রমজান সামনে এলেই আমাদের বাজারে এক ধরনের অস্বস্তিকর পুরানো অভ্যাস ফিরে আসে। নিত্যপণ্যের দামে চাপ, ভোক্তার দুশ্চিন্তা, আর অসাধুদের অতিরিক্ত মুনাফার সুযোগ। ২০২৬ সালে সেই সময়টা আরও সংবেদনশীল, কারণ রমজান শুরু হওয়ার সম্ভাব্য সময় খুব কাছেই। কিছু পূর্বাভাসে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রোজা শুরুর কথা বলা হয়েছে। বাজারে সামান্য ঢেউ উঠলেই নিম্ন ও সীমিত আয়ের মানুষ প্রথম ধাক্কাটা খায়, কারণ তাদের মাসিক আয় স্থির, কিন্তু প্রতিদিনের বাজারদর স্থির নয়।\r\nএ চাপের পেছনে বড় বাস্তবতা হলো সামগ্রিক মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারিতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি ৮.৫৮% এবং খাদ্য মূল্যস্ফীতি ৮.২৯%।

অর্থাৎ যাদের আয়ের বড় অংশ খাবারেই খরচ হয়, তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিকভাবেই আরও কঠিন। ফলে বাজারে যদি সিন্ডিকেট, মজুতদারি, এবং কৃত্রিম সংকট কাজ করে, তাহলে তা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ন্যায্যতারও প্রশ্ন হয়ে দাঁড়ায়।\r\nবর্তমান বাজারচিত্র বোঝার জন্য সরকারি তথ্যও আছে। কৃষি বিপণন অধিদপ্তরের অনলাইন দৈনিক বাজারদরে দেখা যাচ্ছে মিনিকেট বা নাজিরশাইল চালের দাম (প্রায়) ৭৫-৭৭ টাকা, আটাশ ৫৬-৫৮ টাকা, বিআর২৮ ৫৯-৬১ টাকা; পেঁয়াজ ৬০-৬৪ টাকা; সয়াবিন তেল ১৬৩-১৬৫ টাকা; চিনি ১৩২-১৩৫ টাকা; ছোলা ৮৫-৯০ টাকা; মসুর ডাল ৯৫-৯৮ টাকা। এভাবে একাধিক নিত্যপণ্যের দাম তুলনামূলক উঁচু স্তরেই আছে। মসলা ও রান্নাঘরের কাঁচামালও চাপ সৃষ্টি করছে, যেমন- রসুন ২৩০-২৫০ টাকা, কাঁচামরিচ ১১০-১২৫ টাকা, আদা ২০০-২২০ টাকা।

এসব দাম রমজানের রান্নায় সরাসরি প্রভাব ফেলে। \r\nপোলট্রি-ডিমের বাজারও মানুষের খাদ্যব্যয়ে বড় ভূমিকা রাখে। কিছু বাজারভিত্তিক প্রতিবেদনে দেখা গেছে, পোলট্রি মুরগির দাম কেজিতে প্রায় ১৭০ টাকা এবং ডিম ডজনে প্রায় ১২০ টাকার আশপাশে ঘোরাফেরা করেছে। যদিও ডিমের দাম এখন কমছে। যা সাধারণ মানুষের প্রোটিন গ্রহণের সক্ষমতাকে চাপে ফেলে। অনেকে বলবেন রমজানে চাহিদা বাড়ে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো, চাহিদা বাড়ার আগেই দাম কেন লাফায়? সরবরাহ সংকট না থাকলেও কেন বাজার অস্থির হয়?\r\nসরকার ও নীতিনির্ধারকেরা অবশ্য বসে নেই। বিভিন্ন উদ্যোগের খবরও আছে। রমজানকে সামনে রেখে আমদানির প্রস্তুতি বাড়ানোর তথ্য এসেছে কেন্দ্রীয় ব্যাংকের ডেটার ভিত্তিতে।

সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটরডাল, খেজুর এই ছয়টি পণ্যের আমদানির এলসি আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেমন- খেজুর ২৩১%, মটরডাল ২৯৪%, মসুর ডাল ৮৭%, সয়াবিন তেল ৩৬% ইত্যাদি। আমদানির এ গতি ভালো খবর। কিন্তু শুধু আমদানি বাড়লেই কি খুচরা বাজারে ন্যায্য দাম নিশ্চিত হয়? অভিজ্ঞতা বলে-না, যদি বাজার মনিটরিং বা তদারকি দুর্বল থাকে।\r\nএখানে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে। রমজান সামনে রেখে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটরডাল, মসলা ও খেজুর এই ১০টি পণ্যের এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

অর্থাৎ নীতিগতভাবে আমদানিকারকের খরচ বা জটিলতা কমিয়ে সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটি ইতিবাচক। কিন্তু বাজারে যদি মধ্যস্বত্বভোগী ও অসাধু অংশ কারসাজি করে, তবে নীতিগত সুবিধার সুফল ভোক্তা পর্যন্ত পৌঁছায় না।\r\nখেজুরের বাজারে সরকারের রাজস্বনীতিগত সহায়তাও উল্লেখযোগ্য। জাতীয় রাজস্ব বোর্ড খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক ২৫% থেকে ১৫% করেছে এবং ফল আমদানিতে অগ্রিম আয়করও ১০% থেকে ৫% করা হয়েছে এ সুবিধা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বলবৎ। রমজানে ইফতারে খেজুরের চাহিদা বাড়ে সেখানে শুল্ক কমিয়ে বাজারকে স্বস্তি দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। তবে বাস্তবতা হলো বাজারে শুল্কছাড়ের সুবিধা কতটা পাস-থ্রু হয়ে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে। তা নিয়মিতভাবে যাচাই করা জরুরি।\r\nশুধু নীতি নয়। সরকার সরাসরি বাফার স্টক শক্তিশালী করার দিকেও গেছে।

বাসসের প্রতিবেদনে এসেছে, রমজান সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে। মসুর ডালের দাম নির্ধারিত হয়েছে প্রতি কেজি ৭০ টাকা ৯৬ পয়সা; আর সয়াবিন তেল কেনা হবে প্রতি লিটার প্রায় ১৮৫ টাকা ৯০-৯৫ পয়সা দরে এগুলো বাফার স্টক ও বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে। এমন উদ্যোগ সময়োপযোগী। তবে বিতরণ বা হস্তক্ষেপ কোথায়, কীভাবে, কোনো দামে এসব প্রশ্নের উত্তরও স্বচ্ছভাবে জনসমক্ষে থাকা দরকার।\r\nএখন আসল প্রশ্ন। এত উদ্যোগের পরও কেন বাজারে আস্থা তৈরি হয় না? কারণ মনিটরিং গ্যাপ এবং এনফোর্সমেন্টের অনিয়মিততা। অভিযান হয়, জরিমানা হয়। কিন্তু বাজারে দাম কমার দৃশ্যমান প্রভাব অনেক সময় আসে না।

ভেজাল, ওজনে কারচুপি, নকল পণ্য এসবের বিরুদ্ধে অভিযান আরও ধারাবাহিক হওয়া দরকার এবং অনিয়ম হলে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। উদাহরণ হিসেবে দেখা যায়, অক্টোবর-জানুয়ারি সময়ে বিএসটিআই ৪৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে; শত শত মামলা ও জরিমানার তথ্যও এসেছে। কিন্তু ভোক্তা হিসেবে আমরা জানতে চাই, এই অভিযান কি বাজার আচরণ বদলাতে পারছে? না পারলে কৌশল বদলাতে হবে। বড় বড় সিন্ডিকেটের গুদাম-স্টক, সরবরাহ চেইন, ইনভয়েসভিত্তিক ট্রেসিং এসব জায়গায় হাত দিতে হবে।\r\nরমজানের আগে বাজার নিয়ন্ত্রণে তাই কয়েকটি কাজ অবিলম্বে জরুরি। প্রথমত, বাজার মনিটরিংকে রুটিন অভিযান থেকে ডেটা-ড্রিভেন এনফোর্সমেন্টে নিতে হবে।

কোন বাজারে কোনো পণ্যের দাম অস্বাভাবিক বাড়ছে, তা সরকারি ড্যাশবোর্ডে প্রতিদিন আপডেট হলে (জেলা-উপজেলা পর্যায়ে), প্রশাসনও দ্রুত পদক্ষেপ নিতে পারবে, ভোক্তাও বুঝবে কোথায় কেনার চাপ কম। দ্বিতীয়ত, গুদাম-স্টক ডিক্লেয়ারেশন বাধ্যতামূলক করতে হবে। বিশেষ করে ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ, খেজুর, মসলা রমজানের উচ্চ চাহিদাসম্পন্ন পণ্যে। মজুতদারি প্রমাণ হলে শাস্তি যেন উদাহরণযোগ্য হয়। তৃতীয়ত, খুচরা পর্যায়ে মূল্যতালিকা প্রদর্শন, ডিজিটাল ওজনযন্ত্র, রসিদ প্রদান এসবের কঠোর প্রয়োগ দরকার। ছোট অপরাধকে ছাড় দিলে বড় অপরাধ বাড়ে। তাই কোনো অপরাধকে হালকা করে দেখার সুযোগ নেই। \r\nএকই সঙ্গে ভোক্তার ক্ষমতায়নও জরুরি। অধিকাংশ ভোক্তা এখনো নিজের অধিকার ও অভিযোগ প্রক্রিয়া জানেন না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১। এটি আরও প্রচার করতে হবে, বাজারে পোস্টার-লিফলেট-এসএমএস ক্যাম্পেইন করতে হবে, যাতে মানুষ অনিয়ম দেখলে দ্রুত অভিযোগ করতে পারে। বাজারে ভোক্তা নীরব। এ সুযোগেই অসাধু ব্যবসায়ীরা শক্তিশালী হয় এবং সিন্ডিকেট করে আমাদের ওপর অতিরিক্ত চাপ বাড়িয়ে দেয়। অভিযোগ করলে বিচার হবে এই আস্থা তৈরি করাও রাষ্ট্রের দায়িত্ব।\r\nসার্বিক অর্থে রমজান কোনো মুনাফা উৎসব নয়; এটি আত্মসংযম, সহমর্মিতা ও ন্যায্যতার শিক্ষা দেয়। সরকার নীতি সহায়তা দিচ্ছে যেমন-শুল্ক কমাচ্ছে, এলসি শর্ত শিথিল করছে, এবং বাফার স্টকে তেল-ডাল কিনছে। এখন দরকার বাজার তদারকির দৃঢ়তা, সিন্ডিকেট ভাঙার রাজনৈতিক সদিচ্ছা এবং ভোক্তার পাশে দাঁড়ানোর নৈতিকতা। বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু বাণিজ্য মন্ত্রণালয় বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একার নয়। বরং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ট্যারিফ কমিশন, বিএসটিআই এবং স্থানীয় সরকার সবাইকে সমন্বিতভাবে মাঠে থাকতে হবে। নইলে প্রতি রমজানে দাম বাড়ে, এই অনাকাক্সিক্ষত সংস্কৃতি বদলাবে না।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, \r\nহিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, \r\nজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়