এবারের বড়দিন এসেছিল আশা উৎসব আর শোকের আবহ নিয়ে। কিছুদিন আগে সিডনির বন্ডাই বিচে ঘটে যাওয়া হত্যাকা-ের পর সাধারণ মানুষ স্তব্দ হয়ে গিয়েছিল। এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। কিন্তু জীবন চলমান। সময় থেমে থাকে না। এবারের বড়দিনের উৎসবও থেমে থাকেনি। এখানকার উৎসবের আমেজ ভিন্ন। সমস্ত কোলাহল বা উৎসবের আবহ থাকে ঘরের ভেতর। পরিচিত আত্মীয় আর বন্ধুর গ-িতেই সীমাবদ্ধ উৎসব। আমি গিয়েছিলাম বাঙালি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে।

এখানকার বাঙালি খ্রিস্টান ফেলোশিপ অ্যাসোসিয়েশন পুরানো সংগঠন। এর আগেও তাদের অনুষ্ঠানে গেছি। এবারের আয়োজনটি ছিল সিডনি শহর থেকে অনেক দূরে। আমি থাকি উপ-শহরতলীর এক জনপদে। তাই কিছুটা অনিশ্চয়তা ছিল মনে। এখন আর দূরের জার্নি বা যাত্রায় স্বাছন্দ্য বোধ করি না। একা গাড়ি চালানো একদিকে যেমন বোরিং, আরেকদিকে ক্লান্তিকর। তবে অ্যাডোয়ার্ড অশোক অধিকারী’র আহ্বানে সাড়া না দিয়ে উপায় ছিল না। এতো আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ ডাক, ফেরাই কীভাবে? অশোক নামী ফটোগ্রাফার। শখের ছবির কারিগর অশোক ইতোমধ্যে নামধাম করে ফেলেছে। তার কপালে জুটেছে অস্ট্রেলিয়ার মূলধারার স্বীকৃতি ও সম্মাননা। অশোকের ডাকে সেদিনে দেড় দেড় তিনঘণ্টার আসা যাওয়া শেষে মনে হয়েছিল, না গেলে ভুল হতো। এবারের অনুষ্ঠানে যারা মঞ্চ আলোকিত করেছিল তারা সবাই নবীন।

কী করেনি তারা? গান নাচ আবৃত্তি এমনকি অভিনয়ও বাদ যায়নি। প্রতিটি আয়োজনে ছিল দেশের টান। বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতির প্রায় প্রতিটি দিক ছুঁয়ে গেছে তারা। প্রভু যীশুর গুণকীর্তণের পাশাপাশি বাংলা সংস্কৃতির বিভিন্ন শাখায় তাদের বিচরণ দিয়েছে তৃপ্তি। শেষের দিকে ন্যান্সি ব্যারেলের প্রাণবন্ত উপস্থাপন ছিল চোখে পড়ার মতো। তার আহ্বানে আমিও গিয়েছিলাম কিছু বলতে। গুণী আঁকিয়ে লরেন্সের ডাকে উপহার তুলে দেওয়ার জন্যও গিয়েছি একবার। কাউন্সিলার মাসুদ চৌধুরী থেকে শুরু করে আনিলা পারভিন কেউ বাদ পড়েনি। এই নামগুলো বললাম এই কারণে, এতেই বোঝা যায় যে, কতটা বহুজাতিক আর কতটা বহুমাত্রিক ছিল তাদের আয়োজন। যে কথা বা যে বার্তাটি সবাই মিলে দিতে চেয়েছেন তা হচ্ছে শান্তি। আসলেই এখন শান্তির কোনো বিকল্প নেই।

গেল শুক্রবার এদেশে পালিত হয়েছিল বক্সিং ডে। নামটা শুনে মূর্ছা যাওয়ার কিছু নেই। এটা বক্সিং ডে। সরকারি ছুটির দিন। শুরুতে বেশ হকচকিয়ে গিয়েছিলাম এমন একটা দিনের নাম শুনে। সিডনি আসার পর এমনিতেই নিজেকে ছোট খাটো মনে হতো। আশপাশে সব দীর্ঘদেহী শ্বেতাঙ্গ মানুষজন। মেয়েদের উচ্চতাও আমাদের চেয়ে বেশি। পরে সে দুঃখ লাঘব করেছে দলে দলে আসা সাউথ ইন্ডিয়ান, চাইনিজ ভিয়েতনামীসহ এশিয়ার লোকজনেরা। উচ্চতার পাশাপাশি সে সময় শারীরিক আকার আয়তনও ভয় ধরাতো বৈকি। তার ওপর বক্সিং ডে? আমি ধরে নিয়েছিলাম বের হলেই কেউ হয়তো মুষ্টিযুদ্ধে আমন্ত্রণ জানিয়ে ঝাঁপিয়ে পড়বে। আর আমার কয়েক মাস নার্সিংহোম বা হাসপাতাল বাস নিশ্চিত। আমার ধারণা অমূলক কি না সে কথায় পরে আসছি। তবে অনুমান করার যৌক্তিক কারণ ছিল। বহু বছর আগে আমি, আমার ছোট শ্যালক আর তার স্ত্রী ক্যানবেরা গিয়েছিলাম বেড়াতে। সন্ধ্যায় আমরা ডিনার করার জন্য ভালো রেস্তোরাঁ খুঁজে বেড়াচ্ছি। এমন সময় পাশ দিয়ে যাওয়া কতিপয় তরুণ-তরুণী থামল। সৌজন্যমূলক হাই হ্যালোর পাশাপাশি এক নারী আমাকে বললো চুম্বনে আগ্রহী কি না? অসাধারণ রুপবতী এক নারী বলছে দাঁড়ি গোঁফওয়ালা এক কালো বাংলাদেশিকে, তাও আবার বৌয়ের ভাইয়ের সামনে।

