বাংলাদেশের বর্তমান সংকট কোনো সাধারণ ব্যর্থতা নয়; বরং এটি একটি সুপরিকল্পিত অলিগার্কিক পক্ষাঘাত এবং একটি বহু-মাত্রিক সময়-তথ্য-জ্ঞানগত ক্যাপচার। ১৯৭১ সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেলেও প্রকৃত মুক্তি ও আপনতা (ফ্রিডম) আজও অধরা। ১৭৫৭ থেকে ১৯৭১ পর্যন্ত সম্পদ পাচারের গন্তব্য লন্ডন বা ইসলামাবাদ হলেও, গত দেড় দশকে তা স্থানান্তরিত হয়েছে কানাডার বেগমপাড়া, দুবাই কিংবা মালয়েশিয়ার সেকেন্ড হোমে। বিগত দশকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গড়ে তোলা হয়েছে এমন এক সপ্তভূজ লৌহ কাঠামো, যা সময়, তথ্য ও জ্ঞানকে কুক্ষিগত করে রাষ্ট্রের নিষ্কাশনমূলক চরিত্রকে নিরঙ্কুশ করেছে। এই প্রেক্ষাপটে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক পালাবদল নয়, বরং ভঙ্গুর অর্থনীতির মুখোমুখি হওয়ার এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। আবেগের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক অর্থনীতির নির্মোহ দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায়, এটি এমন এক মুহূর্ত যেখানে লুণ্ঠিত অর্থনৈতিক কাঠামো এবং আগামীর নেতৃত্বের সক্ষমতা মুখোমুখি হতে চলেছে। এই নিবন্ধে আমি বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত সীমাবদ্ধতাগুলো একটি নতুন তাত্ত্বিক লেন্স দিয়ে ব্যবচ্ছেদ করব এবং ভবিষ্যৎ নেতা হিসেবে তাঁর সামনে দ-ায়মান পাহাড়সম চ্যালেঞ্জগুলো চিহ্নিত করব।

পরিকল্পিত অদক্ষতা ও সময়-তথ্য-জ্ঞানগত পক্ষাঘাত: রাষ্ট্রের অনবায়নযোগ্য সম্পদ ‘সময়’। কিন্তু গত দেড় দশকে রাষ্ট্রের সময়কে উন্নয়নের উৎপাদনশীল ইনপুট হিসেবে ব্যবহার না করে, তাকে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার রাজনৈতিক সম্পদ হিসেবে রূপান্তরিত করা হয়েছে। মেগা-প্রকল্পের নামে সময়ক্ষেপণ এবং দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদ তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে থাকে এবং শাসকের ওপর নির্ভরশীল থাকে। এটি হলো ‘সময়ের পক্ষাঘাত’। তরুণদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো ট্রাফিক জ্যামে, শিক্ষার্থী তকমা লাগিয়ে ক্লাসরুমের নামে অনলাইনের সস্তা বিনোদনে এবং বেকারত্বের দীর্ঘ লাইনে অপচয় করিয়ে তাদের উৎপাদনশীলতা হরণ করা হয়েছে। দ্বিতীয়ত, মাথাপিছু আয় ও রপ্তানির মতো তথ্যকে কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। অন্যদিকে খেলাপি ঋণ, রিজার্ভ সংকট এবং মুদ্রাস্ফীতির প্রকৃত তথ্য গোপন রেখে নাগরিকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংকুচিত করা হয়েছে। পর্যাপ্ত তথ্যের অভাবে জনগণ শুধু রাষ্ট্রীয় সেবার সর্বোচ্চ ব্যবহার থেকেই বঞ্চিত হয় না; তথ্যের ওপর অলিগার্কিক নিয়ন্ত্রণ তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার খরচ বা সুযোগ ব্যয় বহুগুণ বাড়িয়েছে। অপতথ্য ও বিকৃত তথ্যের এই পরিকল্পিত নিয়ন্ত্রণ বাজার, অর্থনীতি ও রাজনীতিকে পঙ্গু করে দিয়েছে, যা আসলে একটি ‘তথ্যগত পক্ষাঘাত’। সবচেয়ে ভয়াবহ হলো ‘জ্ঞানের পক্ষাঘাত’। শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে এবং জনগণকে সস্তা বিনোদনের আফিমে (ডোপামিন) বুঁদ করে ও ভয়ের চাবুক (অ্যামিগডালা) দিয়ে শাসন করে একটি চিন্তাশক্তিহীন প্রজন্ম তৈরি করা হয়েছে। এমন একটি শিখিত অসহায়ত্ব তৈরি করা হয়েছে, যেখানে জনগণ মনে করে, ‘এভাবেই চলবে, পরিবর্তনের চেষ্টা করে লাভ নেই’। একেই আমি বলছি স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য।

