শিক্ষাঙ্গনে যাওয়ার পথ আজ নারী শিক্ষার্থীদের জন্য আতঙ্কের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। পথেঘাটে প্রতিনিয়ত বখাটেদের বিকৃত মানসিকতার শিকার হতে হচ্ছে তাদের। শারীরিক ও মানসিক জঘন্য হেনস্তা কেবল তাদের পথকেই অবরুদ্ধ করছে না, বরং ভবিষ্যৎ গড়ার স্বপ্নকেও গলা টিপে হত্যা করছে।
পৈশাচিকতার মাত্রা এখানেই থেমে থাকছে না। বখাটেরা হেনস্তার দৃশ্য নির্লজ্জভাবে ভিডিও করে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রযুক্তির চরম অপব্যবহার একজন শিক্ষার্থীর আত্মসম্মানবোধকে পুরোপুরি চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে।
সামাজিক লজ্জার ভয়ে অনেক মেয়েই নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে, যা কোনোভাবেই সভ্য সমাজের প্রতিচ্ছবি হতে পারে না।
এমন ভয়াবহ ব্যাধি থেকে সমাজকে বাঁচাতে এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নারী শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বখাটেদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এখন সময়ের সবচেয়ে জোরালো দাবি।
-আমানুর রহমান
শিক্ষার্থী, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা।
