উত্তরাঞ্চলের জীবন ও অর্থনীতির সঙ্গে তিস্তাকে ঘিরে মানুষের সম্পর্ক গভীর। কিন্তু গত কয়েক বছরে নদীর পানিপ্রবাহ কমে যাওয়া, অনিয়মিত বন্যা ও দীর্ঘ খরা এ অঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশকে হুমকির মুখে ফেলেছে। এ পরিস্থিতিতে সরকার ঘোষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আগের সরকার ৩ আগস্ট ২০২৩ তারিখে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের ঘোষণা দিলেও এখনো এর বাস্তবায়নের কোন আশার মুখ দেখছে না তিস্তা পাড়ের মানুষ। যদিও সৈয়দা রিজওয়ানা হাসান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ২০২৫ সালের ১৫ জুলাই জানিয়েছেন যে, তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সালে। এই প্রকল্পের মাধ্যমে নদীর নাব্য বৃদ্ধি, তীররক্ষা, সেচব্যবস্থা উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি উৎপাদন বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি রংপুর অঞ্চলকে কেন্দ্র করে নতুন কৃষি-অর্থনীতি, মৎসসম্পদ এবং পর্যটনের সম্ভাবনাও উন্মোচিত হবে। তিস্তাকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন এবং প্রকল্পের দ্রুত অর্থায়ন প্রয়োজন। উত্তরবঙ্গের মানুষকে বাঁচাতে এবং খাদ্যনিরাপত্তা শক্তিশালী করতে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই।