসিনার শূন্যস্থান পূরণ করে আস্থাভাজন হওয়ার পূর্বাভাস কোনো তরফ থেকেই প্রতীয়মান হয়নি এখন পর্যন্ত।
দৃশ্যত শেখ হাসিনার পক্ষেও কার্যকরভাবে নেতৃত্ব আঁকড়ে থাকার বাস্তবতা নেই। অবস্থাটা এ রকম, শেখ হাসিনাকে ছাড়া দলটি চলছে না, চলবেও না। আবার দল যে অবস্থায় আছে, এখন এটাকে চলাও বলা যায় না। সামনে এই বাস্তবতা নিয়ে চলা আরও অসম্ভব। আওয়ামী লীগের তরফে ভারতে অবস্থান করে আদালতের সাজা মাথায় নিয়ে দলীয় নেতৃত্ব জাহির করার সুযোগও সীমিত হয়ে আসবে দিন দিন। সে ক্ষেত্রে সংগত হবে বিকল্প জায়গা থেকে দলের কার্যক্রম, প্রচার-প্রচারণা আর সমন্বয় করা। এ জন্য হয় তো শেখ হাসিনাকে আড়ালে থেকেই অন্য কোনো মুখের মাধ্যমে নেতৃত্বের কথা ভাবতে হবে।
রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য বিকল্প নেতৃত্ব কে বা কারা হবেন, তা দলের স্বার্থে শেখ হাসিনাকেই ঠিক করে দিতে হবে। তখন বিকল্প নেতৃত্বের সামনে দাবি-দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য থাকবে দলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে সত্য-মিথ্যা সব মামলা মোকাবিলা বা প্রত্যাহার। একই সঙ্গে ক্ষমতাসীনদের সঙ্গে নানা পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি। এখানে একটা কথা বলি, রাজনীতি এবং কূটনীতিতে আনুষ্ঠানিক আলাপচারিতার চেয়ে পর্দার আড়ালে অনানুষ্ঠানিক যোগাযোগ আর বোঝাপড়ার মাজেজা অধিকতর কার্যকর। আওয়ামী লীগকে এখন সেই অনানুষ্ঠানিক রাজনীতি আর কূটনীতির পথটাও বাতলে দিতে ও নিতে হবে।
নেতৃত্বের সংকট খোলাসা হয়ে গেলে দলের পুনর্গঠন আর পুনরুদ্ধারের কতগুলো জরুরি সমন্বিত কমিটি গঠন করা প্রয়োজন হবে। আইন কমিটি, পুনর্বাসন কমিটি, সাংগঠনিক কমিটি, গণমাধ্যম কমিটি, আন্তর্জাতিক কমিটি, গবেষণা কমিটি; সেই সঙ্গে দলের বিদ্যমান উপকমিটির আদলের কমিটিগুলো পুনর্জীবিত করে নতুন মুখের সমাবেশ ঘটানো। এই উপকমিটির প্রথম কাজ হবে নিজ নিজ উপকমিটির আত্মবিশ্লেষণ করে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করা এবং এসব দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য করণীয় নির্ধারণ। আত্মবিশ্লেষণের প্রতিটি সমীক্ষা প্রতিবেদন সমন্বয় করে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া।
একটা কথা বলে রাখি, ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে আওয়ামী লীগের অবদান, মুক্তিযুদ্ধে দলটির নেতৃত্ব কেউ চাইলেও মুছে ফেলতে পারবে না। পঁচাত্তরের ১৫ আগস্টের ট্র্যাজেডির পর শেখ হাসিনা দেশে ফিরে যেভাবে দলকে গুছিয়েছেন এবং ক্ষমতায় নিয়ে গেছেন, সেটাও কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের প্রতিপক্ষরা যা-ই বলুক, নেতৃত্ব পর্যায়ে বিচলিত না হয়ে দলের ভেতরে আত্মবিশ্লেষণ ও গবেষণা বাড়িয়ে কর্মীদের নিবিড়ভাবে কাজ করে যাওয়ার দিকনির্দেশনা আর প্রণোদনা দিতে হবে দলটির আগামীর নেতৃত্বকে।
দলীয় মুখপাত্র বলতে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে অবশিষ্ট কিছু নেই। দলটিকে একটি চৌকস টিম গড়ে তুলতে হবে, যারা পেশাদারিত্বের সঙ্গে দেশি ও বিদেশি সংবাদমাধ্যমে দলের বক্তব্য ও যুক্তি তুলে ধরতে পারবে। এই মুহূর্তে আরও প্রাসঙ্গিক শেখ হাসিনা এবং শেখ রেহানার পুত্র-কন্যা এবং তাদের তোষণে ব্যস্ত এক দল উচ্চফলনশীল ব্যক্তির কবজা থেকে দলীয় থিঙ্কট্যাঙ্কগুলোকে উদ্ধার করে নতুন রাজনৈতিক বাস্তবতার নিরিখে টিম পুনর্গঠন করা।
মনে রাখতে হবে, আওয়ামী লীগের গর্বিত অতীত নিয়ে আপ্লুত হয়ে বসে থাকার দিন আর নেই। সেই গর্বের ইতিহাস থাকবে চর্চায়, তবে তা রাজনৈতিক বক্তব্যে চর্বিতচর্বণ করার সুযোগ আর নেই। মানুষের জীবনের গতি পাল্টে গেছে। মানুষের রুটি ও রুজির কাজে রোবট ভাগ বসিয়েছে। এই প্রজন্মের একজন তরুণের কাছে ইতিহাসের আবেগের গুরুত্ব আছে বটে। তাই বলে তার জীবনের আসন্ন প্রয়োজনের চেয়ে বেশি নয়। একজন বেকার তার চাকরির কথা শুনতে চায়। বিস্তর অর্থনৈতিক কর্মসূচির কথা, তার রুটি-রুজির নিশ্চয়তার কথা, জীবন ও বাস্তবতার দাবির পক্ষের কর্মযজ্ঞের চিত্র তার সামনে তুলে ধরা জরুরি। এসব যাদের দিয়ে হবে, সেই মুখগুলোই আওয়ামী লীগকে সামনে নিয়ে আসতে হবে।
বর্তমান প্রধানমন্ত্রীর বয়স ষাটের কোঠায়। সেটা মনে রেখে আওয়ামী লীগের আরও তরুণ ও তুখোড় একঝাঁক প্রত্যয়ী দেশপ্রেমিক, সৎ ও দক্ষ মানুষের সমাবেশ ঘটানো দরকার। শেখ হাসিনা ১৯৮১ সালে যখন দলের হাল ধরেছিলেন, তখন তাঁর বয়স ছিল তিরিশের কোঠায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন, তখন তাঁর বয়স ছিল পঞ্চাশের কম। পেছনে ছিল তাঁর চেয়েও তরুণতর লাখ লাখ অনুসারী। আওয়ামী লীগ আজকের বাস্তবতায় কি সেই জায়গায় আছে?
