একটি জাতির বর্তমান ও ভবিষ্যৎ নির্ধারিত হয় তার শিক্ষা ব্যবস্থার মান ও সময়পোযোগিতার মাধ্যমে। সঠিক ও যুগপোযোগী শিক্ষা কেবল জ্ঞান অর্জনের পথ নয়, বরং চিন্তা করার ক্ষমতা, মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার ভিত্তি। একই সাথে সমাজ ও রাষ্ট্রকে সঠিক গন্তব্যে এগিয়ে নেয়ার জন্য জ্ঞান ও দক্ষতার প্রয়োগ নিশ্চিত করার বিষয়টিও প্রাসঙ্গিক। যে শিক্ষা বাস্তব জীবনে প্রযুক্তি ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলে, সেই শিক্ষা নাগরিককে আত্ম-নির্ভর ও সৃজনশীল করে তোলে। সময়ের পক্রিমায় শিক্ষা জীবনের শুরুর দিকে অর্থনীতি শিক্ষা তরুনদের উন্নয়নের অগ্রযাত্রায়া সামিল করার পাশাপাশি কর্মসংস্থানযোগ্য করে এবং উদ্যোক্তা হওয়ার সাহস জোগায়। একই সঙ্গে এটি সামাজিক বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথ তৈরি করে। আধুনিক অর্থনীতি শিক্ষা নাগরিককে পরিবর্তনশীল বিশ্বে মানিয়ে নেওয়ার সক্ষমতা দেয়। তাই শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারে অর্থনীতি শিক্ষার বিষয়টি অগ্রাধিকার দেয়া জরুরী।
বাংলাদেশের বাস্তবতায় অর্থনীতি শিক্ষায় দুটি সমস্যা: প্রথমটি হচ্ছে, মাধ্যমিকে এটিকে গুরুত্ব না দেয়ায় এ শিক্ষার সঠিক ভিত্তি তৈরি হচ্ছে না। আরেকটি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পাঠ্যক্রমে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক জ্ঞান ও ধারনা শেখানো হয়। যেখানে এ অঞ্চলের জনবহুল দেশ তথা চীন, জাপান, তাইওয়ান, সিঙ্গাপুরের কৌশল এবং অভিজ্ঞতা প্রায় উপেক্ষিত থাকে। মাধ্যমিক পর্যায়ে অর্থনীতি পাঠ অগ্রাধিকার দিয়ে এ শিক্ষায় কৌশলগত পরিবর্তন আনা দরকার। বর্তমান জাতীয় শিক্ষাক্রমে মাধ্যমিক পর্যায়ে সবার জন্য অর্থনীতি বাধ্যতামূলক নয়। নবম ও দশম শ্রেণীতে এটি মূলত ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক পেরিয়ে যায় মুদ্রাস্ফীতি, সুদের হার, বাজেট, করব্যবস্থা কিংবা ব্যাংকিং সম্পর্কে নূন্যতম ধারণা ছাড়াই। এছাড়া ডিজিটাল ফিন্যান্স, ই-কমার্স ও স্টার্টআপ,ডিজিটাল আর্থিক লেনদেন, মোবাইল ব্যাংকিং, অনলাইন প্রতারণা কিংবা ঋণঝুঁকির মতো বিষয়গুলোও পাঠ্যক্রমে কাঠামোবদ্ধভাবে অন্তর্ভুক্ত নয়।
বিগত দশকে পৃথিবীজুড়ে তথ্য-প্রযুক্তি ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে চলতি দশকের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ও ব্যবহার। যার কারনে অর্থনীতির বিভিন্ন অনুসঙ্গ দ্রুত বদলাচ্ছে। বিশ্বের অন্যান্য প্রান্তের মত এশিয়ার দেশ গুলোতে ডিজিটাল ফিন্যান্স, ই-কমার্স ও স্টার্টআপ খাত সম্প্রসারিত হচ্ছে এ গতির সাথে পাল্লা দিয়ে। এই বাস্তবতায় তরুন জনগোষ্ঠীর আর্থিক শিক্ষার ক্ষেত্রে অজ্ঞতা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়; এটি সামষ্টিক অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এশিয়ায় ডিজিটাল ফিন্যান্স, ই-কমার্স ও স্টার্টআপ অর্থনীতি