মশার লোভ মানুষের রক্তে

সম্প্রতি ব্রাজিলের আটলান্টিক অরণ্যের মশা নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। ১৪৫টি স্ত্রী মশার মধ্যে ২৪টির রক্ত পরীক্ষা করে দেখা গেছে, কাদের কামড়েছিল তারা? বিজ্ঞানীরা বলছেন, জঙ্গল যত কমেছে, ততই মানুষকে কামড়ানোর প্রবণতা বেড়েছে মশার। ব্রাজিলের অরণ্যভূমিতে হাজার হাজার উদ্ভিদ, প্রাণীর বাস। কিন্তু মানুষের আগ্রাসনে জঙ্গলের ব্যাপ্তি কমেছে। বিজ্ঞানীরা বলছেন, বসতি স্থাপন করতে ক্রমে জঙ্গল কেটে সাফ করেছে মানুষ। বিলুপ্ত হয়েছে বহু প্রাণী। যারা বেঁচেছে, তারা সংখ্যায় কমেছে। একসময় বিভিন্ন প্রাণীর শরীরে কামড় বসিয়ে খাবার গ্রহণ করত মশা। এখন তাদের সেই সুযোগ কমেছে। বিজ্ঞানীরা মনে করেন, সে কারণেই বেশি করে মানুষের রক্তশোষণ শুরু করেছে তারা। জানা গেছে, স্ত্রী মশার মধ্যে ১৮টির পেটে মিলেছে মানুষের রক্ত। বিজ্ঞানীরা বলছেন, এই তথ্য থেকেই স্পষ্ট যে, ওই মশাদের আদতে মানুষকে কামড়ানোর প্রবণতা বেশি। ব্রাজিলের ফেডেরাল বিশ্ববিদ্যালয়ের গবেষক সার্জিয়ো মাচাদোর মতে, এর ফলে মশার থেকে মানুষের শরীরে রোগ সংক্রমণের সম্ভাবনা বেশি। এই পরিস্থিতির জন্য মানুষই দায়ী বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, জঙ্গল কেটেছে মানুষ। মরেছে পশুপাখি। মশাদের থাকার জায়গা, খাবারের উৎসে টান পড়ায় তারা আরও কাছাকাছি গিয়েছে মানুষের। বিজ্ঞানীরা মনে করেন, এই গবেষণাকে কাজে লাগালে, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আসতে পারে।