আজ মঙ্গলবার, অর্থাৎ ১ মাস ৮ দিন বা ৩৮ দিন হলো ইরানের বিরুদ্ধে ইহুদি ও মার্কিন আগ্রাসন চলছে। এই আগ্রাসনের অবসানের কোনো আলামত পাওয়া যাচ্ছে না। ইরান তাদের তুলনায় অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগতভাবে অনেক দুর্বল হলেও ইস্পাতকঠিন ঈমান নিয়ে আত্মরক্ষা করে যাচ্ছে। আমি আগের বাক্যে বলেছি, এটি ইরানীদের বিরুদ্ধে ইহুদি ও খ্রিস্টানদের আগ্রাসন। ইসরাইলের আগ্রাসন যে ইহুদি আগ্রাসন সেকথা বলার অবকাশ রাখে না। কিন্তু মার্কিনীদের আগ্রাসনকে আমি খ্রিস্টানদের আগ্রাসন বলেছি কেনো? এর মধ্যে কি সাম্প্রদায়িকাতর কোনো গন্ধ আছে? নাই। আমি জেনে বুঝেই ঐ শব্দটি ব্যবহার করেছি। আমি আজকের এই কলামে প্রমাণ করে দেবো যে ইহুদি-খ্রিস্টানরা ইরানের বিরুদ্ধে এই আগ্রাসনকে তাদের ক্রুসেড বা ধর্মযুদ্ধ হিসাবে গ্রহণ করেছে।

আমার এই শব্দ ব্যবহারের পক্ষে বক্তব্য রেখেছেন স্বয়ং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি একটি বই লিখেছেন। নাম ‘আমেরিকান ক্রুসেড’। ওই বইয়ে তিনি লিখেছেন, আমেরিকা বর্তমানে একটি ক্রুসেড বা ধর্মযুদ্ধে লিপ্ত রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন টেলিভিশন ‘সিবিএস’। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের যে সংকল্প রয়েছে, তা নিয়ে সন্দেহ করা ইরানের উচিত হবে না। কারণ, যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে উচ্চপর্যায়ের শক্তি। ‘সর্বশক্তিমান সৃষ্টিকর্তা’ মার্কিন সেনাদের রক্ষা করছেন। এ অভিযানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি মনে করেন, ইরান বিশ্বে মহাপ্রলয় ঘটাতে চায়। এজন্য তারা পারমাণবিক সক্ষমতা অর্জন করতে চায়। এ কারণে সৃষ্টিকর্তার সঙ্গে মার্কিন সেনাদের একটি গভীর সংযোগ থাকা প্রয়োজন। সম্প্রতি একটি ব্রেকফাস্ট অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমেরিকা একটি খ্রিস্টান দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের ডিএনএতে এটি এখনো খ্রিস্টান দেশ হিসাবে রয়ে গেছে।’

হেগসেথ একজন কট্টর খ্রিস্টান। এই কথাটি উচ্চস্বরে বলতে তিনি গর্ববোধ করেন। শুধু উচ্চস্বরে বলা নয়, তিনি তার শরীরে ধর্মীয় চিহ্নও রেখেছেন। তার বুকে একটি ট্যাটু বা উল্কি রয়েছে। সেটি জেরুজালেমের একটি ক্রস। ধর্মীয় এ প্রতীকটির ক্রুসেড বা ধর্মযুদ্ধের সঙ্গে সম্পর্ক রয়েছে। ক্রুসেডের সময় মুসলমানদের কাছ থেকে পবিত্র ভূমি পুনরায় দখলের চেষ্টা করেছিল ইউরোপের খ্রিস্টানরা। আমেরিকান ক্রুসেড বইতে পিট হেগসেথ লিখেছেন, ‘আমরা লড়াই করতে চাই না। কিন্তু ১ হাজার বছর আগে আমাদের খ্রিষ্টান ভাইদের মতো, আমাদেরও লড়াই করা বাধ্যতামূলক।’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর শরীরে আরেকটি ট্যাটু রয়েছে। সেটিতে লেখা রয়েছে, ‘দেউস ভুল্ট’। অর্থ, ঈশ্বর এটি চান। ‘আমেরিকান ক্রুসেড’ বইয়ে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি ‘ক্রুসেডের মুহূর্তে’ রয়েছে। কথাটি এগারো শতকের পবিত্র ভূমিতে খ্রিস্টানদের অভিযানের সময়ের মতো শোনায়।

