সভ্যতার ক্রমবিকাশে মানুষ অরণ্য ছেড়েছে বহু আগে। আমরা এখন গুহায় থাকি না, থাকি শীতাতপ নিয়ন্ত্রিত অট্টালিকায়। আমাদের গায়ে এখন আর পশুর চামড়া নেই, জড়িয়েছি দামি ব্র্যান্ডের পোশাক। শিক্ষা, ডিগ্রি আর সামাজিক পদমর্যাদার মোড়কে আমরা নিজেদের আধুনিক বলে দাবি করি। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে প্রশ্ন করি- আমরা কি আসলেও মানুষ হতে পেরেছি? তবে উত্তরটা বড়ই লজ্জার, বড়ই অপমানের। গত সোমবার (১ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে যা ঘটেছে, তা কেবল ৮টি কুকুর ছানার হত্যা নয়; তা তথাকথিত ভদ্র সমাজ ও যান্ত্রিক হয়ে যাওয়া মনুষ্যত্বের এক করুণ কাহিনী। ঘটনাটি শুনলে যেকোনো সুস্থ মস্তিষ্কের মানুষের গা শিউরে ওঠার কথা।
যে চত্বরে আইন, বিচার আর মানুষের অধিকার নিয়ে কাজ চলে, ঠিক সেই চত্বরের ভেতরেই ঘটে গেল এক পৈশাচিক ঘটনা। ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রী, যিনি সমাজের চোখে একজন ভদ্রমহিলা , তিনি মা কুকুরের অজ্ঞাতে সদ্য জন্ম নেওয়া ৮টি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন। অভিযোগ মতে, মা কুকুরটি যখন খাবারের সন্ধানে বা অন্য কোথাও ছিল, সেই সুযোগে তিনি এই হত্যাকাণ্ডটি ঘটান। ভাবা যায়? একটি, দুটি নয়, আটটি প্রাণ! যারা এখনো পৃথিবীটাকে ঠিকমতো দেখার সুযোগই পায়নি, মায়ের উষ্ণতা ছেড়ে যাদের চোখ ফোটেনি ঠিকঠাক, তাদের জ্যান্ত ডুবিয়ে হত্যা করা হলো!\r\nআমরা যখন নিজেদের সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত দাবি করে আত্মতৃপ্তিতে ভুগছি, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে ভেসে আসা একটি খবর গালে সজোরে চপেটাঘাত করে।
হাড় কাঁপানো শীতের রাত; ভোরের আলো তখনো ফোটেনি। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ শহরে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময়ে রেলওয়ে কর্মীদের কলোনির পাশে কনকনে শীতে পড়ে ছিল এক সদ্যজাত মানবশিশু। সেই অসহায় শিশুটিকে ঘিরে এক আশ্চর্য ও অবিশ্বাস্য দৃশ্য দেখল স্থানীয়রা। শিশুটিকে বৃত্তাকারে ঘিরে পাহারায় বসে আছে একদল বেওয়ারিশ কুকুর। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, উদ্ধারের আগ পর্যন্ত কুকুরগুলোই শিশুটিকে আগলে রেখেছিল, যাতে কোনো হিংস্র প্রাণী বা শীতের প্রকোপ তাকে স্পর্শ করতে না পারে। কী অদ্ভুত বৈপরীত্য! ঈশ্বরদীতে একজন মানুষ ৮টি অবলা প্রাণীকে হত্যা করলেন, আর কাঁটাতারের বেড়ার ওপারের নবদ্বীপে পশুরা এক মানবশিশুকে বাঁচিয়ে রাখল। এখন প্রশ্ন জাগে, পশু আসলে কারা?
ওই চারপেয়ে প্রাণীগুলো, নাকি আমরা, যারা পোশাকধারী হিংস্র দানব?\r\nঈশ্বরদীর ঘটনার অভিযুক্ত নারী সমাজের সুবিধাবঞ্চিত বা অজ্ঞ কেউ নন। তিনি নিশ্চয়ই জানেন সমাজ কী, ধর্ম কী, কিংবা ন্যূনতম মানবিকতা কী। অথচ তার এই কাজটি প্রমাণ করে যে, প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সামাজিক পদমর্যাদা মানুষকে মানুষ করে না। ইট-পাথরের দালানে বসবাস করলেই মনটা সভ্য হয় না। সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে, পশু-পাখির প্রতি নিষ্ঠুরতা দেখালে কোনো দোষ হয় না। কুকুর-বিড়ালকে অনেকেই নিছক উপদ্রব মনে করেন। হয়তো ওই ৮টি ছানা তার বাড়ির আশপাশে শব্দ করেছিল কিংবা নোংরা করছিল- এই তুচ্ছ কারণেই তিনি সিদ্ধান্ত নিলেন তাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার! সমস্যা সমাধানের পথ কি হত্যা? তাও এমন নৃশংস কায়দায়?
