সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব কাগজে-কলমে একটি স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রকৃত আয়ের অবক্ষয়ের ভেতর দিয়ে যাওয়া সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক ধরনের আর্থিক স্বীকৃতি। সর্বশেষ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব এসেছে। এতে বেতন বৃদ্ধির হার কোথাও কোথাও ১০০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় হিসাবে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ সিদ্ধান্তের সরাসরি সুবিধাভোগী হবেন।

কিন্তু প্রশ্ন হলো, এই বেতন বৃদ্ধি সমাজের বাকি অংশের জন্য কী বার্তা বহন করে এবং অর্থনীতির অন্য স্তরগুলোতে এর প্রতিক্রিয়া কতটা সহনীয় হবে।\r\nএকই সময়ে সরকারি হিসাবেই দেখা যাচ্ছে, বেতন-ভাতা ও সুদ পরিশোধসহ পরিচালন ব্যয় দ্রুত বাড়ছে, আর উন্নয়ন ব্যয় কমছে। চলতি অর্থবছরের শুরুতেই পরিচালন ব্যয় এক লাখ কোটি টাকার ঘর ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। বিপরীতে উন্নয়ন কর্মসূচির ব্যয় গত আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অর্থাৎ একদিকে সরকারি কর্মচারীদের আয় বাড়ানোর সিদ্ধান্ত, অন্যদিকে উন্নয়ন ও উৎপাদনমুখী খাতে ব্যয়ের সংকোচন- এই দুই প্রবণতা মিলিয়ে অর্থনীতির ভেতরে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।\r\nসরকারি কর্মচারীদের বেতন বাড়লে প্রথম প্রতিক্রিয়া আসে বাজারে।

বাড়তি আয় সরাসরি ভোগ ব্যয়ে রূপ নেয়। বাসাভাড়া, শিক্ষা, চিকিৎসা, পরিবহন, খাদ্য ও ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে। স্বল্পমেয়াদে এটি বাজারে কিছুটা গতি আনে, দোকানপাট ও সেবা খাত চাঙা হয়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন এই বাড়তি চাহিদার সঙ্গে জোগান সমানতালে বাড়ে না। বাংলাদেশের বাস্তবতায় উৎপাদন ও সরবরাহ কাঠামো এখনো দুর্বল। ফলে বাড়তি চাহিদা শেষ পর্যন্ত পণ্যমূল্য বৃদ্ধির দিকেই ঠেলে দেয়। ইতোমধ্যে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ৮-৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি অনেক সময় এর চেয়েও বেশি। সরকারি বেতন বৃদ্ধির ফলে বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হলে এই মূল্যস্ফীতি আরও কয়েক ধাপ উপরে উঠতে পারে।\r\nএই মূল্যস্ফীতির সবচেয়ে বড় ভুক্তভোগী হন বেসরকারি চাকরিজীবীরা।

দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশই বেসরকারি ও অনানুষ্ঠানিক খাতে। এদের বড় একটি অংশের বেতন কাঠামো স্থবির। সরকারি খাতে বেতন বাড়লেও বেসরকারি খাতে তার কোনো স্বয়ংক্রিয় প্রতিফলন ঘটে না। ফলে পণ্যমূল্য বাড়ে, কিন্তু আয় বাড়ে না। বাস্তবে বেসরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমে যায়। যারা মাসে ২৫-৪০ হাজার টাকার মধ্যে আয় করেন, সেই মধ্যম আয়ের মানুষগুলোই সবচেয়ে বেশি চাপে পড়েন। বাসাভাড়া, সন্তানের পড়াশোনা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ সামাল দিতে গিয়ে তাদের সঞ্চয় ভেঙে যায়। অনেক ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারগুলো ধীরে ধীরে ঋণনির্ভর হয়ে পড়ে।\r\nছোট ব্যবসায়ীদের অবস্থাও খুব আলাদা নয়। বাজারে চাহিদা বাড়লেও তাদের খরচও সমানতালে বাড়ে। কাঁচামালের দাম, পরিবহন ব্যয়, দোকানভাড়া ও শ্রমিকের মজুরি সবকিছুই ঊর্ধ্বমুখী হয়।

