বাংলাদেশে গ্রাম ও শহরে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। ভোর থেকে রাত পর্যন্ত ঘনকুয়াশা বৃষ্টির মতো ঝরে পড়ছে চারদিকে। দেশের বহু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতের এই নির্মম সময়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে সমাজের প্রান্তিক মানুষগুলো। শিশু, বয়স্ক ব্যক্তি ও গৃহহীনদের কষ্ট যেন চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। বিভিন্ন সামাজিক জরিপ অনুযায়ী, বাংলাদেশে এখনো প্রায় ২০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বা কাছাকাছি অবস্থান করছে, যাদের জন্য শীত মোকাবিলা করা অত্যন্ত কঠিন। বিশেষ করে শহরাঞ্চলের গৃহহীন মানুষের একটি বড় অংশ শীতবস্ত্র ছাড়াই রাত কাটাতে বাধ্য হয়। গবেষণায় দেখা যায়, শীত মৌসুমে প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষ পর্যাপ্ত শীতবস্ত্র পায় না। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে।
একটি উষ্ণ কাপড়ের অভাবে সারারাত কাঁপতে থাকা মানুষের যন্ত্রণা প্রকাশ করা কঠিন। ফুটপাত, রেলস্টেশন কিংবা খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষদের জন্য শীত যেন এক নীরব শাস্তি। অনেকের কাছে বস্ত্র তো দূরের কথা, ঠিকমতো খাবারও জোটে না। বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত গবেষণায় দেখা গেছে, শীতকালে শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, সর্দি-কাশি ও জ্বরের মতো রোগের ঝুঁকি প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। অথচ চিকিৎসার সুযোগও তাদের জন্য সহজলভ্য নয়। চিকিৎসার অভাবে এসব রোগ অনেক সময় ভয়াবহ রূপ নেয়। শীতার্ত মানুষের এই দুর্দশা শুধু তাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত সমস্যা। মানবিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকদের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। \r\nসরকারিভাবে শীতবস্ত্র বিতরণসহ নানা উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন অনুসন্ধানে দেখা যায়, মোট শীতার্ত মানুষের একটি উল্লেখযোগ্য অংশপ্রায় ২৫ থেকে ৩০ শতাংশ এই সহায়তার আওতার বাইরে থেকে যায়। এই জায়গাতেই সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সহায়তা পৌঁছালে শীতবস্ত্রপ্রাপ্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। একটি কম্বল, একটি শাল কিংবা একটি সোয়েটার এসব সামান্য জিনিসই কারও জীবনে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। শুধু দান নয়, মানবিক সচেতনতাও জরুরি। আশপাশে কেউ শীতে কষ্ট পাচ্ছে কি না, সেটুকু খোঁজ নেওয়াই মানবিকতার পরিচয়। স্বেচ্ছাসেবী সংগঠন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসা এই সময়ে অত্যন্ত প্রয়োজন। শীতের এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিক সমাজ গঠনের প্রথম শর্ত।\r\nইডেন মহিলা কলেজ, ঢাকা থেকে