আমার মতো আম আদমির চেয়ে আওয়ামী লীগ নেতৃত্বের কাছে মাঠের ও কেন্দ্রের খবর বেশি থাকার কথা। তারপরও বলছি, আওয়ামী লীগের এখনকার বাস্তবতা ১৯৪৯ সালের মতো। অনেকটা শূন্য থেকে শুরু করে তিলে তিলে সবকিছু ঠিক করতে হবে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।
যে কোনো রাজনৈতিক দলের শুধু গণভিত্তি থাকলেই হয় না; গণভিত্তিকে নিজেদের অনুকূলে ধরে রাখার জন্য জনসংযোগ আর জনসম্পৃক্ততা প্রয়োজন, যা ১৯৪৯ সালে দল গঠন করে ১৯৫৪ সালের নির্বাচনে দেখিয়ে দিয়েছিল মওলানা ভাসানী, শামসুল হক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। এখনও সংগঠনকে পুনরুজ্জীবিত করতে হলে ১৯৪৯ সালের দলের শুরুর ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এসবের পাঠ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে আছে।
ভুলে যাওয়া চলবে না, বর্তমান আওয়ামী লীগের অবস্থা পঁচাত্তর-পরবর্তী আওয়ামী লীগের অবস্থার চেয়েও সঙ্গিন। ওই সময়ে বঙ্গবন্ধুর গড়ে তোলা দেশের আনাচে-কানাচে ঝাঁকে ঝাঁকে সংগঠক ছিল। সমস্যা হলো, আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের লোকজনের কথাবার্তা আর হাব-ভাবে মনে হয়, তারা এখনও ক্ষমতাসীন; কিছু সময়ের জন্য বিরতিতে আছেন। এই ভাবের একটু ভাবান্তর দরকার। আর মরীচিকার পেছনে ছোটা বন্ধ করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ কার্যত অপেক্ষায় ছিল_ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তাদের জন্য পথ পরিষ্কার হয়ে যাবে। এর পরের অপেক্ষা– ভারতের পক্ষ থেকে কিছু একটা করা হবেই। আওয়ামী লীগের বন্ধুদের স্মরণ করিয়ে দিতে চাই, ভারত প্রথমত দেখবে ভারতের স্বার্থ, দ্বিতীয়ত দেখবে ভারতের স্বার্থ এবং শেষতকও তা-ই দেখবে। দুটি দেশের সম্পর্ক বাস্তবিকই সরকারে সরকারে। রাজনৈতিক দল সরকারে না থাকলে অন্য দেশের কাছে তার মূল্য সামান্যই। আর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশের বন্ধুরাও কীভাবে মুখ ফিরিয়ে নিতে পারে, এর উদাহরণ বাংলাদেশের বাইরে অন্যান্য দেশেও রয়েছে। এই সত্য আওয়ামী লীগ যত তাড়াতাড়ি উপলব্ধি করবে ততই মঙ্গল। দেশে হাজার হাজার নেতাকর্মী কারাগারে; আর গত দেড় দশকের দাপুটে নেতারা বিদেশে বসে আন্তর্জালে চেহারা দেখাবেন, বয়ান ছাড়বেন– এটা বেশি দিন চলতে পারে না।
একই সঙ্গে আওয়ামী লীগকে সতর্ক করিয়ে দিতে চাই– বিগত দশকগুলোতে মূলধারার বাংলা মাধ্যম, মাদ্রাসা এবং ইংরেজি মাধ্যম মিলে ত্রিমুখী শিক্ষাব্যবস্থার অধীনে যে শিক্ষিত শ্রেণি গড়ে উঠেছে, তা মোটা দাগে আওয়ামী লীগের প্রতিকূলে। এই প্রতিকূলতা মোকাবিলা করার দাওয়াই আওয়ামী লীগকেই উদ্ভাবন করতে হবে। সে জন্য থাকতে হবে অনেক পথ হাঁটার প্রস্তুতি। তারও আগে বেরিয়ে পড়তে হবে রাজনৈতিক ও মানসিক ঘেরাটোপ থেকে।
আনিসুর রহমান: কবি ও নাট্যকার anisur.rahman@studieframjandet.se
