চলতি বছর বৃষ্টির পরিমাণ বেশি ছিল। রাজধানীতেও এবার বৃষ্টির আধিক্য দেখা গেছে। বেশিরভাগ সময়ে এই বৃষ্টির ব্যাপ্তি ছিল প্রায় সপ্তাহ জুড়ে। এবারের এই বৃষ্টি অনেকের মনে অনেক কিছুর উদ্ভব করলেও আমাকে কেন জানি না বার বার ছোটকালের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়ার সময় স্পষ্ট মনে পড়ে এই টানা বৃষ্টির কথা। বর্ষা মৌসুমের বেশিরভাগ সময় সমস্ত রাস্তাঘাট থাকত কর্দমাক্ত। বৃষ্টির ধকলে স্কুলে যেতে পারিনি এমন ঘটনা বহুবার হয়েছে। আবার স্কুল যাওয়া-আসার পথে কর্দমাক্ত রাস্তায় আছড়ে পড়ার অনেক হাস্য-রসাত্মক ঘটনাও এখনো মনে পড়ে। স্মৃতির এরকম হাজারো ঘটনায় ভরপুরের ডায়েরি এখনো মাঝেমধ্যে নিজিকে আবেগপূর্ণ করে তোলে। এবারে সর্বশেষ বৃষ্টি বলয় প্রায় নভেম্বর মাস পর্যন্ত দীর্ঘ হয়েছে। শীত আসি আসি করে আবারো বৃষ্টি, নি¤œচাপ বা লঘুচাপের সৃষ্টি হয়েছে। অন্যান্য বার অক্টোবর থেকেই শীতের একটা আমেজ চলে এলেও এবারে তেমনটা দেখা যায়নি। তবে অল্প কিছুদিনের ভিতর শীতের আমেজ শুরু হয়েছে।
যাইহোক, আজকের এই কলামটি বর্ষা দিয়ে শুরু করার পিছনে একটা কারণ আছে। সম্প্রতি পত্রিকার পাতায় প্রতিদিনই চোখে পড়ছে বায়ুদূষণের ভয়াবহতা সম্পর্কিত খবর। শেষ বৃষ্টি হওয়ার ২/৩ দিন অতিবাহিত হওয়ার পর থেকেই বায়ুদূষণের এই ভয়াবহতা শুরু হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। প্রতিষ্ঠানটি মূলত সকালের দিকে বায়ুর মান নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে। নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে বেশ কয়েকদিনে রাজধানীর বায়ুদূষণের অবস্থা এমন হয়েছে যে, সমগ্র বিশ্বের মধ্যে তৃতীয় বা চতুর্থ অবস্থান। যদিও এটি নতুন কোন বিষয় নয়। ভালো কোনকিছুতে আমাদের দেশের অবস্থান প্রথমের দিকে খুঁজে পেতে বেশ কষ্ট হলেও খারাপ কিছুতে সর্বদাই শীর্ষের দিকে থাকে। বায়ুদূষণ নিঃসন্দেহে একটি খারাপ ইন্ডিকেটর তাই এটাতে আমাদের অবস্থান শীর্ষের দিকে নিশ্চিত করতে তেমন কাঠখড় পোড়াতে হয় না। গেল বছরগুলোতে বায়ুদূষণে রাজধানী বেশ কয়েকবার শীর্ষস্থান করে নিয়েছিল। সেগুলোও আমরা মানিয়ে নিয়েছি। আর এখন তো সবেমাত্র তৃতীয় বা চতুর্থ অবস্থানে। তবে এবছর এত বেশি বৃষ্টি ছিল বা বৃষ্টির স্থায়িত্ব ছিল যে, বৃষ্টি বিদায় নেওয়ার সপ্তাহ পেরোতে না পেরোতেই এই তৃতীয় বা চতুর্থ স্থানে অবস্থান আমাকে বেশ অবাক করেছে। এ বিষয় নিয়েই লিখতে বসলাম।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির গেল ১৩ নভেম্বর, ২০২৫ এর প্রতিবেদনটি এমন ছিল, বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৬২৭। দ্বিতীয় পাকিস্তানের লাহোর, স্কোর ২৭৮। ঐদিন ঢাকার ৮ এলাকায় বায়ুদূষণ পরিস্থিতি বেশ খারাপ ছিল। এর মধ্যে মহাখালীর আইসিডিডিআরবির ক্যাম্পাসে বায়ুর মান ২৭৩, গুলশানের বে’জ এজ ওয়াটারে ২৭১, দক্ষিণ পল্লবীতে ২৬২, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে ২৫৭, বেচারাম দেউড়ীতে ২৫০, কল্যাণপুরে ২৩৯, গোড়ানে ২২৮ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলে ২২০। অর্থাৎ পুরো নগরীর বায়ুর সেদিন খারাপ ছিল। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। এসব এলাকায় মাস্ক পরাসহ কিছু নিয়ম মানা জরুরি বলেও প্রতিষ্ঠানটি সতর্ক করেছে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ এবং বাসাবাড়ির জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। এসব সতর্কবার্তা অবশ্য যতই দেওয়া হোক, বাংলাদেশের মানুষের কাছে এগুলো কোন ব্যাপার নয়। এর চেয়েও ভয়াবহতা সহ্য করার ক্ষমতা দেশের মানুষের আছে। আমার মনে হয়, দেশের মানুষের ভেজাল খেতে খেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বহুগুণে বেড়ে গেছে ঠিক তেমনি সহ্য সীমার স্তরও অনেকটা বেড়ে গেছে। তবে এই দূষণের ভয়াবহতা মানুষ যে হাতেনাতে পাচ্ছে কিংবা ভবিষ্যতে পাবে সেটা বলার অপেক্ষা রাখে না।
বায়ুদূষণ সমগ্র প্রাণীকূল তথা মানবজাতির জন্য হুমকি। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে শিশুরা। সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক মানের প্রতিবেদনে উঠে এসেছে যে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এখন বায়ুদূষণ। বিশ্বে এ বয়সে যত শিশুর মৃত্যু ঘটে তার এক-চতুর্থাংশেরও বেশির জন্য দায়ী বায়ুদূষণ। বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোতে বায়ুদূষণে শিশু মৃত্যুর ঘটনা নীরব মহামারি হয়ে উঠেছে। আর এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বের সর্বাধিক দূষিত দেশের তালিকায় শীর্ষে থাকা বাংলাদেশে শুধু ২০২১ সালেই ১৯ হাজারের বেশি পাঁচ বছরের কম বয়সী শিশু বায়ুদূষণ সম্পর্কিত কারণে মারা গেছে, যেটা গড়ে প্রতি ঘণ্টায় প্রায় দুইজন। বায়ুদুষণ কেবল মৃত্যুর কারণই নয়, বরং দীর্ঘমেয়াদি রোগের মাধ্যমে সারা জীবনের ক্ষতিও ডেকে আনছে। প্রতিবেদন বলছে, উন্নত দেশের শিশুদের তুলনায় স্বল্পোন্নত দেশের শিশুদের বায়ুদূষণে মৃত্যুর ঝুঁকি ৯৪ গুণ বেশি। এই বৈষম্যের মূল কারণ হিসেবে দীর্ঘদিনের জীবাশ্ম জ্বালানিনির্ভরতা, দূষণনির্ভর অবকাঠামো নির্মাণ, জীবাশ্ম জ্বালানির অধিক ব্যবহার, প্রাতিষ্ঠানিক স্থবিরতাকে দায়ী করেছেন গবেষকরা। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বায়ুদূষণের ক্ষতিকর এই প্রভাব, শিশু মাতৃগর্ভে থাকা অবস্থাতেই শুরু হয়ে সারাজীবনের জন্য স্থায়ী হতে পারে।
আমাদের মস্তিষ্কে একটি প্রাকৃতিক ফিল্টার থাকে, যা মস্তিষ্ককে ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে। ক্ষুদ্র দূষণকারী পদার্থ, বিশেষ করে চগ ২.৫, ফুসফুসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে এবং এমনকি রক্ত-মস্তিষ্কের বাধা অতিক্রম করতে পারে। এই চগ ২.৫ বা চধৎঃরপঁষধঃব সধঃঃবৎ ২.৫ হলো ২.৫ মাইক্রোমিটার বা তার চেয়ে ছোট আকারের সূক্ষ্ম কণা, যা ধুলো, ধোঁয়া, কালি এবং তরল ফোঁটা থেকে তৈরি হয়। যেহেতু চগ ২.