বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন শুধু রাজনৈতিক ক্ষমতার পালাবদলের বিষয় নয়, এটি সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী ও ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা, মর্যাদা ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার এক বড় সুযোগ। বছরের পর বছর ধরে হামলা, জমি দখল, এবং সামাজিক বৈষম্য তাদের জীবনে প্রায় অভ্যস্ত হয়ে গেছে। আগস্ট ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী দেশে ২৬০০টির বেশি ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। নির্বাচন যদি সত্যিই অন্তর্ভুক্তিমূলক হয়, তবে তা হবে নতুন বাংলাদেশের ভিত্তি।

সংখ্যালঘু জনগোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে নির্বাচন মানে শুধু ভোট নয়; এটি তাদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করার এক বড় সুযোগ।\r\nএই লেখাটি প্রস্তুত করতে আমার দেশের বিভিন্ন অঞ্চলের খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছি। সাবেক সেনা কর্মকর্তা যাকোব কুইয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং তিনবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি বলেন, আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হোক। সংখ্যালঘু সম্প্রদায় যেন নির্ভয়ে ভোট দিতে পারে। উত্তরবঙ্গের আদিবাসী নেতা প্রদীপ হেমব্রম, প্রকাশনা সম্পাদক, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটি বলেন, নির্বাচনের সময় আদিবাসীরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকে।

ভূমি দখল এবং সহিংসতার অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, সরকারকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোটের সময় এবং নির্বাচনের পরেও আদিবাসীরা যেন নিরপেক্ষভাবে শান্তিতে থাকতে পারে, তা নিশ্চিত করতে হবে। \r\nসংখ্যালঘু সম্প্রদায় এই নির্বাচনের আগে সরকারের কাছে স্পষ্ট বার্তা দিতে চাইছে। পাহারা বা পুলিশ উপস্থিতি থাকলেই নিরাপত্তা আসে না। যে দিন আমরা স্বাধীনভাবে পূজা বা বড়দিন পালন করতে পারব, সেই দিনই হবে প্রকৃত স্বাধীন বাংলাদেশ। সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি হলো সুষ্ঠু রাজনৈতিক অংশগ্রহণ। হিন্দু সম্প্রদায়ের নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের ব্যবহার করে, কিন্তু প্রকৃত প্রতিনিধিত্ব দেয় না।

সংরক্ষিত আসন এবং আলাদা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে হিন্দুরা হিন্দুদের ভোটে নির্বাচিত হলে সংঘাত কমবে এবং প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তু বড়ুয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বৌদ্ধ সম্প্রদায় এবারের নির্বাচনে উৎসাহের সঙ্গে অংশ নিতে চায়। আমরা চাই ভোট যেন উৎসবের মতো হয়। মৌলিক অধিকার, স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তা নির্বাচনের পরও বজায় থাকবে। রাষ্ট্র আমাদের স্বাধীনতা ও সমান অধিকার রক্ষা করবে। থিওফিল নকরেক, গারো জনগোষ্ঠীর প্রতিনিধি বলেন, সংসদে আদিবাসীদের জন্য আলাদা কোটা থাকলে আমরা আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে পারব। নির্বাচনের পরও যদি শান্তি ও সম্প্রীতি নিশ্চিত না করা হয়, তাহলে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হবে। আমরা চাই আমাদের জনগোষ্ঠী উন্নয়নের বাইরে না পড়ে।