পিট হেগসেথ মনে করেন, ইসলাম যে শান্তির ধর্ম বলে প্রচারণা চালানো হয় সেটি ভুল। যতক্ষণ পর্যন্ত মার্কিনীরা ইসলাম সম্পর্কে এই ভ্রান্ত ধারণায় থাকবে ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে (এখানে তিনি মুসলমানদের কথা বলেছেন) যুদ্ধ আরো কঠিন হয়ে যাবে। একশ্রেণীর মার্কিন বুদ্ধিজীবী মনে করেন যে, এখন ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেটি হলো, নবম ক্রুসেড। মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন (এমআরএফএফ) নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা মিকি ওয়েইনস্টেইন। ওয়েইনস্টেইন বলেন, ‘এগারো থেকে তেরো শতক পর্যন্ত আটটি ক্রুসেড হয়েছিল। আমরা এখন এর নবম সংস্করণ দেখছি। আরব উপদ্বীপে বোকো হারাম, ইসলামিক স্টেট, তালেবান, আলকায়দাÑ তারা শিয়া বা সুন্নি, যাই হোক না কেন, সবাই এটাকে এমনভাবেই দেখবে যে, আমরা বিশাল মুসলিম জাতির ওপর হামলা করছি।’

বাংলাদেশের পত্রপত্রিকায় প্রায়শই জায়নবাদ বলে একটি শব্দ লেখা হয়। এটার অন্তর্নিহিত অর্থ আমরা অনেকেই সঠিকভাবে জানি না। জায়নবাদ বললেই আমরা ইহুদিবাদ মনে করি। পিট হেগসেথ কিন্তু একজন কট্টর জায়নবাদী। জায়নবাদ হলো এমন একটি মতবাদ, যেখানে মধ্যপ্রাচ্যে ইহুদিদের নিজেদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ও তা রক্ষা করার অধিকার রয়েছে। আর খ্রিস্টান জায়নবাদ মতবাদ অনুযায়ী, পবিত্র ভূমিতে ইহুদিদের ফিরে যাওয়ার অধিকার বাইবেলের বুক অব জেনেসিসে নিশ্চিত করা হয়েছে।

॥দুই॥ ইনকিলাবের সম্মানিত পাঠক ভাইয়েরা, গত ১৭ মার্চ দৈনিক ইনকিলাবে আমার নিয়মিত মঙ্গলবারের কলামের শিরোনাম আমি দিয়েছিলাম, ‘ইরানের বিরুদ্ধে মার্কিন- ইহুদি আগ্রাসন কি ইহুদি প্রমিজড ল্যান্ড প্রতিষ্ঠার জন্য?’ ওই লেখায় আমি তাদের ধর্মীয় উগ্রবাদ সম্পর্কে কিঞ্চিৎ আলোচনা করেছি। আজকে এসম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করছি। আমেরিকান ক্রুসেড গ্রন্থে পিট হেগসেথ লিখেছেন, ‘খ্রিস্টানদের তথাকথিত সহনশীলতা ইসলামপন্থিদের কাছে আত্মসমর্পণের মতো শোনায়। যিশুখ্রিস্ট অন্যের আঘাত সহ্য করতে বলেছিলেন ঠিকই: তবে আমি নিশ্চিত, তিনি সেই সময় কোনো প্রতিরক্ষামন্ত্রীকে এ পরামর্শ দিচ্ছিলেন না।’ যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ আগ্রাসন হ্যান্ডেল করছেন, তাতে মনে হচ্ছে, তারা সমগ্র বিষয়টি বাইবেলে বিধৃত ভবিষ্যদ্বাণীর দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন। ৫ মার্চ যুদ্ধ শুরুর ষষ্ঠ দিবসে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে একদল ধর্মযাজককে জড়ো করেছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, ওইসব ধর্মযাজকের মধ্যে একজন বিড়বিড় করে প্রার্থনার ভঙ্গিতে কিছু বলছেন। আর অবশিষ্ট ধর্মযাজকরা তার প্রার্থনার কথাগুলোই সমস্বরে প্রতিধ্বনি করছেন।

