সমকালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে– ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে নিজ দেশ ভারতের মাটিতে ফিরলেন সোনালী খাতুন। অন্তঃসত্ত্বা সোনালীর সঙ্গে তখন তাঁর আট বছরের সন্তান সাব্বির। নিজ দেশে ফেরত যাওয়ার সময় সোনালীর চোখমুখ ছিল অন্ধকার। মুখে ছিল না হাসির রেখা। কারণ তাঁর স্বামী দানেশ তাদের সঙ্গে ফিরতে পারেননি (৬ ডিসেম্বর ২০২৫)।
সোনালী খাতুন ছয় মাস পর নিজের দেশে ফিরলেন এক অসম্মানজনক অধ্যায়ের শেষে। সামনে ক্যামেরা, চারপাশে কৌতূহলী মানুষের ভিড়, রাজনৈতিক বক্তব্য আর প্রশাসনিক ব্যস্ততা। কিন্তু সেইসব কোলাহলের মাঝেও একটা বড় শূন্যতা ছায়ার মতো লেগে ছিল তাঁর চোখেমুখে। কারণ স্বামী দানেশ সেখ ফিরতে পারেননি, পরিবারের বাকি সদস্যরাও পরবাসে বন্দি।
কাঁটাতারের এপারে মায়ের বুক, ওপারে বাবার নিঃশ্বাস– এই অসহনীয় বিচ্ছিন্নতাই বাংলাদেশ-ভারত সীমান্তে বড় আর্তনাদ হয়ে বাজছে। কী ‘অপরাধ’ ছিল সোনালীদের? প্রশ্নটি সরল, কিন্তু উত্তরটি ভয়াবহ। তারা বাংলায় কথা বলে। দিল্লির একটি বস্তি থেকে হঠাৎ একদিন সোনালী, তাঁর স্বামী দানেশ, ছেলে সাব্বির, আত্মীয়া সুইটি বিবি ও তাঁর দুই শিশুসন্তানকে আটক করে পুলিশ। সন্দেহ, এরা ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’। পরিচয়পত্র দেখিয়েও লাভ হয়নি, নাগরিকত্বের প্রমাণকে গুরুত্ব দেয়নি প্রশাসন। অল্প কয়েক দিনের মধ্যে স্বাধীন তদন্ত ও কার্যকর আইনি প্রক্রিয়া ছাড়া চোখ বেঁধে সীমান্তে নিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশের মাটিতে ঠেলে দেওয়া হয়। এই জোরপূর্বক বিতাড়ন একদিকে আন্তর্জাতিক মানবাধিকার সনদের লঙ্ঘন, অন্যদিকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারেরও সুস্পষ্ট অবমাননা। এর ওপর ভুক্তভোগী যে অন্তঃসত্ত্বা নারী, তাঁর কোলে শিশু– এই সত্যকে অবলীলায় অগ্রাহ্য করেছে সিদ্ধান্তদাতারা।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক সোনালীকে বাংলাদেশেও প্রচলিত আইনের মুখোমুখি হতে হয়। চাঁপাইনবাবগঞ্জের কারাগারে তিন মাসের বেশি সময় গর্ভে সন্তান, পাশে ছোট ছেলে, আর নিজের দেশে ফেলে আসা ছয় বছরের মেয়েটিকে নিয়ে নামহীন আতঙ্কের মাঝে দিন গুনেছেন। রাতগুলোতে একটা প্রশ্নই তাঁকে তাড়া করেছে– তাঁর সন্তানের জন্ম হবে কেন বিদেশে? কারাগারের স্যাঁতসেঁতে দেয়ালের মাঝে একজন মায়ের ওপর এর চেয়ে বেশি মানসিক নির্যাতন আর কী হতে পারে?
