বাংলাদেশের মানুষের স্বকীয়তার বোধ, স্বাধীনতার তাগিদ এবং মুক্তির লড়াই বিস্তারের পেছনে বড় অবদান ছিল লেখক, শিল্পী, শিক্ষক, গবেষক, পেশাজীবী; যাদের এককথায় ‘বুদ্ধিজীবী’ বলা হয় তাদের, যারা স্বাধীনভাবে মস্তিষ্ক ও হৃদয় দিয়ে পরিচালিত হয়েছেন। পাকিস্তান রাষ্ট্রের ভেতর জাতিগত নিপীড়ন, অপমান, আঞ্চলিক বৈষম্যের সঙ্গে সঙ্গে শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে চৈতন্য তৈরিতে তাদের অনেকেরই ধারাবাহিক ভূমিকা ছিল। এ দেশে শ্রেণি, ধর্ম, জাতি, লিঙ্গীয় নিপীড়ন ও বৈষম্যমুক্ত একটি সমাজ গড়ে তোলার স্বপ্নও বিস্তার লাভ করছিল তাদের কাজের মধ্য দিয়ে। সামাজিক দায়ের সঙ্গে স্বাধীন চিন্তা, সৃজনশীলতা ও আপসহীনতার মধ্য দিয়ে তারা অদম্য ভূমিকা নিয়েছিলেন। জীবনকালে তাদের ভূমিকা দেখলেই যে কেউ বুঝবেন তাদের চিন্তা, বিশ্লেষণ, অনুসন্ধান ও সৃজনশীলতা থেকে তৎকালীন রাজনীতি পথের দিশা পেয়েছে। এই কারণেই পাকিস্তানি বাহিনী ও জামায়াতের আলবদররা তাদের সহ্য করতে পারেনি, নিজেদের পরাজয় নিশ্চিত জেনেও তাদের বেছে বেছে হত্যা করেছে, খুঁজেছে আরও অনেককে হত্যার জন্য। সারাদেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সংবাদপত্রের সঙ্গে যুক্ত এই ব্যক্তিদের তালিকা এখনও অসম্পূর্ণ।

১৯৭১-এর ২৫ মার্চ রাত থেকে দানবীয় অপশক্তির ভয়ংকর থাবার মধ্যে, নির্যাতন ও প্রতিরোধের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ গেছেন, তা যারা দেখেননি তাদের পক্ষে চিন্তা করাও কঠিন। সেই অভিজ্ঞতা এই জনপদের সেই সময়ের ও পরবর্তী সব প্রজন্মের জন্য অনেক কিছুই পাল্টে দিয়েছে। পাকিস্তানি বর্বর সেনাবাহিনী ও তার দোসরদের ভয়ংকর কারাগার থেকে মুক্ত হওয়ার আনন্দ নিয়ে একই বছরের ১৬ ডিসেম্বর নিয়ে এসেছিল নতুন করে শ্বাস নেওয়ার দিন। বেদনার পাহাড় বুকে নিয়েও মানুষের তখন অনেক স্বপ্ন।

কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই জনপদের মানুষের মধ্যে বৈষম্য, শোষণ ও নিপীড়নবিরোধী যে চেতনা ও প্রত্যাশা তৈরি হয়েছিল তা বারবার পদদলিত করতে করতে দেশে চোরাই কোটিপতি লুটেরা নিপীড়ক সাম্প্রদায়িক জাতিবিদ্বেষী দখলদারদের শাসন পাকাপোক্ত হয়। তৈরি হয় লুটেরা কোটিপতি, স্বৈরশাসন আসে নানা রূপে। যুদ্ধাপরাধীদের দল আসে, ব্যবসা হয়, ক্ষমতা হয়, গাড়ি হয়–তাতে ওড়ে বাংলাদেশের পতাকা। সাম্রাজ্যবাদ নতুন করে খুঁটি বসায়। সাম্প্রদায়িকতা, জাতিবিদ্বেষ, সংখ্যাগরিষ্ঠ নারী-পুরুষের ওপর শোষণ-নির্যাতন চলতে থাকে। পাহাড়ে সমতলে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরা অধিকতর বিপন্নতায় ভুগতে থাকে। অসম্পূর্ণ বিজয়ের পর একেকটা পরাজয় জমতে থাকে। একের পর এক দখল, লুণ্ঠন, বিনা বিচারে হত্যাকাণ্ড, গুম, খুন; সাম্প্রদায়িক আক্রমণ; আগুনে পুড়ে ভবন চাপা পড়ে শত হাজার শ্রমিকের ছবি; বিশ্বঐতিহ্য সুন্দরবনের মহাবিপর্যয়ের সংকেত; সাগর-রুনি, ত্বকী, তনু, মুনিয়ার হত্যাকারীদের বিচারের ব্যর্থ আর্তনাদ; সীমান্ত হত্যা; ফুলবাড়ী, সুন্দরবন, বঙ্গোপসাগর, বন্দর নিয়ে নতুন নতুন চক্রান্তের চিত্র আমাদের আঘাত করেছে।

গত কয়েক দশকে দেশের অর্থনীতির আকার অনেক বেড়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন এখনও মানুষের হয়নি। এখন অর্থনীতি ধরে রেখেছেন দেশের গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক আর কৃষকরা। দেশি ও প্রবাসী শ্রমিকরা জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেশে বছরে আনেন প্রায় ৭০ বিলিয়ন ডলার। এই প্রবাহ না থাকলে লুটেরাদের দাপটে অনেক আগেই ধস নামত অর্থনীতিতে। গত পাঁচ দশকে কৃষি শিল্প শিক্ষা চিকিৎসা গ্যাস খনিজসম্পদ বিদ্যুৎ বন্দর রেলওয়ে পাট পানি ইত্যাদি উন্নয়নের নাম করে বহু নীতি ও কর্মসূচি নেওয়া হয়েছে দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে। এসব ক্ষেত্রে সরকারভেদে তেমন কোনো পার্থক্য হয়নি। কারণ এসব নীতি প্রণয়নে যারা সহযোগী ভূমিকা পালন করেছে তারা ছিল অভিন্ন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া ছাড়াও এদের মধ্যে উল্লেখযোগ্য সংস্থা হলো বিশ্বব্যাংক, আইএমএফ, ইউএসএইড, এডিবি। এগুলো আরও সম্ভব হয়েছে বুদ্ধিবৃত্তির দাসত্বের কারণে।

