মা-বাবা হলেন পৃথিবীর বুকে স্বর্গীয় ছায়া, যাঁদের অকৃত্রিম স্নেহে আমরা বেড়ে উঠি। বর্তমান ভোগবাদী সমাজে অনেক সন্তান নিজের সচ্ছলতা ও বিলাসিতার ভিড়ে সেই জন্মদাতাদের ভুলে যাচ্ছে। এই অকৃতজ্ঞতা কেবল একটি পারিবারিক সমস্যা নয়, বরং একটি সামাজিক ব্যাধি। মা-বাবাকে অবহেলা করা মানে নিজের শেকড়কে অস্বীকার করা। কবির ভাষায়, ‘যেথায় মা-বাবা পান না ঠাঁই, সেথা বিধাতার আশিষ নাই।’ এক উচ্চবিত্ত পরিবারের সন্তান নিজের বিশাল অট্টালিকায় স্ত্রীকে নিয়ে রাজকীয় জীবনযাপন করলেও বৃদ্ধা মাকে স্থান দিয়েছেন বাড়ির অন্ধকার স্টোররুমে। দিনের পর দিন সেখানে ঠিকমতো খাবার পৌঁছায় না, অথচ সেই সন্তানই বাইরে দানবীর হিসেবে পরিচিত। বিদেশে কর্মরত এক ইঞ্জিনিয়ার বাবা-মার সমস্ত সম্পদ বিক্রি করে পাড়ি জমিয়েছেন উন্নত দেশে।

এখন বাবা-মা গ্রামে অন্যের আশ্রয়ে কিংবা বারান্দায় রাত কাটান। ছেলে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিলাসবহুল জীবনের ছবি দিলেও বৃদ্ধ বাবা-মার চিকিৎসার জন্য এক টাকাও পাঠায় না। এক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা নিজের আভিজাত্য রক্ষায় অসুস্থ বাবাকে ‘গ্রাম্য ও সেকেলে’ অজুহাতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। বাবা সারাদিন গেটের দিকে তাকিয়ে থাকেন এই আশায় যে, ছেলে হয়তো একবার দেখা করতে আসবে, কিন্তু ছেলের ব্যস্ততা কেবল নিজের পদোন্নতি আর সামাজিক অনুষ্ঠান নিয়ে। পৈত্রিক সম্পত্তি লিখে নেওয়ার পর এক অকৃতজ্ঞ সন্তান তার বৃদ্ধা মাকে রাস্তার মোড়ে ফেলে রেখে পালিয়ে গেছে। মা অন্ধ এবং স্মৃতিভ্রষ্ট হওয়ায় নিজের বাড়ির ঠিকানাও বলতে পারেন না। অথচ সেই সন্তান এখন মায়ের লিখে দেওয়া জমিতে বিশাল মার্কেট নির্মাণ করে লাখ লাখ টাকা আয় করছে। শহরের এক ধনাঢ্য ব্যবসায়ী তার বাড়িতে ডজনখানেক কুকুর-বিড়াল পালেন এবং তাদের পেছনে মাসিক হাজার হাজার টাকা খরচ করেন। অথচ পাশের ঘরে ধুঁকতে থাকা অসুস্থ বাবা পথ্য ও ওষুধের অভাবে ধুঁকছেন। সন্তানের কাছে পশুর আরাম যতটা গুরুত্বপূর্ণ, বাবার জীবন ততটাই তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের আরও অসংখ্য উদাহরণ আমাদের সমাজে রয়েছে।

ইসলাম ধর্ম মা-বাবার প্রতি দায়িত্ব পালনকে ইবাদতের সমতুল্য ঘোষণা করেছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘তারা যাতে ‘উফ’ শব্দটিও না করে এবং তাদের ধমক দিও না।’ মা-বাবার অবাধ্য হওয়াকে বড় গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে, যা ইহকাল ও পরকাল উভয় ক্ষেত্রেই ভয়াবহ পরিণাম বয়ে আনে। অন্যান্য ধর্মেও পিতা-মাতার সেবার কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে। চীনের আইনে সন্তানরা যদি বৃদ্ধ মা-বাবার খোঁজখবর না নেয় বা নিয়মিত দেখা না করে, তবে তাদের কারাদণ্ড বা বড় অংকের জরিমানার বিধান রয়েছে। সরকার এই আইন কঠোরভাবে কার্যকর করে যাতে বয়স্করা একাকীত্বে না ভোগেন। ফ্রান্সে ১৯৫৩ সাল থেকেই একটি আইন রয়েছে, যেখানে সন্তানরা তাদের অভাবী মা-বাবার ভরণপোষণ দিতে আইনত বাধ্য। যদি কোনো সন্তান এটি অমান্য করে, তবে তার মাসিক বেতন থেকে সরাসরি টাকা কেটে মা-বাবার অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