অন্তর যাই বলুক মনে যাই থাকুক মেয়েটির সঙ্গে থাকা তরুণদের দিকে তাকিয়ে মুখে বললাম, নো নো। বাট হোয়াই ইউ আসকিং মি? কলহাস্যে মুখরিত তারা বলল মোসটাস ডে চলছে। মানে গোঁফের মাস। ফলে গোঁফওয়ালা কাউকে একটা চুমু দেওয়া যেতেই পারে। কপাল আমার, যথারীতি বিধিবাম। কিন্তু ঘটনাটা তো মনে পড়ে। তাই মনে হলো মোসটাস ডেতে যদি গোঁফ চুম্বন জায়েজ, তো বক্সিং ডে মানে নির্ঘাত ঘুষাঘুষি। পরে জানলাম এর মানে বাক্সবন্দি উপহার খোলার দিন। সারি সারি ছোট বড় প্যাকেটে ভরা বড়দিনের উপহার খোলার দিনের নাম বক্সিং ডে। অনেকে ‘পাব’ শব্দটা শুনলেই ভয়ে আঁতকে ওঠেন। ভাবেন এই পানশালা মানেই নেশার জগত। আসলে কি তাই? এখানে বসে চা কফি চিপস পিজ্জা খেতে খেতে আড্ডা দেয়া যায়। কত মানুষ বিজনেস ডিল করে এখানে। কেউ কেউ প্রেম করে কেউ করে বন্ধুত্বের খোশ আলাপ। বড় বড় পাব বা রেস্তোরা সদৃশ্য পাবে আমরাও আড্ডা দেই। বক্সিং ডে’র সন্ধ্যায় বাংলাদেশ থেকে আগত সাংবাদিক লেখক গণমাধ্যম ব্যক্তিত্ব মিলেমিশে আমরা ক‘জন নির্ভেজাল আড্ডায় মেতে উঠেছিলাম। যার মূল বিষয় ছিল স্বদেশ আর বিশ্বের গতিপ্রকৃতি। আমাদের সবার কণ্ঠ আর ভাষা মিলে গিয়েছিল এক জায়গায় যেখানেÑ শান্তি আর সহাবস্থানের গল্প ছিল মুখ্য। দেশে-বিদেশে বাঙালির এই চাওয়া এখন প্রবল। বিশেষত আগামী প্রজন্মের জন্য একটি সুখি আর শান্তিপূর্ণ সমাজের বিকল্প নেই। যারা এসব দেশে পড়তে এসেছে তাদের কাছে এখন একটাই চাওয়াÑ এইদেশে খালি পুঁথিগত বিদ্যা আয়ত্ত না করে এখানকার উদারনৈতিক সমাজ গণতন্ত্রের ভালো দিকগুলো শিখতে হবে। কারণ তারা যখন দেশে ফিরে যাবে বা যে কোনো দেশ থেকে দেশের পাশে দাঁড়াবে, তখন যেন সব কিছুতে আধুনিকতা আর গণতন্ত্রের ছাপ থাকে। সিডনি এখন আরও বেশি সংযত আর সংহত হওয়ার চেষ্টায় রত।

এর আন্তর্জাতিকতার সঙ্গে যুক্ত সকল বাংলাদেশির উচিত এই বিশ্বজনীনতা ধারণ করা। নিজেকে আন্তর্জাতিক মানুষ করে তুলতে না পারলে সবার সঙ্গে যুক্ত হওয়া অসম্ভব হয়ে পড়বে। সেদিন বাঙালিদের বড়দিনের উৎসবে গিয়ে মনে হয়েছে আমাদের সম্ভাবনা ও সহমর্মিতা এক সঙ্গে চললে আমরাও পারব। বাঙালি যে পারে তার প্রমাণ বহুদেশে বহু সমাজে দেখেছি আমরা।dasguptaajoy@hotmail.com