যুক্তরাষ্ট্রের শর্তে আইন পরিবর্তিত হলে রাষ্ট্রীয় বীমা সংস্থার আয় কমবে বলে প্রশ্ন উঠেছে। বিষয়টি উপেক্ষনীয় নয়। এতে দেশের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন বীমা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রকাশযোগ্য চুক্তির শর্তের কারণে বীমা করপোরেশন আইন থেকে পুনর্বীমা (রি-ইনস্যুরেন্স) বিষয়ক ধারা বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। ধারাটি বাতিল হলে ব্যবসা কমবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের। এ কারণে প্রতিষ্ঠানটি উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা বলেছি যে, আইন সংশোধন করা হলে চূড়ান্ত অর্থে ক্ষতির মুখে পড়বে সরকার।
\r\nএকটি বীমা কোম্পানি যখন দাবি পরিশোধে নিজের ঝুঁকি কমাতে অন্য একটি সংস্থা বা পুনর্বীমা কোম্পানির কাছে প্রিমিয়াম দেওয়ার ভিত্তিতে ঝুঁকির অংশবিশেষ বিক্রি করে, সেটাই হচ্ছে পুনর্বীমা। বর্তমানে দেশের ৪৫টি বেসরকারি সাধারণ বীমা (নন-লাইফ) কোম্পানিকে ৫০ শতাংশ পুনর্বীমা বাধ্যতামূলকভাবে রাষ্ট্রীয় একমাত্র পুনর্বীমাকারী সংস্থা সাধারণ বীমা করপোরেশনে করতে হয়। বাকি ৫০ শতাংশ পুনর্বীমা সাধারণ বীমা করপোরেশন অথবা বিদেশি কোনো প্রতিষ্ঠানে করার সুযোগ রয়েছে। বাধ্যতামূলকভাবে পুনর্বীমার সুবিধা পাওয়ার মাধ্যমে সাধারণ বীমা করপোরেশন যে আয় করে, তার অর্ধেক দেশের ৪৫টি নন-লাইফ বীমা কোম্পানিকে ভাগ করে দিতে হয়।
ফলে লাভবান হয় সাধারণ বীমা করপোরেশন ও দেশের সব বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি।\r\nউল্লেখ্য, সাধারণ বীমা করপোরেশনের আয় কমার আরেকটি আশঙ্কার দিকও রয়েছে। সেটি হলো, বর্তমানে সরকারি সম্পত্তি বা বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর বাধ্যতামূলক পুনর্বীমা করতে হয় সাধারণ বীমা করপোরেশনে। সেটাও উন্মুক্ত করার কথা বলা হয়েছে নতুন আইনের খসড়ায়। উন্মুক্ত হলে বিদেশি কোম্পানির ব্যবসা বাড়বে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা কোম্পানিগুলোর ব্যবসার সুযোগ বাড়াতেই যুক্তরাষ্ট্র বিষয়টি উন্মুক্ত করার শর্ত দিয়েছে। বিষয়টি ভেবে দেখার মতো। কেননা, দেশের স্বার্থ সবকিছুর ওপরে। নতুন আইনের খসড়া নিয়ে উদ্বেগের কথা সরকারকে জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন। চিঠিতে বলা হয়েছে, পুনর্বিমাবিষয়ক ধারাটি বাতিল হলে দেশি কোম্পানিগুলো বিদেশে তাদের ইচ্ছা অনুযায়ী পুনর্বীমা করতে পারবে। এতে বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে। পুনর্বীমা প্রিমিয়াম পরিশোধে বেড়ে যাবে মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) ঝুঁকি।\r\nসাধারণ বীমা করপোরেশন বলেছে, তারা শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা। ফলে আন্তর্জাতিক মানের চেয়েও বেশি, অর্থাৎ রাষ্ট্রীয় নিশ্চয়তা পেয়ে থাকেন গ্রাহকরা। এখন পর্যন্ত বৈদেশিক অর্থায়নে পরিচালিত প্রকল্পের বীমা ঝুঁকি গ্রহণে তাদের কোনো সমস্যা হয়নি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক রেটিং থাকার বাধ্যবাধকতা আরোপ অপ্রয়োজনীয়। এটি বাস্তবায়িত হলে বিদেশি অর্থায়নের সব প্রকল্পের বীমা প্রিমিয়াম দেশের বাইরে চলে যাবে। এটা তো স্পষ্ট যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র, এই দুই দেশের অর্থনীতির সক্ষমতা সমান নয়। তাই বীমা আইন সংশোধন করার আগে বাংলাদেশ সরকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখার আবশ্যকতা রয়েছে।