অভূতপূর্ব গতিতে সম্প্রসারিত হচ্ছে। ২০২৫ সালে এশিয়ায় ফিনটেক (প্রযুক্তিনির্ভর ডিজিটাল) লেনদেনের পরিমাণ প্রায় ১৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে ; যা বৈশ্বিক বাজারের প্রায় অর্ধেক অংশ দখল করছে । চীনে মোবাইল পেমেন্ট ব্যবহারকারীর সংখ্যা ৯৬ কোটির বেশি এবং প্রায় ৮৮ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে, যা সেখানকার জনগোষ্ঠীর অর্থনৈতিক আচরণকেই বদলে দিয়েছে ।
সিঙ্গাপুরে ২০২৫ সালে প্রায় ৯২ শতাংশ মানুষ দৈনন্দিন লেনদেনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছে, ফলে আর্থিক জ্ঞান এখন নাগরিক দক্ষতার অপরিহার্য অংশ হয়ে উঠেছে । জাপান ২০২২ সাল থেকে স্কুল পর্যায়ে শেয়ার, বন্ড ও বিনিয়োগ শিক্ষাকে পাঠ্যক্রমে যুক্ত করেছে, যাতে তরুণরা বাস্তব আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় । দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে যুক্ত করে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মশক্তি তৈরি করেছে, যার ফল হিসেবে উচ্চশিক্ষায় অংশগ্রহণ ও উদ্ভাবনী সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে । এই দেশগুলোর অভিজ্ঞতা দেখায়, আধুনিক অর্থনৈতিক জ্ঞান শুধু অর্থনীতিবিদ তৈরির জন্য নয়; বরং ডিজিটাল যুগে দক্ষতাভিত্তিক জনগোষ্ঠী গড়ার জন্য অপরিহার্য। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা যদি সঞ্চয়, বিনিয়োগ, ডিজিটাল লেনদেনের ঝুঁকি, উদ্যোক্তা চিন্তা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন সম্পর্কে ধারণা না পায়, তবে তারা বৈশ্বিক অর্থনৈতিক দৌড়ে নিজেদেরকে প্রাসঙ্গিক রাখতে পারবে না। তাই তরুণ জনগোষ্ঠীর অর্থনৈতিক শিক্ষা এখন আর ঐচ্ছিক বিষয় নয়; এটি ব্যক্তিগত নিরাপত্তা, কর্মসংস্থান সক্ষমতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য এক জীবনদক্ষতা।
বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত প্রস্তাব হচ্ছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘আর্থিক শিক্ষা ও মৌলিক অর্থনীতি’ শীর্ষক একটি বাধ্যতামূলক বিষয় চালু করা। এটি পূর্ণাঙ্গ আলাদা বিষয় করতে পারলে ভালো হয়। তা না হলেও নির্দিষ্ট সময় ও মূল্যায়ন কাঠামোর আওতায় এ বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। চাহিদা-যোগান, মুদ্রাস্ফীতি, করব্যবস্থা, ব্যক্তিগত বাজেট, সঞ্চয় বনাম বিনিয়োগের পাশাপাশি ডিজিটাল ফিন্যান্স, ই-কমার্স ও স্টার্টআপ খাত, ডিজিটাল আর্থিক নিরাপত্তা এবং ক্ষুদ্র উদ্যোক্তা পরিকল্পনা বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। সিঙ্গাপুরে মাধ্যমিক পর্যায়ে সামাজিক শিক্ষার সঙ্গে অর্থনৈতিক ধারণা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত।