এদিকে ভারতেও চলছিল আরেক লড়াই। সোনালীর বাবা, গ্রামের এক বৃদ্ধ কৃষক, হাল ছাড়েননি। নথিপত্র হাতে নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন; স্থানীয় মানবাধিকারকর্মী ও রাজ্য সরকার এ নিয়ে সরব হয়। কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পর্যাপ্ত অনুসন্ধান ও বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়েই যেভাবে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তা অবৈধ, মৌলিক অধিকারের পরিপন্থি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এই ঘটনা ওঠার পরই চিত্র পাল্টাতে শুরু করে। দেশটির সর্বোচ্চ আদালতের পরামর্শ ছিল পরিষ্কার– রাষ্ট্রের উচিত দুর্বলতম মানুষের পাশে দাঁড়ানো, তাদের পরিচয় নিয়ে খেলাধুলা করা নয়। আদালতের স্পষ্ট নির্দেশের পরও কেন্দ্রীয় কর্তৃপক্ষ গড়িমসি করে, ফলে আবারও বিচারপতিদের হস্তক্ষেপ করতে হয়। এই পুরো প্রক্রিয়া এক নির্মম সত্য সামনে এনেছে– রাষ্ট্রযন্ত্রের ভেতরে যদি মানবিকতার জায়গা সংকুচিত হয়ে যায়, নাগরিকদের নিরাপত্তা লিখিত আইনে নিশ্চিত থাকে না।
বাংলাদেশের জমিনে দীর্ঘ কারাবাস আর বিচারিক প্রক্রিয়া শেষে তিনি জামিনে মুক্ত হন, স্থানীয় আত্মীয়ের জিম্মায় থাকেন কিছুদিন। সীমান্তের ওপারে আদালতের নির্দেশ, রাজনৈতিক চাপ, সামাজিক ক্ষোভ সামাল দিতে অবশেষে সোনালী ও তাঁর ছেলেকে গ্রহণ করে ভারত। কিন্তু সীমান্তে হস্তান্তরের মুহূর্তেই প্রকাশ পায় সবচেয়ে বড় বেদনাটি– স্বামী দানেশ তাঁর সাথে নেই, নেই পরিবারের বাকি চার সদস্য। তারা রয়ে গেছে একই অনিশ্চয়তার অন্ধকারে।
এই বৈপরীত্য আমাদের ভাবায়; একজন অন্তঃসত্ত্বার ক্ষেত্রে যে মানবিকতা দেখানো যায়, তাঁর স্বামী ও আত্মীয়দের ক্ষেত্রে সেই নীতি প্রযোজ্য হয় না কেন? যদি সোনালী ভারতীয় হয়, তবে তাঁর স্বামী ও আত্মীয়রা ‘পর’ হয়ে গেল কীভাবে? এখানে স্পষ্ট, রাষ্ট্র যখন রাজনৈতিক সুবিধা আর ভুল ঢাকার তাগিদে সিদ্ধান্ত নেয়, তখন যুক্তি ও মানবিকতার সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
অন্যদিকে, ভারতে ঘটনাটি ঘিরে যে তর্কবিতর্ক হয়েছে, তা দেখিয়েছে মানবিক বিপর্যয়ও কীভাবে ভোটের ভাষণে পরিণত হয়। এক পক্ষ বলেছে, বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বানিয়ে দেওয়া হচ্ছে; অন্য পক্ষ পাল্টা অভিযোগ তুলেছে ‘অবৈধ অভিবাসী’ আশ্রয় দেওয়ার। সংসদ উত্তপ্ত, রুদ্ধশ্বাস নাটক টিভি টক শোতে। এই শব্দযুদ্ধের মাঝখানে সোনালীর চোখের জল খুব কম লোকই দেখার চেষ্টা করেছে।
অথচ রাষ্ট্র মানে কেবল কাঁটাতার টেনে সীমারেখা আঁকা নয়। রাষ্ট্র মানে সেই মানুষেরাই, যাদের জীবন ও মর্যাদা রক্ষার অঙ্গীকার করে সংবিধান। সেখানে যদি এক অন্তঃসত্ত্বাকে নিজের দেশই অস্বীকার করে, যদি তাঁর স্বামী ও সন্তানরা কাঁটাতারের ওপারে বন্দি হয়ে থাকে, তবে রাষ্ট্রের নৈতিক ভিত্তি কোথায় দাঁড়িয়ে থাকে?
রাষ্ট্রের প্রথম শর্ত দুর্বলতম নাগরিকের পাশে দাঁড়ানো, আর সেই মূলনীতি ভঙ্গ হলে রাষ্ট্রের নৈতিক ভিতেই ফাটল ধরে। সোনালী খাতুনের ঘটনা সেই ফাটলের নির্মম চিহ্ন। আদালতের নির্দেশ উপেক্ষা, তদন্তবিহীন পুশব্যাক, সন্দেহবশত অন্তঃসত্ত্বা নারীকে পরদেশে ঠেলে দেওয়া– এসব আচরণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের বহুত্ববাদী পরিচয়ের সঙ্গে সংগত নয়। ভারত যে মানবিকতা, বৈচিত্র্য ও সাংবিধানিক অধিকার নিয়ে গর্ব করে, সোনালীদের অভিজ্ঞতা সেই মূল্যবোধকেই প্রশ্নবিদ্ধ করে।
সাঈফ ইবনে রফিক: কবি ও সাংবাদিক