একজন নারী হিসেবে, কিংবা একজন মা হিসেবে, অন্য একটি মায়ের কোল খালি করতে তার হাত একবারও কাঁপল না? বস্তার ভেতর যখন ছানাগুলো ছটফট করছিল, তখন তার কানে কি তাদের বাঁচার আকুতি পৌঁছায়নি? এই যে সংবেদনশীলতার চরম অভাব, এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় অসুখ। পৃথিবীর যেকোনো প্রাণীর জন্য মাতৃত্ব এক ও অভিন্ন অনুভূতি।\r\nধর্ম ও নৈতিকতার বিচারেও আমরা আজ দেউলিয়া। পৃথিবীর কোনো ধর্মই নিরীহ প্রাণী হত্যাকে সমর্থন করে না। ইসলাম ধর্মে পশুপাখির প্রতি সদয় হওয়ার কঠোর নির্দেশ রয়েছে। একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে একজন পাপী ব্যক্তির জান্নাত লাভের উদাহরণ যেমন আছে, তেমনি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য জাহান্নামের হুঁশিয়ারিও আছে। সনাতন ধর্মেও সর্বজীবে দয়ার কথা বলা হয়েছে।
অথচ আমরা ধর্ম পালন করি আচারে-অনুষ্ঠানে, কিন্তু ধর্মের মূল শিক্ষা অন্তরে ধারণ করি না। \r\nঈশ্বরদীর ওই নারী হয়তো সামাজিকভাবে নিজেকে ধার্মিক পরিচয় দেন, কিন্তু ৮টি নিষ্পাপ প্রাণকে হত্যা করে তিনি যে মহাপাপ করেছেন, তা কি কোনো উপাসনা দিয়ে ধুয়ে ফেলা সম্ভব? বাংলাদেশে প্রাণী কল্যাণ আইন-২০১৯ বিদ্যমান। এই আইনে স্পষ্টভাবে বলা আছে, কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। দুঃখের বিষয় হলো, এই আইনের প্রয়োগ আমরা খুব কমই দেখি। অপরাধীরা মনে করে, কুকুরই তো মেরেছি, মানুষ তো আর মারিনি। প্রশাসনের এই উদাসীনতাই অপরাধীদের সাহস বাড়িয়ে দেয়। মনোবিজ্ঞানীদের ভাষায়, যারা পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাদের মধ্যে অপরাধপ্রবণ মানসিকতা বা সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য থাকে।
আজ যে ব্যক্তি অবলীলায় ৮টি ছানাকে বস্তাবন্দি করে পানিতে ডুবিয়ে মারতে পারে, কাল সে কোনো মানুষের ক্ষতি করবে না, তার নিশ্চয়তা কী? ছোট প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বা ভায়োলেন্স আসলে বড় ধরনের অপরাধের প্রাথমিক ধাপ।\r\nমহাত্মা গান্ধী বলেছিলেন, একটি জাতির মহত্ত্ব বোঝা যায় তারা তাদের পশুপাখির সঙ্গে কেমন আচরণ করে তা দেখে। সেই মানদণ্ডে আমরা জাতি হিসেবে কোথায় দাঁড়িয়ে আছি? ঈশ্বরদীর এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দালানকোঠা বাড়ছে, জিডিপি বাড়ছে, কিন্তু কমছে কেবল মানবিকতা। এই ৮টি কুকুর ছানার মৃত্যু আমাদের সমাজের পচনের প্রতীক। আমরা যদি এখনই সচেতন না হই, যদি আমাদের সন্তানদের জীবের প্রতি দয়া না শেখাই, তবে আমরা একটি হৃদয়হীন রোবট-সর্বস্ব প্রজন্ম তৈরি করব। আমরা আর মানুষ হইলাম কই- এই আক্ষেপ তখনই ঘুচবে, যখন আমরা বুঝব যে এই পৃথিবীটা কেবল মানুষের একার নয়। প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার আছে। শক্তি থাকলেই দুর্বলকে মেরে ফেলা যায় না এটাই মনুষ্যত্ব। রক্তমাংসের মানুষ হওয়া সহজ, কিন্তু প্রকৃত অর্থে মানুষ হওয়া বড্ড কঠিন। সেই কঠিন কাজটিই আমাদের করতে হবে। ৮টি ছানার প্রাণের বিনিময়ে যদি আমাদের বিবেক কিছুটা হলেও জাগ্রত হয়, তবে সেটাই হবে তাদের প্রতি আমাদের কর্তব্য।\r\nলেখক : সাংবাদিক