এই ত্রিমুখী পক্ষাঘাতকে সুরক্ষা দিচ্ছে একটি ‘সপ্তভূজ লৌহ কাঠামো’। এই কাঠামোর সাতটি বাহু হলো: (১) রাজনৈতিক কর্তৃত্ব, অন্ধ কাল্ট, (২) দলীয়কৃত সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, (৩) লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী ও প্লুটোক্র্যাসি, (৪) নিষ্কাশনমূলক প্রতিষ্ঠানসমূহ, (৫) অনুগত মিডিয়া ও বুদ্ধিজীবী চক্র, (৬) বিদেশি মিত্র ও ভূরাজনৈতিক শক্তি, এবং (৭) স্থানীয় মাস্তান, সিন্ডিকেট ও অন্যান্য অনানুষ্ঠানিক নেটওয়ার্ক। ফলে বাংলাদেশ তার প্রকৃত সক্ষমতা বা উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে একটি অদক্ষ বিন্দুতে অবস্থান করছে।

অর্থনীতির ১০টি চ্যালেঞ্জ: তারেক রহমান এমন এক সময়ে ১৭.৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে ফিরছেন, যখন অর্থনীতি গভীর খাদের কিনারে। দেশে ১১.৭১ কোটি কর্মক্ষম জনগোষ্ঠী থাকলেও মাত্র ৬.৯৯ কোটি কর্মসংস্থানে যুক্ত, যাদের ৮৫ শতাংশই অনানুষ্ঠানিক খাতে। আগামী দিনে তাঁর সাফল্য নির্ভর করছে তিনি কতটা দক্ষতার সাথে নিচের ১০টি চ্যালেঞ্জ এবং এই অলিগার্কিক কাঠামো মোকাবিলা করতে পারবেন।

চ্যালেঞ্জ-১ (কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি ও বিনিয়োগ খরা): বাংলাদেশের অর্থনীতির গভীরতম ক্ষত হলো প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের চিরায়ত সম্পর্ক বা ‘ওকুন’স ল’ (১৯৬২) ভেঙে পড়া। শূন্য দশকে যেখানে প্রবৃদ্ধি ১ শতাংশ বাড়লে কর্মসংস্থানও প্রায় ১ শতাংশ বাড়ত, বর্তমানে সেই সমীকরণটি সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। গত দেড় দশকে জিডিপি স্ফীত হলেও কর্মসংস্থান স্থিতিস্থাপকতা ১ থেকে আশঙ্কাজনকভাবে কমে ০.১২-০.২০ এর কোঠায় এসে ঠেকেছে। বিনিয়োগের ৭০-৭৫ শতাংশই চলে গেছে পুঁজি-নিবিড় মেগা-প্রকল্পে, যেখানে অর্থের প্রবাহ আছে কিন্তু কাজের সুযোগ নেই। শ্রমঘন খাত (এসএমই, কৃষি) অবহেলিত থাকা ও মেগা-প্রকল্পের মোহ মূলত সপ্তভূজ কাঠামোর ৩য় ও ৬ষ্ঠ বাহু (লুটেরা গোষ্ঠী ও বিদেশি মিত্র) দ্বারা চালিত। এখানে কাজ করছে একটি ‘নির্ভরতা-নিষ্কাশন ফিডব্যাক লুপ’; যেখানে জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করে নির্ভরশীল রাখা হয়, কারণ অর্থনৈতিক অসহায়ত্বই রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করে।

