দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস ও অমানবিক ঘটনায় জাতির বিবেক গভীরভাবে নাড়া দিয়েছে। তরুণ প্রজন্মের নেতা হাদির মৃত্যু, ময়মনসিংহে এক সনাতন ধর্মাবলম্বী তরুণকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরের ভেতরে অগ্নিকাণ্ডে এক শিশুর প্রাণহানির মতো ঘটনা সমাজে মানবিক মূল্যবোধের ভয়াবহ সংকটকে সামনে এনেছে।

এসব ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আওয়াজ উঠেছে। সচেতন নাগরিকরা বলছেন, মানুষের ভেতরে মনুষ্যত্ব ও নৈতিকতার চর্চা না থাকলে এমন বর্বরতা বন্ধ করা সম্ভব নয়। মানুষের মধ্যে সম্মানবোধ, সহনশীলতা ও মানবিক চেতনা জাগ্রত করাই এখন সবচেয়ে জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সম্মানজনকভাবে বেঁচে থাকার অধিকার প্রত্যেক মানুষের মৌলিক মানবাধিকার, যা কোনো রাষ্ট্রীয় সীমানায় সীমাবদ্ধ নয়। এই অধিকার রক্ষায় সামাজিক আন্দোলন জোরদার করা এখন সময়ের দাবি।

একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তারা কয়েকটি করণীয়ের ওপর গুরুত্ব দেন। এর মধ্যে রয়েছে—দুর্নীতিমুক্ত সমাজ গঠন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আইনের শাসন কার্যকর করা, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সংখ্যালঘু ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করা।

সচেতন মহলের মতে, ব্যক্তি মানুষের নৈতিক উন্নয়ন ছাড়া সামাজিক সংস্কার সম্ভব নয়। ব্যক্তি যদি নিজের ভেতর মানবিকতা জাগ্রত করতে পারে, তবেই একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

লেখক: রাজীব কুমার ঘোষ সহধর্ম বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল