এখন মেয়েরাও অহরহ বাইক চালায়। বয়স্ক লোকরাও চালান। সূক্ষ্মভাবে চিন্তা করুন দেখবেন, ‘বাইক দুর্ঘটনার কবলে’ এরা কিন্তু পড়ছেন না। ‘কেন?’ জবাব হলো, এদের চালনা ছেলেদের মতো বেপরোয়া গতির নয়। মেয়েরা বাইক চালায় অতীব প্রয়োজনে। এরা নিরাপদে এবং ‘যথাসময়ে গন্তব্যে পৌঁছানোর’ জন্য ‘সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখে নিরাপদ গতিতেই’ বাইক চালায়। অন্যদিকে বয়স্ক লোকরা জীবনযুদ্ধের নানান হিসাব-নিকাশ করে যাতায়াত করেন বলেই তাদের বাইকের গতি কখনো স্বাভাবিকের চাইতে ওপরে ওঠে না। তাছাড়া এই দুই শ্রেণির চালকরা অহেতুক ঝুঁকি নিয়ে ওভারটেক করেন না। সড়কে চলাচলের সময় অন্য কোনো গাড়ির আগে যাওয়ার সর্বনাশা প্রতিযোগিতায় এরা লিপ্ত হন না। ফলে এদের দুর্ঘটনার কবলে পড়ার কোনো আশঙ্কাই থাকে না। দুর্ঘটনায় পড়েনও না।

অন্যদিকে ছেলেরা বাইক চালানোর সময় যতটা না পারিবারিক-সাংসারিক প্রয়োজন, তার চাইতে বেশি নায়কোচিত মনোভাব প্রদর্শনের ভয়ংকর অভিপ্রায় প্রতিফলিত হয় সর্বোচ্চক্ষেত্রে। এদের কাছে ‘রাস্তার রাজা’ হয়ে ওঠাই জীবনের চরম সার্থকতা। অতএব কার আগে কে যেতে পার, কে কোনো স্টাইলে চালাতে পার, কাকে ঘায়েল করতে কে কেমন ঝুঁকি নিয়ে চালাতে পার- এসবই কাজ করে থাকে-এরা। মোটকথা হলো, প্রতিদিনের সংবাদমাধ্যমে বাইক দুর্ঘটনায় হতাহতের যে মর্মান্তিক ঘটনাগুলো অবধারিতভাবে প্রকাশ পাচ্ছে, তার প্রধান কারণ হলো অতিরিক্ত এবং বেপরোয়া গতিতে বাইক চালানোর অসুস্থ প্রতিযোগিতা। তাই যুব সমাজ তথা সমগ্র দেশবাসীকে এর ভয়াবহতা থেকে সুরক্ষায় সড়ক-মহাসড়কে বাইক-ইজিবাইক চালানোর পূর্ব শর্ত হিসেবে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দিতে হবে। শর্ত অমান্যকারীকে কঠোর জেল-জরিমানার মুখোমুখি করতে হবে। এই বিধিনিষেধ প্রয়োগে ট্রাফিক পুলিশের পাশাপাশি সচেতন অভিভাবক ও সমাজের দেশপ্রেমিক নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে, বাইক ও ইজিবাইক দুর্ঘটনার ভয়াবহতা থেকে বাঁচতে এবং বাঁচাতে আমরা সবাই চাই। তাই বাস্তবতার আলোকে ক্ষমতাবানদের পক্ষ থেকে এর পরিত্রাণে কার্যকর যে কোনো উদ্যোগ নিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে তা কেবল মেনেই নেবো না, এ ধরনের কার্যক্রম দেখার এবং তাতে অংশ নেওয়ার জন্য আমরা অনেকে রীতিমতো মুখিয়েই আছি।

মীরসরাই, চট্টগ্রাম থেকে