৫ মস্তিষ্কের ফিল্টার তথা ছাকনি ভেদ করতে পারে সেহেতু এদের ক্ষুদ্র আকারের কারণে এরা ফুসফুসের গভীরে প্রবেশ করে এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ ধরনের ক্ষুদ্র কণা একবার ভিতরে প্রবেশ করলে, তারা প্রদাহ সৃষ্টি করে এবং মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতি করে। শিশুদের ক্ষেত্রে, পাঁচ বছর বয়স পর্যন্ত খুব দ্রুত তাদের মস্তিষ্ক গঠনের উপযুক্ত সময়। এটি মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধির প্রক্রিয়াকে ব্যাহত করে এবং দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করে। এছাড়াও প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা তাদের শরীরের ওজনের অনুপাতে বেশি বাতাস শ্বাস নেবার সময় গ্রহণ করে। দূষিত বায়ুর সাথে তারা দূষিত সব উপাদানও গ্রহণ করে থাকে, যার মারাত্মক প্রভাব পড়ে তাদের বিকাশমান ফুসফুস, শরীর ও মস্তিষ্কের উপর। গবেষণায় দেখা গেছে যে, দূষণের সংস্পর্শে আসায় শিশুদের জ্ঞানীয় বিকাশ ধীরগতি, শেখার অসুবিধা এবং আচরণগত সমস্যার সৃষ্টি হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে যত হার্ট অ্যাটাক হয়, তার ২৫ শতাংশ হয় বায়ূদূষণজনিত কারণে হয়। সে কারণে শিশুদের মধ্যেও এখন হার্ট অ্যাটাকের হার বেশি। এর বাইরে শিশুর যে মেটাবলিক প্রসেস, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। হরমনের সমস্যা তৈরি হয়। নারী ও পুরুষ শিশুর জননেন্দ্রিয়ে একটা প্রভাব ফেলে। ফলে পরবর্তীতে সন্তান জন্মদিতে নারী ও পুরুষ উভয়ের সমস্যা হয় বা বন্ধাত্ব তৈরি হয়। এর বাইরে স্নায়ুতন্ত্রের বিকাশ কমে যাওয়ার কারণে মনোযোগে অসুবিধা অথবা দ্রুত রগচটা হয়ে যায়, হিংস্র প্রকৃতির আচরণ তৈরি হয়, সবকিছু মিলিয়ে বলা যায়, একজন মানুষের শরীরে যত ধরনের রোগ হয় তার সবকিছুর সঙ্গেই বায়ুদূষণের যোগ রয়েছে। অর্থাৎ ক্রমান্বয়ে মানবস্বাস্থ্যে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব বেড়েই চলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ চাইলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে হবে।
একথা বলা অপেক্ষা রাখে না যে, ঢাকাসহ বড় শহরগুলোতে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আগত উদ্বাস্তুদের দ্রুত নগরায়ণের ফলে ইটভাটা নির্ভর নির্মাণ শিল্প বায়ুদূষণের বড় উৎস হয়ে দাঁড়িয়েছে। ফিটনেসবিহীন পরিবহন থেকে নির্গত ধোঁয়ায় বায়ুদূষণ ঘটাচ্ছে। অন্যদিকে, পরিচ্ছন্ন রান্নার প্রযুক্তি সুবিধায় এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে বাংলাদেশ। কাঠ, গোবর ও কয়লা অসম্পূর্ণ দহনে উদ্ভূত ধোঁয়ায় গৃহস্থালি পরিবেশ বিষাক্ত হচ্ছে, যার মারাত্মক প্রভাব পড়ছে গর্ভবতী মা, নবজাতক ও অল্পবয়সী শিশু এবং বয়স্কদের ওপর।
বিশ্বজুড়ে দেশগুলো এই মুহূর্তে জনস্বাস্থ্য বিষয়ক নীতিমালাকে অধিকতর প্রাধান্য দিয়ে আরও উন্নত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ তার জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্য বায়ুদূষণ মোকাবিলায় একটি বড় চ্যালেঞ্জের সামনে রয়েছে। বিশুদ্ধ বাতাস আমাদের জন্য অপরিহার্য। আমাদের শিশুদের টিকে থাকা, সুস্থভাবে বেড়ে ওঠা এবং বিকশিত হওয়ার জন্য বায়ুদূষণ কমাতে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে। বিশ্বব্যাপী বায়ু দূষণ শিশুদের অবাধ বেড়ে ওঠা, শিখন এবং বিকশিত হওয়ার সুযোগ নীরবে ছিনিয়ে নেয়। যখন একটি শিশু নিঃশ্বাস নিতে সংগ্রাম করে, এটি শুধু চিকিৎসাগত সমস্যা নয়, এটি এক ধরনের সামাজিক ও পরিবেশগত অবিচার। ফলে প্রতিটি শিশু যেন তাদের ঘর ও সমাজ থেকে পরিষ্কার ও নিরাপদ বাতাস পায় সেটি সবার আগে নিশ্চিত করতে হবে।
