মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। তারা আশা করছে, এটি বিশ্বব্যাপী তাদের বৈধতা নিশ্চিত করবে। ভোটের বেশ কয়েকটি পর্যায়ের প্রথম ধাপ শুরু হবে ২৮ ডিসেম্বর, যদিও জান্তা এখনও পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে পারেনি। ২০২১ সালে সামরিক বাহিনী; যা তাতমাদাও নামে পরিচিত–ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে পতিত হয়। গণতন্ত্রপন্থি গেরিলা এবং শক্তিশালী জাতিগত-সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর কাছে জান্তা সরকারের দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির একাংশ হাতছাড়া হয়ে গেছে।

ক্ষমতাসীন জেনারেলরা নির্বাচনকে সমঝোতার পথ হিসেবে তুলে ধরলেও বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় ভোট বয়কটের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে, মানবাধিকার গোষ্ঠীগুলো নির্বাচনকে সামরিক বাহিনীকে গোপনে ক্ষমতায় রাখার জন্য পরিকল্পিত নকশা হিসেবে নিন্দা জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক ব্লক আসিয়ান ‘অপেক্ষা করো এবং দেখো’ নীতি অনুসরণ করছে বলে মনে হচ্ছে। তবে এশিয়ার শক্তিশালী দেশ চীন ও ভারত জান্তার পরিকল্পনা সমর্থন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত আসিয়ান দেশটির একজন কূটনীতিক ডয়চে ভেলেকে বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের নাগরিকদের বড় কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কম।

ওই কূটনীতিক বলেন, ‘এই নির্বাচন সম্ভবত সামরিক জান্তার শাসনকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে করা হয়েছে, যেখানে সামরিক-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে।’ ‘তাছাড়া, মিয়ানমারে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা কঠিন হবে, কারণ প্রধান বিরোধী দলগুলোকে হয় সাধারণ নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে অথবা দমন-পীড়ন বা নিরাপত্তা উদ্বেগের কারণে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’

ইয়াঙ্গুনের টাম্পাডিপা ইনস্টিটিউটের পরিচালক খিন জাও উইন বলেছেন, চীন, রাশিয়া, ভারত ও বেলারুশের মতো ‘জান্তার পেছনে দৃঢ়ভাবে থাকা দেশগুলোর’ মাত্র কয়েকটি আসন্ন নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছে। তিনি উল্লেখ করেছেন, এই দেশগুলো মিয়ানমারে গণতন্ত্রের সম্ভাবনার চেয়ে ‘নিজস্ব স্বার্থ অগ্রাধিকার দিচ্ছে’। খিন জাও উইন বলেন, ‘২০২১ সাল থেকে ভারত জান্তাপ্রধানের প্রতিশ্রুতি অন্ধভাবে গ্রহণ করেছে। চীন মিয়ানমারের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না, কিন্তু তারা জান্তার ভালো দিকেই থাকতে চায়।’

নির্বাচনের আগে মিয়ানমারের সেনাবাহিনী বিরোধী গোষ্ঠীগুলোর দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারের জন্য অভিযান জোরদার করেছে। গত ছয় মাসে তারা উত্তর শান রাজ্যে উল্লেখযোগ্য আঞ্চলিক নিয়ন্ত্রণ লাভ করেছে, যেখানে মধ্য মিয়ানমারের সঙ্গে চীনের সংযুক্ত একটি প্রধান মহাসড়কও যুক্ত, যার মধ্যে উত্তর-পূর্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেনা সদরদপ্তর লাশিওও অন্তর্ভুক্ত।

চীনের মধ্যস্থতায় আলোচনার পর অক্টোবরে সেনাবাহিনী একটি প্রধান জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গেও একটি চুক্তি করে, যার ফলে তারা মান্দালয় অঞ্চলের রুবি-খনির কেন্দ্র মোগোকসহ আরও কিছু শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। দেশের অন্যান্য স্থানেও তারা লাভবান হয়েছে। ২০২৩ সালের শেষের দিকে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো মিলে একটি জোট তৈরি হয়, যা দিয়ে তারা একটি বড় জান্তাবিরোধী অভিযান ‘অপারেশন ১০২৭’ চালায়।

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জান্তাদের বৈধতা নেই। এ কারণে তারা নির্বাচনের মাধ্যমে আবির্ভূত একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে।’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এতে ৩৩ লাখেরও বেশি বেসামরিক লোক বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। জাও নাইং বলেন, চলমান অস্থিরতা এবং তার ফলে অর্থনৈতিক সংকট, বাণিজ্য পথ ধ্বংসের সঙ্গে মিলিত হয়ে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করছে। ফলে আসন্ন নির্বাচনের প্রতি জনগণের কোনো আগ্রহ বা প্রত্যাশা নেই। তাদের প্রাথমিক আকাঙ্ক্ষা কেবল গৃহযুদ্ধ এবং একাধিক সংকটের অবসান ঘটানো।

জাও নাইং জোর দিয়ে বলেন, ‘যদি এই পরিস্থিতির ফলে একটি বেসামরিক সরকার–একটি পরিচালনাযোগ্য সমাধান তৈরি হয়, তাহলে জনগণ অবশ্যই এটিকে স্বাগত জানাবে।’ তবে শান রাজ্যে অবস্থিত একজন জান্তাবিরোধী কর্মী নাম প্রকাশ না করার শর্তে ডিডব্লিউকে বলেন, ‘নির্বাচনের পরে সামরিক বাহিনী তাদের দমন-পীড়ন আরও তীব্র করবে এবং বেসামরিক নাগরিকরা ক্রমশ এর প্রভাব ভোগ করবে। নির্বাচনের পরের সময়কাল আরও ভয়াবহ। আমি মনে করি তারা আরও বিচারবহির্ভূত মামলা এবং নির্বিচারে গ্রেপ্তার চালাবে। তারা শুরুতে ইতোমধ্যেই নৃশংস ছিল, কিন্তু এখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমার মনে হয় তারা বেসামরিক নাগরিকদের আরও বেশি নিশানা বানাবে।’

কেপ ডায়মন্ড: সাংবাদিক, ডিডব্লিউ থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম।