জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে গত শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্ববাজারে বাংলাদেশের পাটপণ্যকে ছড়িয়ে দেওয়া এবং নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বলার অপেক্ষা রাখে না যে, এক সময় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য ছিল দেশের সোনালি গৌরব। কালে কালে পাটের সেই সুদিন বর্তমানে প্রায় অস্তাচলে। তাই বলে পাটের অসীম সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। বরং বর্তমানে পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ প্লাস্টিক ও পলিথিনের ভয়ঙ্কর দৌরাত্ম্যের মুখে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী পাটপণ্যের বিষয়টি দেশে এবং আন্তর্জাতিক পেক্ষাপটে আবারও সামনে এসেছে। রাষ্ট্রপতি সেই কথাটি আবারও স্মরণ করিয়ে দিয়েছে দেশবাসীকে।

তিনি আহ্বান জানিয়েছে স্বল্পমূলে পাটের ব্যাগ তৈরি ও বাজারজাত করার জন্য। স্মরণ করিয়ে দিয়েছেন যে, বিশ্ব এখন পরিবেশবান্ধব ও টেকসই পণ্যের দিতে ঝুঁকছে। এ সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে পাটশিল্পের উদ্যোক্তাদের নানাবিধ ও বহুমুখী পাটপণ্য বৈশ্বিক বাজারে ছড়িয়ে দিতে হবে। বিশ্ববাজারের চাহিদা উপযোগী নতুন নতুন আধুনিক মানসম্মত নান্দনিক ও ব্যবহার উপযোগী সাশ্রীয় মূল্যের পাটপণ্য উদ্ভাবনের দিকে এগিয়ে আসতে হবে সংশ্লিষ্টদের। \r\nবিশ্বব্যাপী পরিবেশ নিয়ে উদ্বেগ বৃদ্ধির ফলে অর্গানিক বা পচনশীল ও নবায়নযোগ্য দ্রব্যসামগ্রীর চাহিদা বাড়ছে। এদিক থেকে পাটের সামনে বিরাট সম্ভাবনার দুয়ার খুলে গেছে। বিশ্ববাজারের দিকে তাকালেও পাট ও পাটজাতীয় পণ্যের উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করা যায়।

ন্যাচারাল ফাইবার ওয়ার্ল্ড ওয়াইড নামে একটি আন্তর্জাতিক সংস্থার ফেব্রুয়ারি মাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরুতে বিশ্ববাজারে প্রতি টন পাটের দাম ১০ থেকে ২৫ মার্কিন ডলার পর্যন্ত বেড়েছে। পাট পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু। জার্মানি, ফ্রান্স, পর্তুগাল প্রভৃতি পরিবেশ সচেতন ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলো প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়িয়েছে। \r\nশুধু পাটের আঁশ নয়, পাটকাঠি বা পাটের সোলাও আন্তর্জাতিক বাজারে নতুন পণ্য হিসেবে আবির্ভূত হয়েছে। পাটকাঠি থেকে জ্বালানি হিসেবে চারকোল এবং এর গুঁড়া থেকে ফটোকপিয়ার মেশিনের কালি তৈরি হচ্ছে। \r\nপাটের এত উজ্জ্বল সম্ভাবনা সত্ত্বেও দেশের সরকারি পাটকলগুলো ধুঁকছে। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) প্রতিবছর ৬০০ থেকে ৭০০ কোটি টাকা লোকসান গুনছে। এই দুর্দশা কেটে যেতে পারে পাটকলগুলোর সেকেলে ও জরাজীর্ণ যন্ত্রপাতি বদলে আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং সার্বিক ব্যবস্থাপনার মান উন্নত করা হলে। বিশ্ববাজারে বহুমুখী পাটপণ্যের ক্রমবর্ধমান চাহিদা পাটশিল্পের সামনে যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তা কাজে লাগাতে হবে। সে জন্য এই খাতের প্রতি দিতে হবে বিশেষ মনোযোগ, সর্বোপরি বিনিয়োগ।