বর্তমানে প্রযুক্তিভিত্তিক অনলাইন পাঠদান শ্রেণিকক্ষের বিকল্প নয়। নিতান্ত বাধ্য না হলে বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন শিক্ষা চালু না করাই শ্রেয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা বা অনলাইন শিক্ষা চালু করার সিদ্ধান্ত হবে অন্য সব পদক্ষেপের শেষে; অতি জরুরি পরিস্থিতিতে। বড় শহরের মাধ্যমিক স্তরে ও উচ্চশিক্ষায় এটা চালু হতে পারে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাকে এর বাইরে রাখাই শ্রেয়। পরিস্থিতি খুব খারাপ না হলে আরও মাসখানেক অপেক্ষা করা উচিত। এর মাঝখানে কিছু প্রস্তুতি নেওয়া দরকার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার অফলাইন ও অনলাইন শিক্ষার সমন্বয়ে ব্লেন্ডেড শিক্ষা চালুর কথা ভাবছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হবে। প্রথমত, করোনাকালীন অভিজ্ঞতা থেকে যেসব সমস্যা সামনে এসেছে, সেগুলো হলো– ডিভাইস প্রাপ্যতা ও ইন্টারনেট সংযোগ সমস্যা; বিদ্যালয় বন্ধ থাকায় প্রাইভেট কোচিং, ডিভাইস ক্রয় এবং ইন্টারনেট সংযোগের জন্য শিক্ষায় পারিবারিক ব্যয় বৃদ্ধি; শিক্ষার্থীদের ঝরে পড়া; শিখন ঘাটতি, যা এখনও রয়ে গেছে; শিক্ষক প্রস্তুতি, অবকাঠামো ও সক্ষমতার সীমাবদ্ধতা; ডিভাইসে আসক্তি; শিশুদের মনোযোগের ঘাটতি ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব; করোনা-পরবর্তী এ বিষয়ে টেকসই পরিকল্পনা ও প্রস্তুতি না নেওয়ায় ব্লেন্ডেড শিক্ষায় সক্ষমতা গড়ে না ওঠা।

দ্বিতীয়ত, অনলাইন শিক্ষার চ্যালেঞ্জ হলো–শিখনমানের দুর্বলতা। বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী প্রাথমিক স্তরের অর্ধেকের বেশি সংখ্যক শিশু ‘শিখন দারিদ্র্যের’ শিকার। অর্থাৎ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরও এসব শিশু নিজের ভাষায় পড়তে ও বুঝতে পারছে না। তাদের পড়া, লেখা ও গণিতে ব্যবহারিক দক্ষতা নেই। বিভিন্ন পাবলিক পরীক্ষা ও আদর্শায়িত মূল্যায়নে দেখা যাচ্ছে, মাধ্যমিকেও অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতার মান সন্তোষজনক নয়।

তৃতীয়ত, অনলাইন শিক্ষা দরিদ্র ও প্রান্তিক এলাকার শিশুদের ওপর অন্যায্য প্রভাব ফেলছে। চতুর্থত, বছরব্যাপী নানা কারণে বিদ্যালয় বন্ধ থাকা, পর্যাপ্ত শিক্ষকের অভাব, শিক্ষকের অনুপস্থিতি ইত্যাদি কারণে বিদ্যালয়ে শিখন সময় অপ্রতুল এবং তার নেতিবাচক প্রভাব শিশুদের শিখনের ওপর পড়ছে। পঞ্চমত, যে কোনো সমস্যা বা ইস্যু হলেই নীতিনির্ধারণী পর্যায়ে সবার আগে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার মানসিকতা রয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে কয়েক দিন অনলাইন শিক্ষা চালু করায় শিখনের ওপর সম্ভাব্য প্রভাব কেমন পড়বে, সে বিষয়ে যথাযথ বিশ্লেষণ করা প্রয়োজন। মোট কথা, বর্তমানে প্রযুক্তিভিত্তিক অনলাইন পাঠদান শ্রেণিকক্ষের বিকল্প নয়।