ভিডিওতে দেখা যায়, প্যাস্টর টম মিউলিন্স ‘যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য’ মাখানো গলায় ঈশ্বরকে উদ্দেশ করে বলছেন, ‘আমরা প্রার্থনা করি, আপনার আশীর্বাদ ও কৃপা তাঁর (ট্রাম্পের) ওপর বর্ষিত হোক। আমরা প্রার্থনা করি, স্বর্গীয় জ্ঞান তাঁর হৃদয় ও মনকে দিকনির্দেশনা দিক, যেন আপনি এই চ্যালেঞ্জিং সময়ে তাঁর পথপ্রদর্শক হন। প্রার্থনা করি, আপনার অনুগ্রহ ও সুরক্ষা তাঁর ওপর বর্ষিত হোক এবং আমাদের সৈন্যদের ওপরও বর্ষিত হোক। পিতা, আমরা প্রার্থনা করি, আপনি আমাদের প্রেসিডেন্টকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিন।...আমরা প্রার্থনা করি, যিশুর নামে আপনার স্বর্গীয় আশীর্বাদ তাঁর ওপর বর্ষিত হোক।’ মিউলিন্সের সঙ্গে বাকিরাও এই প্রার্থনাবাক্য স্তোত্রপাঠের মতো করে আবৃত্তি করেন।

এসব ধর্মযাজকের মধ্যে কয়েকজন প্যাস্টর পদমর্যাদাধারী। অবশিষ্ট সবাই ইভানজেলিক্যাল ধর্মগুরু। যুদ্ধে জয়লাভের জন্য আমেরিকার কোনো প্রেসিডেন্টকে কোনোদিন হোয়াইট হাউজে ধর্মগুরুদের জড়ো করে সম্মিলিত প্রার্থনার আয়োজন করতে দেখা যায়নি। কিন্তু ট্রাম্প এবার সেটিও করলেন।

৮ মার্চ পিট হেগসেথ ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, ‘আমেরিকার সংকল্প নিয়ে ইরানের সন্দেহ থাকা ঠিক হবে না। কারণ, আমেরিকার পেছনে মহাশক্তির সমর্থন আছে। সর্বশক্তিমান ঈশ্বর বা প্রভিডেন্স আমাদের সৈন্যদের রক্ষা করছেন।’ মার্কিন টেলিভিশন চ্যানেল ‘সিবিএসকে’ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানীরা যে পারমাণবিক বোমা বানাবার চেষ্টা করছে তার উদ্দেশ্য হলো, একটি ধর্মীয় ‘আর্মাগেডন’ ঘটানো। বাইবেলের ভবিষ্যৎ বাণীতে এই আর্মাগেডনের কথা লেখা আছে। আর্মাগেডন তাদের ধর্মীয় অর্থে পৃথিবীর শেষ মহাযুদ্ধ।

সেই ১৯৬৭ সাল থেকে ইসরাইল আরবদের বিরুদ্ধে ৪টি যুদ্ধ করেছে। প্রতিটি যুদ্ধেই তারা আরব দেশগুলোর কিছুটা অংশ দখল করেছে। যেমন মিশরের সিনাই, জর্ডানের ওয়স্টে ব্যাংক এবং সিরিয়ার গোলান মালভূমি। এর পর অন্যান্য সংঘর্ষ তো লেগেই আছে। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির একটি উক্তি। একটি টিভি অনুষ্ঠানে তিনি উপস্থাপক টাকার কার্লসনকে বলেন, ‘ইসরাইল মধ্যপ্রাচ্যের সবটা নিয়ে নিলে ভালোই হয়; কারণ এ ভূমির প্রতিশ্রুতি তিন হাজার বছর আগেই ঈশ্বর তাদের দিয়ে রেখেছেন।’

॥তিন॥ পবিত্র বাইবেলে রয়েছে দুটি অংশ। একটি New Testament আর একটি Old Testament. অর্থাৎ দুইয়ের ভেতর এক। New Testament হলো খ্রিস্টানদের বাইবেল। আর Old Testament হলো ইহুদিদের তওরাত। ওরা বলে তোরা। আমরা কোরআন শরীফের একেকটি বাক্যকে বলি আয়াত। ওরা ওদের ধর্মগ্রন্থের বাক্যকে বলে শ্লোক। একটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক টাকার কার্লসন Old Testament এর জেনেসিস ১৫:১৮ শ্লোক উল্লেখ করেন। ওই শ্লোকে ঈশ্বর আব্রাহামকে (ইসলামে যিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম) প্রতিশ্রুতি দিয়েছেন, ‘তোমার বংশধরদের জন্য আমি নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত এ ভূমি দিয়েছি।’

বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, যেটি ইহুদিদের ধর্মগ্রন্থ তওরাত হিসাবে পরিচিত, সেই তওরাতের হিব্রু সংস্করণে বলা হয়েছে, তাদের পিতা আব্রাহামকে যে ভূখ- দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই ভূখ-ের মধ্যে পড়ে লেভান্ট অঞ্চল। অর্থাৎ ইসরাইল, জর্ডান, সিরিয়া ও লেবাননের পাশাপাশি সৌদি আরব ও ইরাকের বড় অংশ ওই প্রতিশ্রুত এলাকা। ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের এ রাষ্ট্রদূত মনে করেন, পুরো মধ্যপ্রাচ্যকে ইসরাইলের দখল করার সম্পূর্ণ অধিকার আছে। আর সেই পথে সবচেয়ে বড় বাধা হিসাবে তারা আপাতত ইরানকেই দেখছেন। ইসরাইলের নেতারা বহু আগে থেকেই খোলাখুলি বলে আসছেন, তারা শুধু ইহজাগতিক রাজনৈতিক মোক্ষলাভের জন্য রাজনীতি করেন না। ঈশ্বর তাদের যে ‘বৃহত্তর ইসরাইলের’ প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, তা প্রতিষ্ঠার জন্য তারা রাজনীতি করেন এবং যুদ্ধ করেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৩ মার্চ দেওয়া ভাষণে বলেছেন, ‘আমরা সেই রাজ্য প্রতিষ্ঠা করব এবং মসিহর আসা নিশ্চিত করব।’ উল্লেখ্য, ইহুদিদের মসিহ হলেন হজরত মূসা (আ.) এবং খ্রিস্টানদের কাছে হজরত ঈসা (আ.), যাকে খ্রিস্টানরা যিশুখ্রিষ্ট বলেন।

॥চার॥ ব্রিটিশ পত্রিকা ‘দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু কমান্ডার তাঁদের অধীন ব্যক্তিদের বলছেন, যিশুখ্রিষ্ট ট্রাম্পকে ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। কারণ, যিশু পৃথিবীতে ফিরে আসছেন এবং বাইবেলে যে আর্মাগেডনের কথা বলা হয়েছে, এটিই সেই যুদ্ধ।

ইভানজেলিক্যালদের সঙ্গে এখন ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক। এই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে যে কয়জন ধর্মীয় নেতা বড় ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে প্রধান ব্যক্তি হলেন ট্রাম্পের আধ্যাত্মিক উপদেষ্টা পলা হোয়াইট (ইনিই ইরান যুদ্ধে জয়ী হওয়ার জন্য ট্রাম্পের সমর্থনে হোয়াইট হাউসে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন)। শেষ করার আগে আপনাদের দৃষ্টি ইসরাইলের পতাকার প্রতি আকৃষ্ট করতে চাই। এই পতাকায় ওপরে এবং নিচে দুটি নীল সরলরেখা রয়েছে। ওপরেরটি নির্দেশ করে মিশরের নীল নদকে। নিচেরটি নির্দেশ করে ইউফ্রেটিস বা ফোরাত নদীকে। এই নীল নদ থেকে ইউফ্রেটিস বা ফোরাত নদী- এর মধ্যবর্তী যে অঞ্চল রয়েছে সেটিই হলো ইহুদিদের বয়ান মোতাবেক তাদেরকে আব্রাহামের মাধ্যমে প্রদত্ত প্রমিজড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি। এটিকে তারা পবিত্র ভূমিও বলে।

সেই পবিত্র ভূমি প্রতিষ্ঠার পথে মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে সবচেয়ে বড় বাধা হলো ইরান। ইরান শিয়া রাষ্ট্র হলেও ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। তাই দেখা যায় ৩৮ দিনের আগ্রাসনেও ইরান পদানত হয়নি। বাংলাদেশের একটি বাগধারায় বলা হয়, সে ভাঙবে কিন্তু মচকাবে না। তেমনি এই যুদ্ধে ইরান বিরান হয়ে যেতে পারে। কিন্তু মার্কিনীদের খায়েশ মোতাবেক তেহরানে মার্কিন পদলেহী সরকার ক্ষমতায় বসবে না।

আর ধর্মীয় প্রসঙ্গ? আমাদের দেশে কেউ যদি দাড়ি টুপি রাখে অথবা ইসলাম ও কোরআন হাদিসের কথা বলে তাহলে সাথে সাথেই তাকে ট্যাগ দেওয়া হয় মৌলবাদী বলে। ইরানকে দেখেও কি আমরা কিছুই শিখবো না?

Email:journalist15@gmail.com