শুক্রবার সকালের ভূমিকম্প গোটা দেশকে কম্পিত না করলেও এতে নাড়া খেয়েছেন দেশের প্রতিটি সুস্থ মানুষ। কেননা বিগত ৫ বছরের মধ্যে এত তীব্র ভূকম্পন অনুভূত হয়নি। এত বেশি হতাহত এবং ভবন ফাটলের ঘটনাও ঘটেনি। এটির উৎপত্তিস্থল ঢাকার খুবই কাছে হওয়ায় বিপুল বহুতল ভবনে ভারাক্রান্ত রাজধানীবাসীর ঝুঁকি অনেক বেশি বেড়ে গেল, এমনটি বলা চলে। তাই ভূমিকম্প তথা দুর্যোগ মোকাবিলার বিষয়টিই এখন সবকিছুর আগে আলোচিত হচ্ছে। মানুষের জীবনে তার সুস্থভাবে বেঁচে থাকার ওপরে তো কিছু নেই। তাই কয়েক সেকেন্ডের ভূমিকম্প গোটা দেশের মানুষকে একটি সুনির্দিষ্ট দুশ্চিন্তার ভেতরে মুহূর্তে টেনে নিয়ে গেছে। সেটি হলো পরবর্তী ভূমিকম্প কবে হবে, কতটা তীব্র হবে এবং এ থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি।\r\nশুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) মাত্রা দেখায় ৫ দশমিক ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে এমন ভূমিকম্প হওয়ারই কথা। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হলে সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে। যদি ৫.৭ না হয়ে ৭ বা ৮ স্কেল হয় তাহলে ঢাকা শহরে কি গজব হয়ে যেত না! \r\nশুক্রবারের ভূমিকম্পের ঝাঁকুনিকে এযাবৎকালের সর্বোচ্চ বলা হচ্ছে। এমন ভূমিকম্পের শঙ্কা বিশেষজ্ঞরা আগেই প্রকাশ করে আসছিলেন। এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সজাগ হওয়ার বার্তা। বাংলাদেশ বা এই ভূখণ্ডে বড় ভূমিকম্পের মধ্যে আছে ১৭৬২ সালের ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ৫।

এটি গ্রেট আরাকান আর্থকোয়েক নামে পরিচিত। এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, এমনকি কুমিল্লা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর ১৮৯৭ সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল ৮ দশমিক ৭ মাত্রার। বাংলাদেশের আশপাশে ও দেশের ভেতরেও ছোট বা মাঝারি আকারের ভূমিকম্প বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশে এবং আশপাশের বিভিন্ন এলাকায় ৫৩টি ভূমিকম্প হয়। এভাবে ছোট বা মাঝারি ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়াটা বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। ঐতিহাসিক ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ এবং দিন দিন সংখ্যা বৃদ্ধির কারণেই এমনটা মনে করছেন তারা।\r\nবাস্তবে ঢাকার বহুতল ভবন ও সুপার মার্কেটগুলো ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা হয়নি। অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থাও নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলাসহ উদ্ধার তৎপরতার সরঞ্জাম এবং যন্ত্রপাতি প্রায় নেই বললেই চলে। এসব বিষয় বিবেচনায় রেখে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় যতটুকু করণীয়, সেসব সংগ্রহে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে। এর জন্য জরুরি উদ্যোগ ও অর্থ বরাদ্দ করাও বাঞ্ছনীয় এখন থেকেই। কেননা আধুনিক বিজ্ঞান সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্পর্কে পূর্বাভাস দিতে সক্ষম হলেও ভূমিকম্পের পূর্বাভাসের বিষয়টি এখনো থেকে গেছে অজানা।