মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর বাংলাদেশের জন্য দূরের কোনো ভূ-রাজনৈতিক ঘটনা নয়। এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে জ্বালানির ব্যয়, বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ, পরিবহন ব্যবস্থায় ব্যাঘাত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে উদ্বেগের মধ্যে। তেলের বাজারকেন্দ্রিক উদ্বেগ এখন আরও বিস্তৃতভাবে সরবরাহ ও অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। হরমুজ প্রণালি এখনও অস্থিতিশীল; বৈশ্বিক তেলের দাম প্রতি ব্যারেলে ১১০ ডলারের ওপরে; আঞ্চলিক জ্বালানি সরবরাহও ক্রমশ অনিশ্চিত। ফলে আমদানিকৃত জ্বালানির ওপর গভীরভাবে নির্ভরশীল বাংলাদেশ এখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন। বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি বিল ইতোমধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলার হয়ে গেছে। নীতি বিশ্লেষকদের মতে, প্রতি ব্যারেলে ১০ ডলার বাড়লে এই ব্যয় প্রায় ৯০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাদ্য ও অন্যান্য পণ্য পরিবহনে জ্বালানি ও পরিবহন ব্যয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ডিজেলের দাম বাড়ে বা সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ে, তখন সবজি, মুরগি, চাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন ব্যয়ও বেড়ে যায়। এই অতিরিক্ত ব্যয় ধীরে ধীরে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তর পেরিয়ে স্থানীয় বাজারে উচ্চমূল্যের আকারে প্রতিফলিত হয়। ফলে পরিবহন ও লজিস্টিকস ব্যয়ের সামান্য বৃদ্ধিও গৃহস্থালির বাজেটের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ এই বহিরাগত অস্থিরতার পর্যায়ে প্রবেশ করেছে এমন এক সময়ে, যখন মূল্যস্ফীতি আগেই অনেক ছিল। ফেব্রুয়ারিতে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৯.১৩ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯.৩০ শতাংশ, যা দেখায় বৈশ্বিক জ্বালানি ও পরিবহন ব্যয়ের সর্বশেষ চাপ শুরু হওয়ার আগেই সাধারণ পরিবারের বাজেট কতটা নাজুক অবস্থায় ছিল।

এই অর্থনৈতিক চাপ এখন আর শুধু উপসাগরীয় অঞ্চল থেকে আসছে না। এশিয়ার জ্বালানি বাজারেও দ্বিতীয় ধাপের চাপ তৈরি হচ্ছে। চীনের সাময়িক জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা ডিজেল, পেট্রোল ও জেট ফুয়েলের আঞ্চলিক সরবরাহ আরও সংকুচিত করেছে। ফলে বিকল্প কার্গোর জন্য প্রতিযোগিতা এবং দাম বাড়ছে। উপসাগরীয় অঞ্চলের আকাশপথ বন্ধ থাকা, উচ্চ মাল পরিবহন ও বীমা খরচ এবং আকাশপথে পণ্য পরিবহন ব্যবস্থায় সৃষ্ট যানজট বাংলাদেশসহ দক্ষিণ এশিয়াজুড়ে পণ্য চালানে বিলম্ব ঘটাচ্ছে। এ ধরনের বিঘ্ন দ্রুতই নগদ অর্থ প্রবাহে চাপ, ডেলিভারিতে ব্যর্থতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা হ্রাসে রূপ নিতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেমিট্যান্স। এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল। ঈদকে কেন্দ্র করে অর্থ প্রেরণ ছিল তার মধ্যে একটি কারণ। তবে এই স্থিতিশীলতাকে স্থায়ী নিরাপত্তা বলে ধরে নেওয়া ঠিক হবে না। স্বল্প মেয়াদে এই অস্থিরতার তাৎক্ষণিক প্রভাব নিয়ন্ত্রণে সতর্কতার অর্থনৈতিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও রপ্তানিমুখী উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অগ্রাধিকার হওয়া উচিত। কারণ এসব খাতে বিঘ্ন দ্রুত সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলে। সরকার এ ক্ষেত্রে জ্বালানি বণ্টন ব্যবস্থা উন্নত, বিদ্যুৎকেন্দ্র ও সেচ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং সরকারি প্রতিষ্ঠান ও শিল্প খাতে জ্বালানি সাশ্রয়ী চর্চাকে উৎসাহিত করার মাধ্যমে উদ্যোগকে আরও শক্তিশালী করতে পারে।

একইভাবে সঠিক বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি ও এলএনজি আমদানির জন্য দুই বিলিয়ন ডলারের বেশি নতুন বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করার সরকারি প্রচেষ্টা অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এটি জ্বালানির ওপর চাপ যেন বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবৃদ্ধিতে বড় ধরনের সংকটের রূপ নিতে না পারে, সেই চেষ্টারই অংশ। তবে নীতিনির্ধারকদের উচিত জ্বালানি, খাদ্যপণ্য ও শিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণের মতো অপরিহার্য আমদানিকে অগ্রাধিকার দেওয়া এবং অপ্রয়োজনীয় আমদানির চাহিদা সীমিত রাখা। আনুষ্ঠানিক চ্যানেলে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এখানে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করতে পারে।

তবে বর্তমান সংকট সামাল দেওয়া মূল চ্যালেঞ্জের কেবল একটি অংশ। বাংলাদেশকে তার কাঠামোগত দুর্বলতাও কমাতে হবে। আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তাই জ্বালানি উৎসতে বৈচিত্র্য আনা, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধি ধীরে ধীরে এই নির্ভরতা কমানোর পথ তৈরি করতে পারে। বর্তমান সংঘাত এক সময় হয়তো স্থিতিশীল হবে। কিন্তু বাংলাদেশের মতো দেশের জন্য এর রেখে যাওয়া প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তাই বাংলাদেশের চ্যালেঞ্জ এখন শুধু এই সংকট থেকে পুনরুদ্ধারের ওপরেই নয়, ভবিষ্যতের সংকট মোকাবিলা করতে সে কতটা নিজেকে অর্থনৈতিকভাবে সহনশীল করে গড়ে তুলতে পারে তার ওপরেও নির্ভরশীল।

শেখ আফনান বিরাহীম: লেখক ও বিশ্লেষক