তারপরও কিছু করণীয় বিবেচনায় রাখতে হবে। প্রাথমিক করণীয়– শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না রাখলে কতটুকু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে তা বিবেচনায় নেওয়া। শহর এলাকার গুটিকয় স্কুল বাদে বেশির ভাগ গ্রামীণ স্কুলে শিক্ষার্থীরা হেঁটে কিংবা রিকশা বা সাইকেলে যাতায়াত করে। বিদ্যালয়ে ফ্যান বাদে বিদ্যুতের ব্যবহারও খুব বেশি হয় না। স্কুল বন্ধ রেখে আসলে কতটুকু জ্বালানি সাশ্রয় সম্ভব, সেটি বিশ্লেষণ করা প্রয়োজন।

দ্বিতীয় বিষয়, নিতান্ত বাধ্য না হলে বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন শিক্ষা চালু না করাই শ্রেয়। প্রয়োজনে সরকারি-বেসরকারি অফিস, আদালতসহ যেসব প্রতিষ্ঠান সরাসরি কারখানাভিত্তিক উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত নয় সেগুলোতে হোম অফিস চালু করা এবং অফিস, বাসা-বাড়ি, বিপণিবিতান ইত্যাদিতে এসি ব্যবহার সীমিত করা যেতে পারে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করা বা রোটেশনে ব্যবহার করার উদ্যোগ নেওয়া যায়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা বা অনলাইন শিক্ষা চালু করার সিদ্ধান্ত হবে অন্য সব পদক্ষেপের শেষে; অতীব জরুরি পরিস্থিতিতে। পরিস্থিতি অনুসারে অফলাইন ও অনলাইনের সমন্বয়ে ব্লেন্ডেড শিক্ষা চালু করতে হলে স্বল্প ও মধ্যমেয়াদি প্রস্তুতি নেওয়া দরকার।

আশু বা স্বল্পমেয়াদি উদ্যোগ হলো, সব বিদ্যালয়ে অনলাইন শিক্ষা চালু না করে সুনির্দিষ্ট কিছু বিদ্যালয়ে করা যেতে পারে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাকে এর বাইরে রাখাই শ্রেয়। বড় শহরের মাধ্যমিক স্তর ও উচ্চশিক্ষায় এটা চালু হতে পারে। বড় শহরের বাইরে অন্য এলাকায় কেন্দ্রীয় সিদ্ধান্তের চেয়ে এলাকা বা উপজেলাভিত্তিক সিদ্ধান্ত বেশি কার্যকর হতে পারে। উপজেলার শিক্ষা কর্মকর্তারা, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ‘জ্বালানি ও বিদ্যুতের ব্যবহার’ এবং ‘অনলাইন শিক্ষা চালু হলে শিশুর শিক্ষার ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের সম্ভাবনা’ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যেসব বিদ্যালয়ে অধিক পরিমাণ জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এবং অনলাইন শিক্ষা প্রবর্তনে শিশুর শিক্ষার ওপর তুলনামূলক কম নেতিবাচক প্রভাব পড়তে পারে সেগুলোতে অফলাইন-অনলাইন সমন্বয়ে শিক্ষা দেওয়া যেতে পারে। বাকি বিদ্যালয়গুলো পরিস্থিতি খুব খারাপ না হলে অনলাইন না করাই ভালো হবে।

পরিস্থিতি খুব খারাপ না হলে আরও মাসখানেক অপেক্ষা করা উচিত। এর মাঝখানে কিছু প্রস্তুতি নেওয়া দরকার। যেমন শ্রেণি পাঠ পরিকল্পনায় অফলাইন ও অনলাইন শিক্ষায় কীভাবে সমন্বয় করা যায় তার ওপর শিক্ষকদের ওরিয়েন্টেশন দিতে হবে। প্রয়োজনে ব্লেন্ডেড পাঠ পরিকল্পনা এবং ব্লেন্ডেড পাঠের কিছু নমুনা তৈরি করে অনলাইন ও অফলাইন মাধ্যমে সরবরাহ করা যেতে পারে। ব্লেন্ডেড শিক্ষার ওপর শিক্ষকদের স্বল্পমেয়াদি অফলাইন বা অনলাইন প্রশিক্ষণ দেওয়া যেতে পারে (এমনকি কয়েক ঘণ্টার অনলাইন কোর্স আকারে হলেও)।