প্রতিটি রাজনৈতিক দলকে আমাদের সমস্যার কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। যশোরের অবসরপ্রাপ্ত শিক্ষক অনাদি সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক, যশোর বলেন, নির্বাচনের পর আমি চাই একটি শোষণ মুক্ত এবং শান্তিপূর্ণ সমাজ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই যেন একসঙ্গে বসবাস করতে পারে। ভোট আমাদের দায়িত্ব, কিন্তু নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়।,\r\nনির্বাচন শুধু রাজনৈতিক নয়। এটি সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করারও সুযোগ। বিনিতা ত্রিপুরা, রাঙ্গামাটির আদিবাসী গৃহিণী বলেন, আমরা চাই নিরাপদ বাংলাদেশ। আদিবাসী হিসেবে আমরা আলাদা নই। আমাদের ছেলে-মেয়ে যেন উচ্চশিক্ষা পায়, জীবন নিরাপদে কাটে, আর সামাজিক বৈষম্য থেকে মুক্ত থাকে। সার্বিক স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শান্তু বড়ুয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, মানুষ যেন চিকিৎসা পেতে গিয়ে সর্বস্ব হারিয়ে না ফেলে। স্বাস্থ্য সেবা গ্রাম-শহরে মানসম্মত পৌঁছানো উচিত। মৌলিক অধিকার যেন নির্বাচনের পরও রক্ষা পায়। \r\nনির্মল রোজারিও, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট বলেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতা বারবার হয়। ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিরাপদ হতে হবে। রাষ্ট্র সকল ধর্মের মানুষকে সমান অধিকার দেবে। এটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের মূল ভিত্তি। অর্থনৈতিক উন্নয়ন ও ভূমি অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। থিওফিল নকরেক, গারো জনগোষ্ঠীর প্রতিনিধি বলেন, ভূমির অধিকার এবং উন্নয়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরও যেন কেউ বৈষম্য বা অন্যায় আচরণের শিকার না হয়।

শান্তি ও সম্প্রীতি একান্ত জরুরি। আমরা চাই আমাদের জনগোষ্ঠী উন্নয়নের বাইরে না পড়ে। \r\nসংখ্যালঘু জনগোষ্ঠী ভোট দেবে দায়িত্বের সঙ্গে। তারা চায় নতুন সরকার নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করবে। মানিক ডি কস্তা, খ্রিস্টান নাগরিক বলেন, আমি এমন বাংলাদেশ চাই, যেখানে কেউ নিরাপত্তাহীনতায় দেশ ছাড়বে না। যেখানে সংখ্যালঘু শব্দের প্রয়োজন থাকবে না। নাগরিক হিসেবে মর্যাদা, মানুষ হিসেবে নিরাপত্তা, এই দুটি নিশ্চিত করতে হবে। যাকোব কুইয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যোগ করেন, সরকার যদি জনগণকে সাহায্য করতে চায়, তা সব সম্প্রদায়ের জন্য সমান হওয়া উচিত। আমরা বড় কিছু চাই না। আমরা শুধু শান্তিতে বসবাস করতে চাই এবং আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। উত্তরবঙ্গ ও পার্বত্য অঞ্চলের মানুষের দৃষ্টি স্পষ্ট।

নিরাপত্তা, সংরক্ষিত আসন, সামাজিক-অর্থনৈতিক অধিকার, স্বাস্থ্য ও শিক্ষা-এগুলো মিলিয়ে তৈরি হবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। বিনিতা ত্রিপুরা, বলেন, সম্প্রীতি আর ঐক্যের বাংলাদেশ চাই। আমরা চাই সকল সম্প্রদায়ের মানুষ যেন নিজেদের ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করতে পারে। সংক্ষিপ্ত করে বলা যায়, নির্বাচনের পর সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রত্যাশা কেবল রাজনৈতিক ক্ষমতার নয়। এটি হলো শান্তি, সমান অধিকার, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ নিশ্চিত করার জন্য। এই বার্তাই আগামী সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বলতে হয়, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য শুধু ভোট নয়। এটি তাদের জন্য আশা, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক। সকল সম্প্রদায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু ভোট হবে, এই প্রত্যাশা নিয়ে তারা এগোচ্ছে। বর্তমান ও নতুন সরকার যদি এই বার্তা মেনে চলে, তবে সত্যিকার অর্থেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ , যেখানে নাগরিক হিসেবে মর্যাদা এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত হবে। সংখ্যালঘু জনগোষ্ঠীর চোখে এই নির্বাচন হবে দেশের সমাজ ও রাষ্ট্রের চরিত্র বদলের এক বড় সুযোগ।\r\nলেখক : সাংবাদিক\r\njustingomes8 @gmail.com