সিঙ্গাপুরে মেইন্টেনেন্স অফ প্যারেন্টস অ্যাক্ট অনুযায়ী, যদি ৬০ বছর বা তার বেশি বয়সী মা-বাবা নিজেদের ভরণপোষণে অক্ষম হন, তবে তারা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারেন। আদালত সন্তানের আয় বুঝে মাসিক ভাতার পরিমাণ নির্ধারণ করে দেন এবং অমান্য করলে কারাদণ্ড হয়। ভারতে আইনের মাধ্যমে মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করা হয়েছে। কোনো সন্তান যদি মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, তবে ট্রাইব্যুনালের মাধ্যমে সন্তানকে উচ্ছেদ করে মা-বাবাকে পুনরায় ভিটায় প্রতিষ্ঠিত করার বিধান রয়েছে। জার্মানিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হলেও পারিবারিক আইনের মাধ্যমে সন্তানদের ওপর মা-বাবার দীর্ঘমেয়াদী সেবাযত্নের আর্থিক দায় চাপানো হয়েছে। সন্তান সচ্ছল হলে তাকে অবশ্যই রাষ্ট্রের সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও মা-বাবার খরচ বহন করতে হয়। ভিয়েতনামে পারিবারিক ঐতিহ্য রক্ষায় কঠোর আইন রয়েছে। মা-বাবার প্রতি অসম্মান প্রদর্শন বা অবহেলা করলে তাকে কঠোর সামাজিক শাস্তির পাশাপাশি জেল ও শ্রমদণ্ড ভোগ করতে হয়।

যুক্তরাষ্ট্রে কিছু অঙ্গরাজ্যে ‘ফিলিয়াল রেসপন্সিবিলিটি ল’ কার্যকর আছে। যদি কোনো বৃদ্ধ মা-বাবার চিকিৎসার বিল পরিশোধে সন্তানরা অবহেলা করে, তবে হাসপাতাল বা সেবা প্রতিষ্ঠান সরাসরি সন্তানের বিরুদ্ধে মামলা করে সেই অর্থ আদায় করতে পারে।জাপানে প্রবীণদের সম্মান দেওয়া ঐতিহ্যের অংশ। তবে আধুনিক যুগে অবহেলার ঘটনা বাড়ায় সেখানে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। কোনো সন্তান অবহেলা করলে তার নাম জনসমক্ষে প্রকাশ করা বা ‘পাবলিক শেমিং’ এর মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশেও ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’ এর আওতায় এক পুলিশ সদস্যকে তার মা-বাবার খোঁজ না নেওয়ার দায়ে গ্রেফতার করা হয়েছিল। এই ধরনের সমস্যা সমাধানকল্পে সরকারকে আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে এবং উপজেলা পর্যায়ে একটি দ্রুতগামী সেল গঠন করতে হবে। প্রতিটি জেলায় প্রবীণদের জন্য অভিযোগ কেন্দ্র থাকতে হবে যেখানে অভিযোগ পাওয়া মাত্রই সন্তানদের তলব করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আদালতকে এই ধরনের মামলায় দীর্ঘসূত্রিতা পরিহার করে সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে রায় প্রদান করতে হবে। মা-বাবার ভরণপোষণ নিশ্চিত না করা পর্যন্ত সন্তানের অন্যকোনো দেওয়ানি অধিকার স্থগিত রাখার মতো কঠোর নির্দেশ প্রদান করতে পারে বিচার বিভাগ। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে মা-বাবার অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। অভিযোগ পাওয়া মাত্রই সন্তানকে আইনের আওতায় এনে কাউন্সিলিং এবং প্রয়োজনে হাজতবাসের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের প্রতিটি ওয়ার্ডে বৃদ্ধদের তালিকা রাখতে হবে। কোনো বৃদ্ধ যদি অবহেলিত হন, তবে স্থানীয় সরকারের পক্ষ থেকে সন্তানের ওপর সামাজিক ও প্রশাসনিক চাপ সৃষ্টি করে ভরণপোষণ নিশ্চিত করতে হবে। মসজিদের ইমাম ও খতিবগণ জুমার খুতবায় নিয়মিতভাবে মা-বাবার অধিকার ও অকৃতজ্ঞ সন্তানদের পরকালীন পরিণাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বয়ান দিতে পারেন। মা-বাবার সেবাকে সামাজিক আন্দোলনে রূপান্তর করার ক্ষেত্রে তাদের এ ভূমিকা অপরিসীম। ভুক্তভোগী মা-বাবাকে চুপচাপ সহ্য না করে আইনের আশ্রয় নিতে হবে। নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সমাজকে জানানো লজ্জার কিছু নয়; বরং এটি অন্য সন্তানদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

সন্তানদের মনে রাখা উচিত, আজকের জোয়ার কালকের ভাটা। সুফী কবি জালালুদ্দিন রুমি বলেছিলেন, ‘তুমি যদি তোমার মা-বাবার প্রতি নিষ্ঠুর হও, তবে জেনো তোমার সন্তানও তোমার সাথে একই আচরণ করবে।’ মা-বাবার দোয়া ছাড়া পৃথিবীর কোনো সাফল্যই স্থায়ী নয়। পরিশেষে বলা যায়, মা-বাবা কোনো বোঝা নন, বরং তাঁরা আশীর্বাদ। আইন দিয়ে হয়তো ভরণপোষণ আদায় করা যায়, কিন্তু ভালোবাসা ও শ্রদ্ধা আসে অন্তর থেকে। আমাদের এমন এক সমাজ গড়তে হবে, যাতে কোনো মা-বাবাকে বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলতে হবে না। মা-বাবার সেবার মাঝেই নিহিত আছে প্রকৃত মানবিকতা ও দেশপ্রেম।

লেখক: প্রাবন্ধিক, কথা সাহিত্যিক, প্রেসিডেন্ট আন্তর্জাতিক মাদকবিরোধী সংগঠন ফ্রিডম ইন্টারন্যাশনাল অ্যান্টি অ্যালকোহল।