চ্যালেঞ্জ-২ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও যুব ঝুঁকি): বাংলাদেশ আজ জনমিতিক সুফলের বা জনসংখ্যায় তরুণদের আধিক্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এই সুযোগের জানালা ২০৩৫-৪০ সালের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। অথচ বর্তমানে প্রতি বছর প্রায় আড়াই মিলিয়ন তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও যোগ্য কাজ পাচ্ছে অর্ধেকেরও কম। তরুণরা আজ শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান; এই ত্রিমাত্রিক সংযোগ থেকে বিচ্ছিন্ন; যার ফলে জাতীয় বেকারত্বের তুলনায় যুব বেকারত্বের হার প্রায় তিনগুণ বেশি। আরও ভয়াবহ হলো, প্রায় ৪০ শতাংশ তরুণই এখন ‘নিট’ বা শিক্ষা ও কাজের বাইরে (বিবিএস, ২০২৩)। ইতিহাসের এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় এই বিশাল কর্মহীন স্রোত সামাজিক টাইম বোমায় পরিণত হয়েছে। জনমিতিক লভ্যাংশের এই অমূল্য ‘সময়’কে রাষ্ট্র কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে, যা সময়ের পক্ষাঘাতের ধ্রুপদী উদাহরণ। ২০২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, রাষ্ট্র ব্যর্থ হলে তা ‘ইয়ুথ বালজ’ (উর্দাল, ২০০৬) থিওরি অনুযায়ী বিদ্রোহের আগুনে পরিণত হয়।

চ্যালেঞ্জ-৩ (মানবসম্পদ উন্নয়ন ও মানবপুঁজির অপচয়): শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি; মানব পুঁজির এই তিন স্তম্ভই আজ নড়বড়ে। প্রথমত, শিক্ষায় সৃজনশীলতা ও দক্ষতার বদলে সনদসর্বস্বতার প্রসার ঘটানো হয়েছে। ১১ বছরের গড় স্কুলিং থেকে প্রকৃত শিক্ষালাভ হচ্ছে মাত্র ৬.৫ বছরের সমতুল্য (বিশ্বব্যাংক, ২০১৮)। এটি অলিগার্কদের অনুগত প্রজা তৈরির হাতিয়ার, যা জাতির জ্ঞানের পক্ষাঘাত নিশ্চিত করছে। তৃতীয় শ্রেণিতে ৩৫ শতাংশ শিক্ষার্থীর বাংলা পাঠের সামর্থ্য নাই এবং পঞ্চম শ্রেণিতে এসে ৫০ শতাংশের বেশি গণিতে ন্যূনতম মান অর্জনে ব্যর্থ (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২০২২)। দ্বিতীয়ত, বাংলাদেশে প্রতি পরিবারে একজন দীর্ঘমেয়াদী রোগী রয়েছে, যা জনগণকে দরিদ্রতার ফাঁদে ফেলছে। স্বাস্থ্য খরচের প্রায় ৭০ শতাংশ সরাসরি পরিবার বহন করে, যা বিশ্বে প্রায় সর্বোচ্চ। তৃতীয়ত, খাদ্যে ভেজাল ও পুষ্টিহীনতা ভবিষ্যৎ শ্রমশক্তির শারীরিক ও মানসিক সক্ষমতা ধ্বংস করছে। প্রায় ৭০ শতাংশ খাদ্যে ভেজাল প্রতি বছর ৪৫ লক্ষ মানুষকে অসুস্থ করছে এবং ৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি ঘটাচ্ছে (শেয়ার বিজ, ২০২৫)। পাশাপাশি, ১০-২০ শতাংশ শিশুর স্টান্টিং ও অপুষ্টি মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করে জ্ঞানীয় সক্ষমতা কমিয়ে দিচ্ছে; ফলে তৈরি হচ্ছে আগামীকালের একটি রুগ্ন ও অদক্ষ শ্রমশক্তি।

