স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার হলেও আমাদের দেশে তা যেন দিনকে দিন বিলাসিতায় পরিণত হচ্ছে। সরকারি- বেসরকারি উভয় ক্ষেত্রেই রোগীরা নানা অনিয়ম, অবহেলা ও প্রতারণার শিকার হচ্ছেন। ডাক্তার দেখাতে সিরিয়ালের নামে হয়রানি, সময়মতো না আসা, টেস্টের রিপোর্ট পেতে দিনের পর দিন অপেক্ষা, প্রাইভেট চেম্বারের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়া সব মিলিয়ে চিকিৎসা খাতের নেতিক স্খলন যেন ভয়াবহ আকার নিয়েছে।\r\nসরকারি হাসপাতালে সকাল ৮টা থেকে চিকিৎসা কার্যক্রম শুরুর কথা থাকলেও বাস্তবে অনেক ডাক্তার দুপুরের আগে আসেন না। আবার রোগীকে সময় না দিয়ে দ্রুত পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় রোগীর সমস্যার কথা শোনা হয় না ঠিকভাবে। এর চেয়েও ভয়াবহ হলো ডাক্তারের হাতে লেখা প্রেসক্রিপশন এতটাই দুর্বোধ্য হয় যে, রোগী বা তার স্বজনরা ওষুধের নামই বুঝতে পারেন না।
এতে ভুল ওষুধ খাওয়ার ঝুঁকি বাড়ে, অনেক সময় ওষুধের দোকানির ওপরই নির্ভর করতে হয়, যা অত্যন্ত বিপজ্জনক।\r\nপরীক্ষা করাতে গেলেও সমস্যা। এক দিনে টেস্ট করানো গেলেও রিপোর্ট দেওয়া হয় একাধিক দিনে। আবার রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে গেলে নতুন করে সিরিয়াল নিতে হয়। এতে করে রোগীর চিকিৎসা বিলম্বিত হয় এবং আর্থিক খরচও বেড়ে যায়। যারা দূরদূরান্ত থেকে আসেন, তাদের জন্য এটি একপ্রকার অবিচার।\r\nবেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোয় অবস্থা আরও করুণ। ওষুধ, টেস্ট, অপারেশন সব ক্ষেত্রেই খরচ লাগানো হয় রোগীর অবস্থা অনুযায়ী, যেন চিকিৎসা নয়, একটি অফারভিত্তিক ব্যবসা। চিকিৎসকের চেম্বারে ঢুকলেই টেস্টের লিস্ট ধরিয়ে দেওয়া হয়।
এসব পরীক্ষার পেছনে কমিশন ঘুরে বেড়ায়, যা ডাক্তার ও ল্যাবরেটরির মধ্যকার অদৃশ্য সমঝোতার ফসল।\r\nআরেকটি অপ্রিয় কিন্তু বাস্তব দিক হলো বহু ডাক্তারই ওষুধ কোম্পানির প্রভাবের বাইরে নন। তারা সেইসব কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করেন যেখান থেকে বেশি আর্থিক সুবিধা বা উপঢৌকন পান। এতে মানসম্মত ওষুধের চেয়ে লাভজনক ওষুধ বেশি ব্যবহৃত হয়। এতে করে একদিকে চিকিৎসার মান প্রশ্নবিদ্ধ হয়, অন্যদিকে রোগীকে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল ওষুধ কিনতে বাধ্য করা হয়।\r\nএই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আমাদের স্বাস্থ্যব্যবস্থাকে রোগীকেন্দ্রিক করে তুলতে হবে। ডাক্তারদের দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। প্রেসক্রিপশন হতে হবে স্পষ্ট ও পাঠযোগ্য, যাতে রোগী নিজেই বুঝতে পারেন কোন ওষুধ খাচ্ছেন। সরকারি হাসপাতালে নিয়মিত তদারকি, অনিয়মে জড়িতদের শাস্তি এবং স্বাস্থ্যসেবাকে সেবার জায়গা থেকে পরিচালিত করার মানসিকতা জরুরি।\r\nচিকিৎসকরা যদি নিজেদের পেশাকে বাণিজ্য নয়, সেবা হিসেবে ভাবেন, তবে এই খাত আবার আস্থার জায়গায় ফিরে আসবে। তা না হলে প্রতিদিন হাজারো রোগীর জীবন শুধু অসুস্থতাই নয়, ব্যবস্থার নৈরাজ্যের মধ্যেও পড়তে থাকবে। এখনই সময়, চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য দৃঢ় ও বাস্তব পদক্ষেপ নেওয়ার।\r\nকুষ্টিয়া সরকারি কলেজ\r\nকুষ্টিয়া থেকে
