বাংলাদেশে মশা এখন শুধু একটি মৌসুমি উপদ্রব নয়। এটি ধীরে ধীরে জাতীয় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা ও গ্রামাঞ্চল– প্রায় সর্বত্র মশার বংশবিস্তার মানুষের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগে প্রতিবছর হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এবং শত শত মানুষের মৃত্যু ঘটছে। চিকিৎসা ব্যয়, কর্মঘণ্টা হারানো, সামাজিক আতঙ্ক– সব মিলিয়ে এ সংকট বাংলাদেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর বড় চাপ সৃষ্টি করছে।
বিশেষজ্ঞদের মতে, উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিক পরিকল্পনার সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণ করলে মশার প্রজনন ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে বড় প্রাদুর্ভাব ঘটে। আক্রান্ত হয় তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয় এক হাজার ৭০০ জনের বেশি। ২০২৪ সালে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয় এক লাখের বেশি রোগী এবং শত শত মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। অন্যদিকে পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলে ম্যালেরিয়া এখনও পুরোপুরি নির্মূল করা যায়নি।
গবেষকদের মতে, কয়েকটি কারণ বাংলাদেশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে নির্মাণাধীন ভবন, ছাদের ট্যাঙ্ক, ড্রেন ও প্লাস্টিক বর্জ্যে জমে থাকা পানি মশার প্রধান প্রজনন ক্ষেত্র। উচ্চ তাপমাত্রা ও অনিয়মিত বৃষ্টিপাত মশার জীবনচক্রকে দ্রুততর করছে। ফগিং কার্যক্রম অনেক ক্ষেত্রে অকার্যকর এবং অনেক এলাকায় নিয়মিত লার্ভা ধ্বংসের কার্যক্রম নেই। বাড়ির আশপাশে জমে থাকা পানির ছোট উৎসও মশার জন্য যথেষ্ট। বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে মশা নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে এবং উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, মশা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো লার্ভা পর্যায়েই মশা ধ্বংস করা।
জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে– পাইরিপ্রোক্সিফেন-ভিত্তিক লার্ভিসাইড ও বিটিআই ব্যাকটেরিয়া দীর্ঘস্থায়ী লার্ভানাশক ট্যাবলেট। এ প্রযুক্তি পানিতে মশার লার্ভাকে পূর্ণাঙ্গ মশায় পরিণত হতে দেয় না। জাপান ও কিছু আফ্রিকান দেশে এখন মশা নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এআই দিয়ে মশার প্রজননস্থল ম্যাপিং ও নির্দিষ্ট স্থানে লার্ভিসাইড প্রয়োগ করা যায়। ফলে রাসায়নিক ব্যবহার কমে এবং দ্রুত বড় এলাকা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অনেক দেশ পরিবেশবান্ধব পদ্ধতিও ব্যবহার করছে। যেমন লার্ভা খাওয়া মাছ, ব্যাকটেরিয়াভিত্তিক বায়োলজিক্যাল লার্ভিসাইড। এ ছাড়া সিঙ্গাপুরে কঠোর নজরদারি ও প্রযুক্তি ব্যবহার করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হয়েছে। জাপানে দীর্ঘমেয়াদি লার্ভা নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে শহুরে মশা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্রাজিলে কিছু এলাকায় জেনেটিক পদ্ধতি ব্যবহার করে মশার বংশবিস্তার কমানোর পরীক্ষা চলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে যদি সমন্বিত প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব। লার্ভা ধ্বংস কর্মসূচি চালু করলে মশার সংখ্যা ৮০-৯০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
ড্রোন প্রযুক্তি ব্যবহার করলে প্রজননস্থল দ্রুত শনাক্ত করা সম্ভব। নগর ব্যবস্থাপনা উন্নত হলে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমতে পারে। মশা পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না হলেও আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং সমন্বিত জাতীয় কর্মসূচি গ্রহণ করলে বাংলাদেশে মশার বিস্তার এবং ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো রোগ নাটকীয়ভাবে কমিয়ে আনা সম্ভব। প্রশ্ন এখন একটাই; বাংলাদেশ কি এই প্রযুক্তি ও নীতিগত পরিবর্তনের পথে দ্রুত এগোতে পারবে, নাকি প্রতিবছর একই সংকটের মুখোমুখি হতে থাকবে?
কবীর আহমেদ ভূঁইয়া: রাজনীতিক ও উন্নয়ন কৌশলবিদ