সামগ্রিক বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে এপ্রিল-মে মাসে যেসব পাঠ হবার কথা সেগুলোর ব্লেন্ডেড নমুনা পাঠ, পাঠসংক্রান্ত লেকচার, ভিডিও, ওয়ার্কশিট ইত্যাদি অনলাইনে দেওয়া যেতে পারে। যেসব বিদ্যালয়ে অনলাইন চালু করা হবে সেসব বিদ্যালয়ের দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুদের জন্য আশু সহায়তা দিতে হবে। যেমন ডিভাইস, অনলাইন উপকরণের বিকল্প হিসেবে ওয়ার্কশিট, রেমেডিয়াল বা নিরাময়মূলক শিক্ষা, মোবাইলে শিক্ষক কর্তৃক পাঠ বিষয়ে নির্দেশনা এবং খোঁজ-খবর রাখা ইত্যাদির ব্যবস্থা রাখা দরকার।

মনে রাখা দরকার অনলাইন ও অফলাইনের সমন্বয়ে শিক্ষা হবে সাময়িক আপৎকালীন ব্যবস্থা। তবে এ রকম জরুরি অবস্থা জলবায়ু পরিবর্তন, মহামারিসহ নানা কারণে ভবিষ্যতেও তৈরি হতে পারে। সে ক্ষেত্রে আগে থেকেই জরুরি পরিস্থিতিতে শিক্ষার জন্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে অ্যাকশন প্ল্যান ও প্রস্তুতি থাকা দরকার, যাতে এ রকম পরিস্থিতিতে দ্রুত ও প্রো-অ্যাক্টিভ ব্যবস্থা গ্রহণ করা যায়। তা ছাড়া প্রযুক্তির মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদানের পরিপূরক হিসেবে স্থায়ীভাবে অনলাইনে কীভাবে সহায়তা দেওয়া যায় সেটিও বিবেচনা করা দরকার। এই উদ্দেশ্যে মধ্যমেয়াদি উদ্যোগ নেওয়া প্রয়োজন। সে হিসেবে ভবিষ্যতে অনলাইন ও অফলাইনের সমন্বয়ে ব্লেন্ডেড শিক্ষাকে শিক্ষাদানের একটি নিয়মিত মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য টেকসই এবং মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও তার আলোকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সেটি বিচ্ছিন্নভাবে না হয়ে শিক্ষার একটি সামগ্রিক খাতভিত্তিক পরিকল্পনার আলোকে হওয়া বাঞ্ছনীয়।

এই উদ্দেশ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রতি শ্রেণির প্রধান শিক্ষা বিষয়গুলোর জন্য সারাবছরের পাঠ পরিকল্পনার আলোকে দৈনিক পাঠগুলোর বিষয়বস্তু ও শিক্ষণ-শিখন কার্যাবলির গাইডলাইন প্রস্তুত করে ডিজিটাল প্ল্যাটফর্মে রাখা যেতে পারে। এ জন্য প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। যে কোনো শিক্ষার্থী যে কোনো সময়ে এগুলো ডাউনলোড করে নিজের কাজে লাগাতে পারে। অনলাইন পরিপূরক পাঠ শ্রেণিকক্ষে পাঠদানের সঙ্গে ব্যবহারের জন্য শিক্ষকদের প্রস্তুত করা, প্রয়োজনীয় গাইডলাইন তৈরি, তথ্যপ্রযুক্তি উপকরণ সরবরাহ ও প্রাসঙ্গিক অবকাঠামো গড়ে তোলা দরকার। এসব নিশ্চিত করা গেলে অনলাইন পরিপূরক পাঠ নিয়মিত শ্রেণিকক্ষের শিক্ষণ-শিখনের মান উন্নয়নে সহায়ক হবে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে পুরোপুরি অনলাইন পাঠদান প্রয়োজন হলে সেটিও অধিকতর কার্যকর হবে।

ড. মনজুর আহমদ: ইমেরিটাস অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ মাহবুব মোর্শেদ: সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়