কিন্তু ক্রেতাদের বড় একটি অংশ বেসরকারি চাকরিজীবী ও নিম্ন মধ্যবিত্ত হওয়ায় তারা আগের মতো কেনাকাটা করতে পারেন না। ফলে ছোট ব্যবসায়ীদের মুনাফার জায়গা সংকুচিত হয়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী টিকে থাকার জন্য পণ্যের মান কমান বা লাভ কমিয়ে বিক্রি করতে বাধ্য হন। দীর্ঘমেয়াদে এটি ব্যবসার স্থায়িত্বের জন্য ঝুঁকিপূর্ণ।\r\nএই পরিস্থিতিতে সমাজে এক ধরনের অদৃশ্য বিভাজন তৈরি হয়। সরকারি চাকরিজীবীরা তুলনামূলক নিরাপদ আয়ের বৃত্তে অবস্থান করেন, আর বেসরকারি চাকরিজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। এই বৈষম্য কেবল আয়ের নয়, মানসিকতারও। সরকারি চাকরি আবারও সবচেয়ে কাক্সিক্ষত ও নিরাপদ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তরুণ প্রজন্ম উদ্যোক্তা হওয়া বা বেসরকারি খাতে দক্ষতা বাড়ানোর বদলে সরকারি চাকরির পেছনে ছুটতে শুরু করে।

এতে দীর্ঘমেয়াদে উদ্ভাবন ও উৎপাদনশীলতার ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।\r\nমধ্যবিত্ত শ্রেণির জন্য এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সবচেয়ে জটিল প্রভাব তৈরি করে। তারা সরাসরি সুবিধাভোগী নন, আবার একেবারে দরিদ্রও নন যে বিশেষ সামাজিক সুরক্ষা পাবেন। সরকারি কর্মচারীদের আয় বাড়ায় বাসাভাড়া ও শহুরে সেবার দাম বাড়ে। মধ্যবিত্ত পরিবারগুলো একই বাসায় থেকেও বেশি ভাড়া দিতে বাধ্য হয়। শিক্ষা ও কোচিং খাতে খরচ বাড়ে। চিকিৎসা ব্যয় আরও নাগালের বাইরে চলে যায়। ফল হিসেবে মধ্যবিত্তের জীবনযাত্রার মান স্থির থাকে বা কোথাও কোথাও অবনতি ঘটে, যদিও চারপাশে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে বলে মনে হয়।\r\nসরকারি ব্যয়ের দিক থেকেও বিষয়টি উদ্বেগজনক। বেতন ও ভাতায় ব্যয় বাড়লে রাজস্ব আয়ের ওপর চাপ বাড়ে।

অথচ চলতি অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে বড় ঘাটতির চিত্র দেখা যাচ্ছে। আয় বাড়াতে না পারলে সরকারকে হয় ঋণ নিতে হবে, নয়তো উন্নয়ন ব্যয় আরও কমাতে হবে। উভয় ক্ষেত্রেই দীর্ঘমেয়াদে অর্থনীতির ক্ষতি হয়। উন্নয়ন ব্যয় কমলে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টির গতি কমে যায়, যা শেষ পর্যন্ত আবার বেসরকারি খাত ও সাধারণ মানুষের ওপরই চাপ তৈরি করে।\r\nসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি তাই একমাত্রিকভাবে ভালো বা খারাপ নয়। এটি প্রয়োজনীয়, কারণ উচ্চ মূল্যস্ফীতিতে সরকারি চাকরিজীবীরাও প্রকৃত আয়ের ক্ষতির মুখে পড়েছেন। কিন্তু এই সিদ্ধান্ত যদি সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সমন্বয় ছাড়া নেওয়া হয়, তাহলে সমাজের অন্য স্তরে তার নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে। বেসরকারি খাতে ন্যূনতম মজুরি ও বেতন কাঠামো পুনর্বিবেচনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর ও ঋণ সুবিধা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার ব্যবস্থাপনা ছাড়া এই বেতন বৃদ্ধি শেষ পর্যন্ত বৈষম্য বাড়ানোর ঝুঁকি তৈরি করবে।\r\nসমাধান তাই ভারসাম্যে। সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি খাতের শ্রমিক ও চাকরিজীবীদের আয় সুরক্ষা দিতে হবে। উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালন ব্যয় বাড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে এসে উৎপাদন ও কর্মসংস্থানমুখী বিনিয়োগ বাড়াতে হবে। না হলে বেতন বাড়ার খবরে যে স্বস্তির ঢেউ উঠছে, তা খুব দ্রুতই মধ্যবিত্ত ও ছোট ব্যবসায়ীদের জন্য চাপের ঢেউয়ে রূপ নেবে। তখন সমাজে প্রশ্ন উঠবে, বেতন বাড়ল কার জন্য, আর বোঝা বইল কে?\r\nলেখক : প্রকাশক ও কলাম লেখক