শুরু করেছিলাম বর্ষা দিয়ে। স্বাভাবিকভাবে বর্ষায় বায়ুদূষণের মাত্রা কম থাকে। এবছর বর্ষা দীর্ঘস্থায়ী হওয়ায় বায়ুদূষণের তীব্রতা কিছুদিন কম ছিল ঠিকই। কিন্তু মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু ও চিকনগুনিয়া, যার তীব্রতা এখনো বিরাজমান। সেইসাথে জলাবদ্ধতা, চলাচলের রাস্তায় পানি জমে মানুষের ভোগান্তি, পানিবাহিত রোগ ও অন্যান্য দূষণ দীর্ঘস্থায়ী হয়েছে। ঐ যে ‘নদীর একূল ভাঙে ওকূল গড়ে’ ঐ প্রবাদের মত। মাঝেমধ্যে এমন মনে হয়। এই বর্ষা সারাবছরই থাকুক তাহলে হয়ত বায়ুদূষণ থেকে অন্তত রক্ষা পাওয়া যাবে। কিন্তু ডেঙ্গুর কথা মনে উঠতেই আবার আঁতকে উঠি। এরকম একটি সমস্যা সমাধানে কয়েকটি সমস্যা সামনে এসে হাজির হবে। এ কারণে, এসব সমস্যা থেকে পরিত্রাণের দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করা এখন অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে।
দূষণের জন্য সবচেয়ে দায়ী ইটভাটাগুলো রাজধানী থেকে আরো দূরে সরিয়ে নিতে হবে। লোকালয়ের মধ্যে যত্রতত্র নির্মাণাধীন প্রকল্প বা বহুতল ভবন নির্মাণের অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। যানবাহনে ধোঁয়া থেকে সৃষ্ট দূষণ নির্মূল করতে ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজধানীতে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। রাজধানীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- সর্বদা চলমান থাকে। এজন্য রাস্তা খোঁড়ার কাজও সমান তালে চলতে থাকে, যা বায়ুদূষণের কারণগুলোর মধ্যে অন্যতম। যেহেতু বায়ুদূষণ শীতকালে বা শুষ্ক মৌসুমে বেশি হয়, সুতরাং এই খোঁড়াখুঁড়ির কাজগুলো অন্যসময় করতে হবে বা কম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। ধুলা থেকে বাঁচতে প্রতিদিন নিয়ম করে রাস্তায় পানি ছিটাতে হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে ঢাকার বাইরের শহরগুলোর দূষণ। এই দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। বায়ুদূষণ থেকে উদ্ভূত পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বর্তমানে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কেননা, দূষিত বায়ুর সংস্পর্শ শ্বাসতন্ত্রের রোগসহ আরও নানা জটিলতার সঙ্গে জড়িত। আমাদের দেশের পরিবেশবাদীরা অনেক বিষয় নিয়ে নীরব। তারমধ্যে আছে বায়ুদূষণ সম্পর্কে সকলের উদাসীনতা। সমস্যা থাকতে পারে কিন্তু সেটার একটা ফলপ্রসূ সমধান খুঁজে বের করার জন্যও সরকারের নির্দিষ্ট দপ্তর আছে, দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে। সেসকল ব্যক্তির যথাযথ পদক্ষেপ নেওয়াটা অতীব জরুরি। শুধু আজকে আমাদের শিশুদের স্বাস্থ্যের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বাতাসের গুণগত মান উন্নত করতে টেকসই সমাধান বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ।
লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com