এতে করে শিক্ষার্থীরা বৈশ্বিক বানিজ্য, বাজার কাঠামো ও নীতির প্রভাব বিশ্লেষণ শেখে। দক্ষিণ কোরিয়ায় অর্থনীতি বিষয়টি নাগরিক শিক্ষার অংশ এবং শিল্পনীতি ও মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সমন্বিত। দ্রুত শিল্পায়নের সময় অর্থনৈতিকভাবে সচেতন ও দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে এই শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাস্তবতার নিরিখে আমাদের সামনে স্পষ্ট প্রশ্নটি হচ্ছে, আমরা কি কেবল পরীক্ষাভিত্তিক সাফল্য চাই, নাকি অর্থনৈতিকভাবে সক্ষম প্রজন্ম গড়ে তুলতে চাই? যদি দ্বিতীয়টি আমাদের লক্ষ্য হয়, তবে মাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক আধুনিক অর্থনৈতিক শিক্ষা প্রবর্তনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি।
বাংলাদেশের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা উচ্চশিক্ষায় অর্থনীতিতে অসংখ্য ক্রেতা-বিক্রেতা, পূর্ণ তথ্যপ্রাপ্তি এবং বাজারে প্রবেশ ও প্রস্থান সম্পূর্ণ স্বাধীন বলে ধরা হয়। কিন্তু বাংলাদেশের কৃষিপণ্য বা ক্ষুদ্র খুচরা বাজার বাস্তবে মধ্যস্বত্বভোগী, তথ্য বৈষম্য ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এই মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে শ্রমবাজার বিশ্লেষণে পশ্চিমা দেশের আনুষ্ঠানিক চাকরিভিত্তিক অর্থনীতি ধরে মজুরি নির্ধারণ শেখানো হলেও বাংলাদেশে প্রায় ৮৫ শতাংশ কর্মসংস্থান অনানুষ্ঠানিক খাতে, যেখানে সামাজিক সম্পর্ক, মৌসুমি কাজ ও পারিবারিক শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ে সুদের হার ও বিনিয়োগ সিদ্ধান্ত ব্যাখ্যায় উন্নত দেশের ব্যাংকনির্ভর অর্থব্যবস্থাকে কেন্দ্র করা হয়, অথচ বাংলাদেশের বাস্তবতায় ক্ষুদ্রঋণ, সমবায় ও অনানুষ্ঠানিক ধার-দেনা বড় ভূমিকা পালন করে। আবার কল্যাণ রাষ্ট্রভিত্তিক করনীতি বিশ্লেষণে ইউরোপীয় প্রেক্ষাপটে শেখানো হলেও বাংলাদেশের রাজস্ব কাঠামো ভ্যাট ও পরোক্ষ করনির্ভর, যা ভিন্ন সামাজিক প্রভাব তৈরি করে। ফলে শিক্ষার্থীরা তত্ত্ব শেখে, কিন্তু স্থানীয় অর্থনৈতিক বাস্তবতায় যেমন প্রবাসী আয়, ক্ষুদ্র উদ্যোক্তা অর্থনীতি বা গ্রামীণ বাজার কাঠামো পর্যাপ্তভাবে বোঝার সুযোগ পায় না। এর ফলে অর্থনীতি বিষয়টি অনেক সময় বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন একাডেমিক জ্ঞান হয়ে দাঁড়ায়।
তাই বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনীতি শিক্ষাকে আরও এশীয় অভিজ্ঞতা ও স্থানীয় অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি, যাতে শিক্ষার্থীরা নিজেদের সমাজ ও অর্থনীতিকে বুঝে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। এজন্য প্রথমত, পাঠ্যসূচির বিষয়বস্তুতে পরিবর্তন আনা। দ্বিতীয়ত, শিক্ষকমন্ডলীকে এ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করতে হবে। যতদিন না আমরা স্থানীয় অভিজ্ঞতালব্দ অর্থনৈতিক জ্ঞানের প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিত করতে পারব, ততদিন এসব বিষয়ে অর্থনৈতিক সমস্যা গুলোর সমাধানের পথও উন্মুক্ত হবে না।
নূর ই আলম: লেখক ও অর্থনীতি বিশ্লেষক alam 19195@gmail.com
