বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এক ক্রান্তিলগ্নে অবস্থান করছে। এলডিসি উত্তরণ ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি। এই প্রেক্ষাপটে এফবিসিসিআই শিল্প, বাণিজ্য ও প্রযুক্তিকে একসূত্রে গেঁথে ‘সমন্বিত চিন্তার মাধ্যমে অর্থনীতিকে রূপান্তরিত করার কৌশল গ্রহণ করতে হবে। ২০২৫-এর লক্ষ্যমাত্রা অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিল্পায়ন এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে এআই-অটোমেশনের সংযোগকে অগ্রাধিকার দিতে হবে।
এফবিসিসিআই ‘Chamber 4.0’ ধারণার মাধ্যমে রিয়েল-টাইম ডেটা ড্যাশবোর্ড, অনলাইন ওয়ান-স্টপ ডিজিটাল সার্ভিস এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে এপিআই সংযোগ স্থাপনে কাজ করতে হবে, যা ব্যবসায়িক প্রক্রিয়া দ্রুততর করবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার এবং 4IR প্রযুক্তিতে প্রশিক্ষণের পরিকল্পনাও গ্রহণ করা যেতে পারে।
অর্থনৈতিক নীতি ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এফবিসিসিআই সরকারের সাথে গভীর কৌশলগত অংশীদারিত্ব, নিয়ন্ত্রক স্যান্ডবক্স, এবং LDC-উত্তর বাণিজ্যের জন্য আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। পাশাপাশি একটি আধুনিক এফবিসিসিআই স্কুল প্রতিষ্ঠা, নীতি-সংক্রান্ত থিঙ্ক ট্যাঙ্ক ও উপদেষ্টা কমিটি গঠন, যারা কিনা বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে নীতিগত আলোচনা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ স্থাপন করবে।
সদস্যপদ কাঠামোতে কর্পোরেট মেম্বারশিপ ও লাইফটাইম মেম্বারশিপ চালুর মাধ্যমে এফবিসিসিআই-এর প্রাতিষ্ঠানিক শক্তি ও নেতৃত্ব আরও বিস্তৃত ও প্রভাবশালী হবে। সার্বিকভাবে, এফবিসিসিআই-এর এই সমন্বিত রূপান্তর উদ্যোগ বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও প্রযুক্তিকে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে এগিয়ে নেবে।
লেখক: অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যবস্থাপনা পরিচালক, ল্যাবএইড হাসপাতাল।
