সময় বহমান স্রোতের মতো। তাকে কখনো বেঁধে রাখা যায় না। সময় চলে তার নিজস্ব গতিতে। দেখতে দেখতে বিদায় নিচ্ছে আরেকটি বছর, মহাকালে বিলীন হচ্ছে আরও একটি অধ্যায়। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর, নতুন আগমনী বার্তা নিয়ে। প্রতিটি বছরই নিয়ে আসে নতুন স্বপ্ন ও সম্ভাবনা। নতুন বছর শুধু একটি তারিখ নয়, এটি নতুনভাবে বাঁচার আলো, নতুন করে ভাবার ও ভবিষ্যৎ নির্মাণের প্রতীক। নতুন বছর মানেই নতুন আশা, নতুন প্রত্যাশা।
বিদায়ী বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময়। পুরানো বছরের অপূর্ণতাগুলো যেন নতুন বছরে পূর্ণতা পায়। এই প্রত্যাশাই নতুন বছরের প্রতি মানুষের আকাক্সক্ষা। জীবনে ফিরে আসুক আনন্দ, যোগ হোক নতুন নতুন স্মৃতি। নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রত্যাশিত জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মনে জন্ম নিচ্ছে নতুন স্বপ্ন ও প্রত্যাশা। প্রত্যাশা করি, নতুন বছরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন একজন সত্যিকারের নেতা। যিনি দেশ ও দেশের মানুষের কথা ভাববেন, উন্নয়ন ও অগ্রগতিকে অগ্রাধিকার দেবেন।
নির্বাচনকে ঘিরে জনগণের যে আশা-আকাক্সক্ষা, তা যেন পূর্ণতা পায়। আমরা প্রত্যাশা করছি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। এমন একজন নেতা নির্বাচিত হোন, যিনি দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এবং গড়ে তুলবেন নতুন এক বাংলাদেশ। যে বাংলাদেশে থাকবে না কোনো ভেদাভেদ। থাকবে শান্তি, সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ। যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে থাকতে পারবে। নতুন বছর পূর্ণতার ঝুলি ভরে আসুক, বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। তবে এই নতুন দিন আনতে হলে নিজেকেও করতে হবে সংগ্রাম ও পরিশ্রম। প্রবাদ আছে, ‘পরিশ্রমই আনে সৌভাগ্য’।
সততা, শ্রম ও আন্তরিকতা এই তিনটি গুণই পারে মানুষের জীবন বদলে দিতে। এই তিনটি ছাড়া জীবনের পরিবর্তন সহজ নয়। নতুন বছরে চাই দেশের আরও অগ্রগতি ও সুনাম। বিশ্বদরবারে বাংলাদেশ যেন মর্যাদা ও সম্মানের সঙ্গে আরও এগিয়ে যায়। দেশের অগ্রগতি ও সুনাম রক্ষায় তরুণ সমাজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করলেই দেশ প্রকৃত অর্থে এগিয়ে যাবে। ২০২৬ হোক সবার জন্য। ২০২৬ হোক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বছর।
প্রত্যাশা করছি, জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংকট দূর হবে এবং দেশে ফিরে আসবে স্থিতিশীলতা। কামনা করি, দেশ হোক সকলের জন্য নিরাপদ। প্রতিটি মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে বসবাস করতে পারে। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়। নতুন করে স্বপ্ন সাজানো, পুরোনো বছরের সব গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়া এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নেওয়াই নতুন বছরের প্রকৃত অর্থ। পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম থেকে