চ্যালেঞ্জ-৪ (সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও এলিট ক্যাপচার): বাংলাদেশের নিত্যপণ্যের বাজার আজ গুটিকয়েক করপোরেট ও রাজনৈতিক সিন্ডিকেটের দখলে, যাকে এলিট ক্যাপচার বলা হয়। মাত্র ৫-৬টি বৃহৎ শিল্পগোষ্ঠী আমদানিনির্ভর নিত্যপণ্যের বাজারের প্রায় ৮০-৯০ শতাংশ এককভাবে নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূল্য নির্ধারণ, চাঁদাবাজি এবং সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বাধা সৃষ্টির মাধ্যমে সিন্ডিকেটগুলো জনসাধারণকে লুণ্ঠন করছে। সিন্ডিকেট মূলত তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শোষণ করে, যা তথ্যগত পক্ষাঘাতেরই নামান্তর। এখানে সংগঠিত ক্ষুদ্র গোষ্ঠী (সিন্ডিকেট) সবসময় অসংগঠিত বৃহৎ জনগোষ্ঠীকে (সাধারণ জনগণ) শোষণ করে (ওলসন, ১৯৬৫)।

চ্যালেঞ্জ-৫ (ব্যাংকিং খাতে ‘মরাল হ্যাজার্ড’ ও পুঁজি বাজার): বাংলাদেশের আর্থিক সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাংকিং খাতে চরম মরাল হ্যাজার্ড, যেখানে ঋণের টাকা ফেরত না দিলে কোনো শাস্তি হয় না, বরং রাজনৈতিক পরিচয়ে পাওয়া যায় ঋণের পুনঃতফসিলীকরণের সুবিধা। খেলাপি ঋণ ৬.৪৪ ট্রিলিয়ন টাকায় দাঁড়িয়েছে, যা মোট ঋণের ৩৬ শতাংশ। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪০.৩৫ শতাংশ। পাঁচটি বিপর্যয়ে থাকা ব্যাংকের ২ ট্রিলিয়ন ঋণের মধ্যে ১.৫ ট্রিলিয়ন খেলাপি টাকাই এস. আলম গ্রুপ ও প্রভাবশালী গোষ্ঠীর দখলে। এটি নিষ্কাশনমূলক প্রতিষ্ঠানের (সপ্তভূজ কাঠামোর ৪র্থ বাহু)-এর ভয়ংকর রূপ। অন্যদিকে, পুঁজি বাজার বিনিয়োগের উৎস না হয়ে জুয়াড়ি ও ইনসাইডার ট্রেডিং-এর আখড়ায় পরিণত হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা তথ্যের অভাবে ক্রমাগত নিঃস্ব হচ্ছেন।

চ্যালেঞ্জ-৬ (আয় বৈষম্য ও মধ্যবিত্তের বিলুপ্তি): বাংলাদেশে আয় ও সম্পদ বৈষম্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পিপিআরসি (২০২৫) বলছে দারিদ্র্য হার ২৭.৯ শতাংশ এবং চরম দারিদ্র্য ৯.৩ শতাংশ। গত দেড় দশকের তথাকথিত উন্নয়নে সম্পদ গুটিকয়েক মানুষের হাতে পুঞ্জীভূত হয়েছে, আর মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়ে বিলুপ্তির পথে মধ্যবিত্ত শ্রেণি। এটি একটি ‘কে-শেপড’ অর্থনীতি তৈরি করেছে, যা ‘প্লুটোক্র্যাসি’ বা ধনিকতন্ত্রের (সপ্তভূজ কাঠামোর ৩য় বাহু) সরাসরি ফলাফল। মধ্যবিত্তকে বলা হয় অর্থনীতির মেরুদ-; তারা কর দেয়, ভোগ বাড়ায় এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করে। নি¤œবিত্ত ও মধ্যবিত্তকে শক্তিশালী করা মানেই রাজনৈতিক স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজার নিশ্চিত করা।

