বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্পটি প্রধানত তৈরি পোশাক (রেডি মেইড গার্মেন্ট-আরএমজি) খাতের সাফল্যের ওপর নির্ভরশীল, যা বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। এই খাতটি দ্রুত শিল্পায়ন ঘটিয়েছে এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক উন্নয়নে (বিশেষত নারীর ক্ষমতায়ন) অসামান্য ভূমিকাও রেখেছে। কিন্তু এই একক খাতের ওপর প্রায় সর্বাত্মক নির্ভরতা দেশের অর্থনীতিকে এমন একটি গুরুতর কাঠামোগত ঝুঁকির মুখে ফেলেছে যে, টেকসই ও স্থিতিস্থাপক অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশে জন্য এখন এই খাত হয়ে উঠেছে গলার কাঁটা ।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূ-রাজনৈতিক অস্থিরতা, ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং বাণিজ্য নীতির অপ্রত্যাশিত পরিবর্তনের মতো বাহ্যিক অভিঘাত এই একক-খাতনির্ভর অর্থনীতিকে দ্রুত অস্থিতিশীল করে তোলার ক্ষমতা রাখে, যা সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানির ওঠানামার চিত্রে স্পষ্ট হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি মাত্র ১.৪০ শতাংশে নেমে আসা এবং অক্টোবর মাসে তা ৮ শতাংশ হ্রাস পাওয়া এই ইঙ্গিতই দেয় যে, বৈশ্বিক মন্দা (কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি সংকোচন) এবং আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধ ও ভূ-রাজনৈতিক সংকট (যেমন- যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা, রেড-সি উত্তেজনা, ভারতের বন্দর ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি) এই খাতকে কতটা সহজে ক্ষতিগ্রস্ত করে, যা সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিকে করে তোলে অস্থির ও অনিশ্চিত। অর্থনীতিতে এ ধরনের কেন্দ্রীভবন দেশের স্থিতিস্থাপকতা হ্রাস করেছে। যা বহুলাংশে মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এটি একটি এমন অবস্থা যেখানে একটি দেশ নিম্ন-মূল্যের উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করে একটি নির্দিষ্ট আয় স্তরে পৌঁছানোর পর উচ্চতর মূল্য-সংযোজিত অর্থনীতির দিকে উত্তরণ ঘটাতে ব্যর্থ হয়। উপরন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) গবেষণা বলছে, প্রযুক্তিগত অগ্রগতি ও অটোমেশন ২০৪০ সালের মধ্যে ৬০ শতাংশ তৈরি পোশাকসংশ্লিষ্ট চাকরির বিলুপ্তি ঘটাবে। এ ধরনের গভীর ও বহুমাত্রিক ঝুঁকি মোকাবিলায় উচ্চমূল্য সংযোজনে সক্ষম এবং দেশজ সম্পদনির্ভর চামড়া খাতের মতো কৌশলগত শিল্পে জরুরি মনোযোগ দেওয়া বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।