চরম ভোগান্তির দুষ্টচক্রে আটকে আছে রাজধানীর সরকারি সাত কলেজের দেড় লাখ শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানগুলো দেশের একটি বড় অংশের উচ্চশিক্ষা বহন করে। অথচ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সেশনজটে হাবুডুবু খাচ্ছেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তাদের অনিশ্চয়তার দোলাচল দৃশ্যমান। সরকারের সিদ্ধান্তহীনতায়, প্রশাসনিক জটিলতায় তাদের শিক্ষা জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা।

আমরা মনে করি, তাদের শিক্ষাজীবন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে শিক্ষা মন্ত্রণালয়ের অদক্ষতা প্রকাশের সুযোগ নেই। ২০১৭ সালে যথাযথ প্রস্তুতি ছাড়াই রাজধানীর প্রাচীন সাতটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। দেশের শিক্ষা বিশেষজ্ঞগণ মনে করছেন, সিদ্ধান্তটি ছিল রাজনৈতিক প্রভাবিত। এ নিয়ে বিতর্ক থাকতেই পারে; কিন্তু প্রস্তুতির অভাব যে সেশনজটের বীজ বপন করেছিল, তা সুস্পষ্ট। উৎকণ্ঠার বিষয় হলো, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যখন দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শেষের পথে, তখনো সাত কলেজে স্মাতক ১ম বর্ষের ভর্তি প্রক্রিয়াই শেষ হয়নি। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ একের পর এক পরিবর্তন হচ্ছে। অথচ শিক্ষার্থীরা তাকিয়ে আছেন সুনির্দিষ্ট সময়সূচির দিকে। একই শিক্ষাবর্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যখন এক সেমিস্টার প্রায় শেষ করেছে, তখন সাত কলেজের শিক্ষার্থীরা এখনো শ্রেণিকক্ষের মুখ দেখেননি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি, এমন পরিস্থিতি শিক্ষার্থীদের ট্রমাটাইজ করবে। এই জটের মূল ভিত্তি প্রশাসনিক অদক্ষতা ও সুস্পষ্ট নীতিমালার অভাব। চলতি বছর শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে আবার ঢাকা বিশ্ববিদ্যালেেয় অধিভুক্তি বাতিল করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। যার নাম হবে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। অনলাইনÑ অফলাইন মিশ্রণের ‘হাইব্রিড মডেলের বিশ্ববিদ্যালয়’। অন্যদিকে, কলেজগুলোর বিষয় বিন্যাসে পরিবর্তন, চারটি স্কুলে একীভূতকরণের মতো প্রস্তাবগুলো শিক্ষক সমাজের মাঝে আপত্তি তৈরি করেছে। যদিও প্রস্তাবনায় অনেক নতুন নতুন বিষয় সন্নিবেশ করা হয়েছে, যা যুগের চাহিদা নিবারণ ও দক্ষ জনশক্তি উৎপাদনে অনন্য ভূমিকা রাখবে।

আমরা জানি, রাজধানী ঢাকার এই সাতটি কলেজ দেশের প্রচীন কলেজগুলোর অন্যতম। পাঁচটি কলেজে উচ্চমাধ্যমিক শাখা থাকায় শিক্ষার্থী ও অভিভাবকরাও উদ্বিগ্ন। ফলে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই কাঠামো নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। এমন বাস্তবতায় শিক্ষকরা প্রথম বর্ষে ক্লাস নিতে অনিচ্ছুক। তাদের বক্তব্য, আইনগত কাঠামো চূড়ান্ত না হলে পাঠদান সম্ভব নয়। এতে সেশনজট আরও গভীর হবে। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সাত কলেজে চলমান অস্থিরতা কেবল প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতা নয়, বরং দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সামগ্রিক দুর্বলতার প্রতিচ্ছবি। নীতিনির্ধারকদের জরুরিভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সেশনজটের এই ধ্বংসাত্মক চক্র দীর্ঘমেয়াদে শিক্ষার মান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ উভয়ই বিপন্ন করবে।