চ্যালেঞ্জ-৭ (বৈদেশিক মুদ্রা সংকট ও ঋণের ফাঁদ): চলমান রিজার্ভ সংকট ও ডলারের তীব্র হাহাকার কোনো আকস্মিক দুর্যোগ নয়; বরং এটি দীর্ঘদিনের সময় ব্যবস্থাপনার ব্যর্থতার ফল। দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ১১২.১৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অলিগার্কিক প্রকল্পের জন্য নেওয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা এখন অর্থনীতির শ্বাসরোধ করছে। এটি ‘ডেট অভারহ্যাং’ পরিস্থিতি; যেখানে জাতীয় আয়ের বড় অংশ ঋণ শোধে চলে যায়, ফলে শিক্ষা বা স্বাস্থ্যের মতো জরুরি খাতে নতুন বিনিয়োগ সম্ভব হয় না।

চ্যালেঞ্জ-৮ (আমলাতন্ত্র, প্রাতিষ্ঠানিক শূন্যতা ও আস্থার সংকট): দীর্ঘদিনের একদলীয় শাসনে প্রশাসনিক কাঠামো অকার্যকর হয়ে পড়েছে। প্রতিষ্ঠানগুলো আজ নিয়ম বা পেশাদারিত্বের বদলে রাজনৈতিক আনুগত্যের সম্প্রসারিত যন্ত্রে পরিণত হয়েছে। আমলাতন্ত্রে ক্যাডার বৈষম্য এবং বিচার বিভাগ, দুদক ও এনবিআর-এর অদক্ষতা আইনের শাসন ও রাজস্ব আহরণকে অকার্যকর করে দিয়েছে। নর্থের (১৯৯০) মতে, টেকসই উন্নয়নের চাবিকাঠি শক্তিশালী ও অনিশ্চয়তামুক্ত প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশে সেই স্থিতিশীলতা ভেঙে পড়েছে। প্রতিষ্ঠানগুলো জনআস্থা হারিয়েছে এবং এই অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা শঙ্কিত।

চ্যালেঞ্জ-৯ (নগরায়ন ও জলবায়ু ঝুঁকি): দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক, আর মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রয়েছে রাজধানীতে। অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মিলে তৈরি করেছে ‘আরবান ক্লাইমেট ট্র্যাপ’। গ্রাম থেকে শহরে জনস্রোত বাড়লেও শহরগুলো তাদের ধারণক্ষমতা হারিয়েছে। সামান্য বৃষ্টিতে শহর অচল হওয়া, জলাধার ভরাট, উত্তরাঞ্চলের খরা বা উপকূলীয় মানুষের বাস্তুচ্যুতি; সবই অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করছে। জলবায়ু-সংবেদনশীল ঝুঁকি (যেমন ডেঙ্গু) এবং উচ্চতাপমাত্রাজনিত উৎপাদনশীলতা-ক্ষতি মানব পুঁজির ওপর নতুন ধরনের চাপ তৈরি করছে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য কোনো তাত্ত্বিক ঝুঁকি নয়, এটি জিডিপি গ্রাসকারী এক বাস্তব দৈত্য।

চ্যালেঞ্জ-১০ (রাজনৈতিক মেরুকরণ, সহিংসতা ও দ্বৈত শাসনব্যবস্থা): বাংলাদেশে দীর্ঘস্থায়ী রাজনৈতিক মেরুকরণ, সহিংসতা এবং রাষ্ট্রীয় শক্তির অতিরিক্ত ব্যবহার অর্থনীতিতে এক ধরনের স্থায়ী অনিশ্চয়তা ও রিস্ক প্রিমিয়াম তৈরি করেছে। এর ফলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও নীতি-ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে একদিকে সংবিধানসম্মত সরকার, আর অন্যদিকে সপ্তভুজ লৌহ কাঠামোর বিভিন্ন বাহুর অনানুষ্ঠানিক প্রভাব-নিয়ন্ত্রণের দ্বৈত শাসন কাঠামো নীতি বাস্তবায়নে গভীর ফাঁক তৈরি করেছে। ফলে আইন বইয়ে থাকলেও বাস্তবে ‘ডি-ফ্যাক্টো ক্ষমতা’ প্রাধান্য পাচ্ছে এবং কাক্সিক্ষত সংস্কার আটকে যাচ্ছে।

তারেক রহমান ও আগামীর বাংলাদেশ: গত ৯ নভেম্বর জাতীয় অর্থনীতি পত্রিকায় প্রকাশিত ‘তারেক রহমানের নেতৃত্ব পরিশোধন প্রক্রিয়ার সমীকরণ কী হবে’ শিরোনামের নিবন্ধে আমি যুক্তি দিয়েছিলাম যে, শূন্য দশকের প্রথমার্ধের স্ব-নাশকতা ও অলিগার্কিক দমন-পীড়ন অভিজ্ঞতার সাথে তারেক রহমানের নির্বাসনজনিত কষ্টসাধ্য নেতৃত্ব পরিশোধন প্রক্রিয়াটিই হতে পারে বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাজেডি থেকে মুক্তির নতুন সমীকরণ। ২০২৪-এর গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে জনগণ পরিবর্তন চায়; এখন প্রশ্ন হলো, তারেক রহমান সেই পরিবর্তনের যোগ্য নেতৃত্ব দিতে পারবেন কি না। তারেক রহমানের কঠিনতম পরীক্ষা হবে; এক শাসকের আমলে কোনো বিষয়কে ‘হৃদয় দিয়ে দেখা’ এবং আরেকজনের আমলে ‘চোখ দিয়ে দেখা’ জনগণের মনস্তত্ত্ব জয়ের ধৈর্য রাখা এবং নির্বাসনের ট্রমা কাটিয়ে পুরনো ব্যবস্থার সাথে আপস না করা। মুক্তির এই নতুন অধ্যায়ে তারেক রহমানকে স্নায়ু-রাজনৈতিক অর্থনীতি বুঝতে হবে। মস্তিষ্কের ভয়-আবেগের চাবুক (অ্যামিগডালা) এবং অনলাইন গুজব ও সস্তা বিনোদনের আফিম (ডোপামিন) ভেঙে, নাগরিক শক্তির প্রিফ্রন্টাল কর্টেক্স বা বিচারবুদ্ধিকে সক্রিয় করার দায়িত্ব নিতে হবে।

দেশের জনগণ গত দুই দশকের বৈষম্যের টানেলে আটকে স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্যে নিমজ্জিত। পাশের লেনে সুবিধাভোগীদের এগিয়ে যাওয়া দেখে হতাশ জাতির জন্য তারেক রহমানকে ‘থেরাপিস্ট’ হতে হবে। গুড উইল হান্টিং (১৯৯৭)-এর ট্রমাগ্রস্ত উইল হান্টিংয়ের ‘থেরাপিস্ট’ শন ম্যাগুয়্যার যেমন উইলকে দায়মুক্তি দিয়েছিলেন, তেমনি জনগণকে ‘এটা তোমাদের দোষ নয়’ বলে আস্থা ফিরিয়ে দার্শনিক নিটশের ‘হোয়াই টু লিভ’ দর্শনে একটি ঐক্যবদ্ধ লক্ষ্য নির্ধারণ করতে হবে। রাজনীতির এই অ্যারেনাটি জিমি ডোনাল্ডসনের (মিস্টার বিস্ট) ‘বিস্ট গেমস’-এর মতোই নিষ্ঠুর ও চ্যালেঞ্জিং। ‘বিস্ট গেমস’-এ বিজয়ী জেফ অ্যালেন যেমন ব্যক্তিগত প্রলোভন সামলে গোষ্ঠী স্বার্থ ও ব্যক্তিগত উদ্দেশ্যের ভারসাম্য রক্ষা করেছিলেন, তারেক রহমানকেও তেমনই বাংলাদেশের সপ্তভূজ লৌহ কাঠামো ভেঙে মানব পুঁজির অপচয় রোধে ব্যক্তিগত ও দলীয় স্বার্থের পাশাপাশি সামগ্রিক স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।

তারেক রহমান এমন এক সময়ে ফিরছেন যখন রবার্ট রটবার্গের (২০০৩) সংজ্ঞানুযায়ী নিরাপত্তা ও সুশাসনে ব্যর্থ এবং ম্যাক্স ওয়েবারের (১৯১৯) মতে সহিংসতার একচেটিয়া নিয়ন্ত্রণ হারানো বাংলাদেশ ‘ব্যর্থ রাষ্ট্র’ হওয়ার চূড়ান্ত ঝুঁকিতে। এর প্রমাণ, ফ্রাজাইল স্টেটস ইনডেক্সে ৩৩.৬ স্কোর নিয়ে ‘উচ্চ সতর্কতা’ অবস্থান এবং ল্যান্ট প্রিচেটের (২০২৪) ‘বাংলাদেশ প্যারাডক্স’-এর সতর্কবার্তা, যেখানে ২০৫০ সালে রাষ্ট্রীয় সক্ষমতা বিশ্বের সর্বনি¤েœ নামার ঝুঁকি রয়েছে।

এমতাবস্থায়, তারেক রহমানের ভূমিকা হতে হবে একজন ‘চিফ ফিজিশিয়ানে’র। তাঁকে প্রচলিত সংস্কারের বাইরে গিয়ে ‘অপারেশনাল থেরাপি’ চালাতে হবে। এই থেরাপির অংশ হিসেবে অর্থনীতির গতিপথ মেগা-প্রকল্প থেকে শ্রমঘন এসএমই ও কৃষির দিকে ঘুরিয়ে তরুণদের উৎপাদনশীল সম্পদে রূপান্তর, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় শিক্ষা-স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করা এবং সিন্ডিকেট ও খেলাপিদের দমনে ব্যাংকিং খাতে ‘শক থেরাপি’ প্রয়োগ করতে হবে। আন্তর্জাতিক চাপের মুখেও সার্বভৌমত্ব রক্ষা করে বিকেন্দ্রীকরণ, জলবায়ু অভিযোজন ও কর-ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র ও লৌহ কাঠামোর মধ্যে ‘চীনের প্রাচীর’ তুলে অলিগার্কিক পক্ষাঘাত ভাঙতে হবে। শহীদ জিয়াউর রহমানের মডেলে ফিরে সততা ও অন্তর্ভুক্তিমূলক চেতনার সাথে মেধার পূর্ণ মূল্যায়ন এবং সকল সরকারি আনক্লাসিফায়েড তথ্য উন্মুক্ত করে ‘সময়, তথ্য ও জ্ঞানগত পক্ষাঘাত’ দূর করে জাতিকে শিখিত অসহায়ত্ব থেকে মুক্ত করতে হবে।

ইবনে খালদুনের সামাজিক সংহতি ও উৎপাদনশীলতা এবং এসেমগলুর অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান ধারণার মিশেলে মানবসম্পদ উন্নয়ন, বুদ্ধিবৃত্তিক সততা, মেধাভিত্তিক গণতন্ত্র, ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানই কেবল এই নৈরাশ্য ঘোচাতে পারে। মওলানা ভাসানীর ‘ধানের শীষ’ এবং জিয়াউর রহমানের ‘জিন’ ধারণকারী তারেক রহমানকে মধ্যযুগ ও আধুনিক যুগের তাত্ত্বিক উপলব্ধিগুলো নিজস্ব করে আশার আলো জ্বালতে হবে।

লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক Email: hhafij@yahoo.com