এসবের মধ্য দিয়ে আতঙ্কের সমাজ, দখলদার অর্থনীতি, জমিদারি রাজনীতি হয়ে উঠেছে বাংলাদেশের প্রধান চেহারা। দুর্নীতি, দখলদারিত্ব, নানা অগণতান্ত্রিক আইনি-বেআইনি তৎপরতা, সন্ত্রাস-টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ইত্যাদি বিস্তারের সুবিধাভোগীরাই ক্ষমতাবান থেকেছে বরাবর। নিজের ও স্বজনের জীবন নিয়ে, পথের নিরাপত্তা নিয়ে, জিনিসপত্রের দাম, জীবিকা, ভবিষ্যৎ নিয়ে সর্বজনের উৎকণ্ঠা দিনরাত। সবচেয়ে বড় ভয়, দিনের পর দিন সবকিছুতে অনিশ্চয়তা। ২৪-এর গণঅভ্যুত্থানে এর পরিবর্তনের প্রত্যাশা ছিল কিন্তু তা হয়নি। পাহাড় নদী খোলামাঠ বন দখল কিংবা দেশের সমুদ্র, সম্পদ, অর্থনীতিতে দেশি-বিদেশি লুটেরাদের আধিপত্য বাড়ার তৎপরতা এখনও অব্যাহত আছে। মিথ্যা মামলা মব সন্ত্রাস বেড়েছে, মাজার মন্দির জাদুঘর শিল্পকর্ম বাউল সাংস্কৃতিক তৎপরতা আক্রান্ত হচ্ছে, নারীর ওপর হুমকি বেড়েছে।

এসব দেখে বারবার প্রশ্ন আসে, তাহলে কি ’৭১-এর মুক্তিযুদ্ধে অগণিত নারী-পুরুষের অসম্ভব সাহস ও লড়াইয়ের অভিজ্ঞতা বৃথা? কিংবা এর পরেও মানুষের যত লড়াই সেগুলো কি বৃথা? না। ১৯৭১-এর সেই সাহস এখনও আমাদের শক্তি। এই শক্তি নিয়েই লড়াই অব্যাহত থেকেছে, ২৪-এর গণঅভ্যুত্থানও শক্তি নিয়েছে ’৭১ থেকেই। বারবার ’৭১ আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশের মানুষ, তা সে যতই দুর্বল অপুষ্ট হোক, জাগ্রত হলে যে কোনো দেশি-বিদেশি দানবের মোকাবিলা করতে তারা সক্ষম।

তবে ১৯৭১ সাল মুক্তিযুদ্ধের শুরুও নয়, তা মুক্তির যুদ্ধের শেষও নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশের কিংবা এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের মুক্তির যুদ্ধের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ১৯৭১। শ্রেণি, জাতি, ধর্ম ও লিঙ্গীয় বৈষম্য ও নিপীড়নবিরোধী রাজনীতি-সংস্কৃতির তাগিদ থেকেই বারবার প্রতিরোধে শামিল হচ্ছে মানুষ। এর জন্য সাম্রাজ্যবাদ, ধর্মবাদ ও দেশীয় লুটেরা ধনিক শ্রেণির সৃষ্ট সব মতাদর্শিক আধিপত্য ও রাজনৈতিক অর্থনৈতিক বিধিব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় অবস্থান গ্রহণ করাই বর্তমান সময়ের অন্যতম কর্তব্য। বুদ্ধিবৃত্তির মুক্তি ছাড়া তা সম্ভব নয়। নিষ্ক্রিয়, আচ্ছন্ন আর সন্ত্রস্ত জনগণের মধ্যে ক্ষমতার বোধ বিকশিত হওয়া ছাড়াও এটা সম্ভব নয়।

তাই শহীদ লেখক শিক্ষক শিল্পী বুদ্ধিজীবীসহ লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় নিজেদের মস্তিষ্ক আর হৃদয়ের মুক্তির সাধনাও জারি রাখতে হবে। রাষ্ট্র আর ক্ষমতার সব খুঁটি সবচেয়ে বেশি ভয় পায় স্বাধীন চিন্তা, স্বাধীন স্বর। এর মোকাবিলা যারা করতে পারবেন সেই স্বাধীন মানুষরাই শহীদ বুদ্ধিজীবীদের উত্তরসূরি।

বারবার প্রত্যাশা ভঙ্গের কারণে‌ বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখাই এখন অসম্ভব মনে হতে পারে। কিন্তু আধিপত্যের জালের আচ্ছন্নতা থেকে মুক্ত হলে, নিজেদের নিয়ে স্বপ্ন দেখতে সক্ষম হলে জনগণ তার অন্তর্গত বিশাল শক্তিও অনুভব করতে সক্ষম হবে। তখন সম্ভব হবে পথের সন্ধান পাওয়া, সম্ভব হবে তার রাজনীতির বিকাশে স্বাধীন পথ গ্রহণ। কারণ মানুষ যদি নিজে মুক্ত না হয়, তার মুক্তির কোনো সম্ভাবনা তৈরি হয় না।

আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক