মার্কিন বোমার আঘাতে ভেনেজুয়েলার আকাশ যখন জ্বল জ্বল করছিল, তখন আমরা পতনশীল সাম্রাজ্যের বেদনাদায়ক লক্ষণ দেখছিলাম। এটি হয়তো আমাদের প্রত্যাশা ছিল না। সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্র একজন বিদেশি নেতাকে অপহরণ করেছে। আর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি ভেনেজুয়েলাকে ‘চালিয়ে’ নেবেন। অবশ্যই এক পরাশক্তির নিজস্ব বলয়ে এই বেপরোয়া কাণ্ড ঘটছে।
ট্রাম্পের সবচেয়ে বড় গুণ কী? অকপটতা। পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা ‘গণতন্ত্র’ ও ‘মানবাধিকার’-এর কথা বলে নগ্ন স্বার্থপরতা ঢেকে রেখেছিলেন। ট্রাম্প তাদের পোশাক বদলালেন। ২০২৩ সালে তিনি গর্ব করে বলেছিলেন, ‘আমি দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় ভেনেজুয়েলা ভেঙে পড়ার জন্য প্রস্তুত ছিল। আমরা এটি দখল করতে পারতাম; সমস্ত তেল আমাদের হতো; সংযুক্ত জায়গাগুলো আমাদের হাতছাড়া হয়ে গেল।’ এটি কোনো অযৌক্তিক মন্তব্য ছিল না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে তেল দখলের যুক্তির পাশাপাশি আরও অনেক কিছু স্পষ্টভাবে উঠে এসেছে।
নথিতে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে এমন একটি বিষয় স্বীকার করা হয়েছে। যেমন মার্কিন বৈশ্বিক আধিপত্য শেষ হয়ে গেছে। ‘স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন পররাষ্ট্রনীতির অভিজাত মহল নিজেরাই নিশ্চিত করেছিল, সমগ্র বিশ্বের ওপর স্থায়ী আমেরিকান আধিপত্য আমাদের দেশের সর্বোত্তম স্বার্থে চালিত হবে।’ এটি খানিক গোপন ও চতুরতার সঙ্গে ঘোষণা করা হয়। ‘অ্যাটলাসের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সমগ্র বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণ করার দিন শেষ।’
এর স্থলাভিষিক্ত হচ্ছে সাম্রাজ্যের বিপরীতে সাম্রাজ্য, প্রত্যেকেই তাদের নিজস্ব বলয় প্রয়োগ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সেই বলয় হলো আমেরিকার দেশগুলো। ‘বছরের পর বছর এড়িয়ে যাওয়ার পর’ এই কৌশলপত্রে বলা হয়, ‘পশ্চিম গোলার্ধে আমেরিকার প্রাধান্য পুনরুদ্ধার করার জন্য যুক্তরাষ্ট্র মনরো মতবাদকে পুনর্গঠন ও প্রয়োগে হাত দেবে।’ মতবাদটি গড়ে উঠেছিল উনিশ শতকের গোড়ার দিকে। উদ্দেশ্য ছিল ইউরোপীয় উপনিবেশবাদ ঠেকানো। বাস্তবে এটি লাতিন আমেরিকার দেশগুলোর ওপর মার্কিন আধিপত্যের পাটাতন তৈরি করেছিল।
ওয়াশিংটনের মদদে লাতিন আমেরিকায় সহিংসতা নতুন ঘটনা নয়। আমার বাবা-মা চিলির ডানপন্থি একনায়কতন্ত্র থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন। সিআইএ-সমর্থিত অভ্যুত্থানে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে উৎখাতের পর চিলিতে ডানপন্থি একনায়কতন্ত্রের ভিত্তি গড়ে ওঠে। এ পরিস্থিতি থেকে পালিয়ে আসা শরণার্থীরাই এই আশ্রয় নিয়েছিলেন। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ঘোষণা করেছিলেন– ‘আমি বুঝতে পারছি না কেন একটি দেশকে তার জনগণের দায়িত্বহীনতার কারণে কমিউনিস্ট হতে দেখার জন্য পাশে দাঁড়াতে হবে।’ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া, সেই সঙ্গে মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ানজুড়ে হত্যাপ্রবণ শাসনের ভিত্তি তৈরিতে একই ধরনের মার্কিন সমর্থন ছিল।
কিন্তু গত তিন দশকে সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নেতৃত্বে প্রগতিশীল সরকারগুলোর তথাকথিত ‘গোলাপি জোয়ার’ বৃহত্তর আঞ্চলিক স্বাধীনতা দাবির চেষ্টা করেছিল। আরও গুরুত্বপূর্ণ, প্রধান মার্কিন প্রতিদ্বন্দ্বী হিসেবে মহাদেশজুড়ে চীনের ক্ষমতা বেড়েছে। চীন ও লাতিন আমেরিকার মধ্যে দ্বিমুখী পণ্য বাণিজ্য ১৯৯০ সালের তুলনায় ২০২৩ সালে ২৫৯ গুণ ছিল। চীন এখন মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যার অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের পরে। স্নায়ুযুদ্ধ শেষে এর অবস্থান প্রথম সারির দশের মধ্যেও ছিল না। ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের আক্রমণ এসব কিছু উল্টে দেওয়ার চেষ্টার সূচনা পদক্ষেপ মাত্র।
তিনি কলম্বিয়া ও মেক্সিকোর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টদের যেসব হুমকি দেন, সেগুলো বাস্তব। যখন তিনি কিছুটা গোপনীয়তার সঙ্গে উৎসুক হয়ে ঘোষণা করেন, ‘কিউবা পতনের জন্য প্রস্তুত’, তখন তাঁকে বিশ্বাস করুন। আর যখন তিনি বলেন, ‘আমাদের অবশ্যই গ্রিনল্যান্ডের প্রয়োজন,’ তখন তাতেও বিশ্বাস রাখুন। তিনি সত্যিই ২০ লাখ বর্গকিলোমিটারের বেশি ইউরোপীয় ভূখণ্ড দখল করতে চান। স্পষ্টত, ডেনমার্কের ভূমি রাশিয়ার ইউক্রেন গ্রাস করার মতোই কেড়ে নেওয়া হবে। পশ্চিমা জোটের অবসান ঘটবেই।
ওয়েন জোন্স: গার্ডিয়ানের কলাম লেখক; দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
