মানুষ সমাজবদ্ধ প্রাণী; তাই সমাজে মিলেমিশে চলার মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও মানবিকতা। সৌজন্যবোধ এমন এক গুণ, যা মানুষের ব্যক্তিত্বকে যেমন সমৃদ্ধ করে, তেমনি সমাজকেও করে বাসযোগ্য ও সুন্দর। দৈনন্দিন জীবনে আমরা অনেক সময়ই বুঝতে পারি না, একটি ছোট সৌজন্যই কারো দিনের মানসিক অবস্থা পাল্টে দিতে পারে। বাসে আসন ছেড়ে দেওয়া, পথে বিপদে পড়া কাউকে সাহায্য করা, অফিসে সহকর্মীকে সম্মানজনক আচরণ করা কিংবা কারও মতামত ভিন্ন হলে শান্তভাবে শোনা- এসব খুব সাধারণ কাজ মনে হলেও সমাজে এই ছোট ছোট কাজগুলো জমা হয়ে তৈরি করে বড় পরিবর্তন। আজকের পৃথিবীতে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের ব্যস্ততাও বেড়েছে, আর সেই সঙ্গে কমে গেছে ধৈর্য, সহনশীলতা ও শুনে নেবার অভ্যাস।

ফলে সৌজন্যবোধের চর্চা আগের তুলনায় আরও বেশি জরুরি হয়ে উঠেছে। সুন্দর আচরণ শুধু শিষ্টাচার নয়; এটি মানুষের চরিত্রের প্রতিফলন। যিনি সবসময় ভদ্র, হাসিমুখে কথা বলেন এবং অন্যের সম্মান রক্ষা করেন, তিনি নিজের কাছেও এবং সমাজের কাছেও একজন মূল্যবান মানুষ হয়ে ওঠেন। সুন্দর আচরণ কখনো কাউকে ছোট করে না বরং মানুষকে ভেতর থেকে উদার ও মহৎ করে। কর্মক্ষেত্র, পরিবার কিংবা সামাজিক জীবনে সুন্দর আচরণ সম্পর্ককে দৃঢ় করে, ভুল বোঝাবুঝি কমায় এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। সমাজে যখন নৈতিক অবক্ষয় বাড়ে, তখন সুন্দর আচরণ এক ধরনের আলোকবর্তিকা হিসেবে কাজ করে, যা মানুষকে ভালোর পথে অনুপ্রাণিত করে। সৌজন্যবোধ শেখার বিষয় নয়; এটি চর্চার বিষয়। আমরা যদি প্রতিদিন সচেতনভাবে ছোট কিছু ভদ্রতা যেমন ধন্যবাদ , দুঃখিত , আপনি আগে যান , আমি সাহায্য করতে পারি কি ? এর ব্যবহার করি, তাহলে ধীরে ধীরে এটি স্বভাব হিসেবে গড়ে ওঠে। সৌজন্যের মাধ্যমে আমরা শুধু অন্যকে সম্মান দিই না; নিজেকেও উন্নত করি। সমাজে যদি প্রত্যেকে অল্প অল্প করে সুন্দর আচরণ চর্চা করে, তবে বড় কোনো আইন বা কঠোর নিয়ম ছাড়াই সমাজ আরও শান্ত, মানবিক ও শৃঙ্খলাপূর্ণ হয়ে উঠবে। তাই সৌজন্যবোধকে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং একটি দৈনন্দিন অভ্যাস হিসেবে গ্রহণ করি। সুন্দর আচরণই পারে আমাদের সমাজকে আরও উজ্জ্বল, সমৃদ্ধ ও বাসযোগ্য করে তুলতে।